হরমুজে তেলবাহী ট্যাংকারে হামলা, ইরাকের গ্যাসক্ষেত্রেও ড্রোন আতঙ্ক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ০২:৩৮ পিএম
হরমুজ প্রণালিতে একাধিক তেলবাহী ট্যাংকারে হামলার ঘটনা ঘটেছে। ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নৌপথ হরমুজ প্রণালিতে একাধিক তেলবাহী ট্যাংকারে হামলা ও মাইন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। একই সময়ে ইরাকের উত্তরাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ গ্যাসক্ষেত্রের ওপর দিয়ে ড্রোন উড়ে যাওয়ায় সতর্কসংকেত বাজানো হয়েছে।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাত বন্ধে কূটনৈতিক তৎপরতা চললেও উত্তেজনা কমছে না। এর মধ্যেই নতুন এসব ঘটনায় পুরো অঞ্চলের জ্বালানি সরবরাহব্যবস্থার নিরাপত্তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নৌবাহিনী দাবি করেছে, হরমুজ প্রণালির দক্ষিণ অংশ দিয়ে চলাচলের সময় দুটি তেলবাহী ট্যাংকার সমুদ্রের মাইনে আঘাতপ্রাপ্ত হয়ে আগুন ধরে যায়। তেহরানের দাবি, জাহাজ দুটি এমন একটি পথ ব্যবহার করছিল, যেটিকে ইরান অনুমোদনহীন বলে মনে করে।
এদিকে ইরানের নৌবাহিনী জানিয়েছে, প্রণালির পূর্ব দিকে নিষিদ্ধ জলসীমায় একটি মাইনে আঘাত লেগে আরও একটি তেলবাহী ট্যাংকারে আগুন ধরে যায়। এতে জাহাজটি চলাচলের অযোগ্য হয়ে পড়ে।
তবে ইরানের এসব দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। দেশটির কর্তৃপক্ষ জাহাজগুলোর নাম বা পরিচয়ও প্রকাশ করেনি।
অন্যদিকে, যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য পর্যবেক্ষণ সংস্থা ইউকে মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) সোমবার হরমুজ প্রণালিতে দুটি ট্যাংকারে হামলার খবর জানিয়েছে।
সর্বশেষ ঘটনায় ওমানের খাসাব উপকূল থেকে প্রায় ৭ নটিক্যাল মাইল বা ১৩ কিলোমিটার উত্তরে একটি ট্যাংকার হামলার শিকার হয়। এতে জাহাজটির ইঞ্জিনকক্ষ অচল হয়ে পড়ে এবং সেখানে আগুন লাগে।
এর আগে সংস্থাটি জানিয়েছিল, প্রণালি থেকে বের হওয়ার পথে আরেকটি ট্যাংকারে অজ্ঞাত কোনো বস্তু আঘাত হানে। এতে জাহাজটির ইঞ্জিনকক্ষে আগুন ধরে যায়। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ইউকেএমটিওর জানানো হামলা দুটি ইরানের দাবি করা মাইন বিস্ফোরণের ঘটনার সঙ্গে সম্পর্কিত কি না, তা এখনো স্পষ্ট নয়।
ইরাকের গ্যাসক্ষেত্রে ড্রোন আতঙ্ক
হরমুজ প্রণালিতে জ্বালানি পরিবহণে নিরাপত্তাঝুঁকির মধ্যেই ইরাকের একটি গুরুত্বপূর্ণ গ্যাসক্ষেত্রের ওপর দিয়ে ড্রোন উড়ে যাওয়ার ঘটনায় সতর্কতা জারি করা হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সোমবার ইরাকের আধা-স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলের খোর মোর গ্যাসক্ষেত্রের ওপর দিয়ে একটি ড্রোন উড়ে যায়। এ সময় সতর্কতামূলক সাইরেন বাজানো হয়। নিরাপত্তা-সংশ্লিষ্ট দুটি সূত্রের বরাত দিয়ে এ খবর জানিয়েছে রয়টার্স।
তবে সর্বশেষ ঘটনায় কোনো হামলা বা ক্ষয়ক্ষতির খবর তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
এর আগে গত সপ্তাহে সন্দেহভাজন ড্রোন হামলার পর খোর মোর গ্যাসক্ষেত্রের উৎপাদন বন্ধ করে দেওয়া হয়। ওই হামলায় আগুন ধরে যায় এবং বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হয়।
গ্যাসক্ষেত্রটির অন্যতম পরিচালনাকারী সংযুক্ত আরব আমিরাতভিত্তিক প্রতিষ্ঠান ডানা গ্যাস জানিয়েছে, ওই ঘটনার কারণে ২ দশমিক ৮ গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হয়েছিল।
মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনা ও সমুদ্রপথে একের পর এক হামলার ঘটনায় আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ এবং বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিয়ে উদ্বেগ আরও বাড়ছে।


