ভারতের ‘হারিয়ে যাওয়া’ সেই রাফাল নিয়ে নতুন তথ্য
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ০৯:৪২ এএম
ভারতের চারটি রাফাল নিয়ে কথা উঠেছিল। সংগৃহীত ছবি
|
ফলো করুন |
|
|---|---|
ভারতের বিমানবাহিনীর কেনা ৩৬টি রাফাল যুদ্ধবিমানের মধ্যে ৩২টি সচল রয়েছে। বাকি চারটি উড়োজাহাজ অচল হিসেবে তালিকাভুক্ত হয়েছে। ব্রিটিশ বিমানবিষয়ক প্রকাশনা ফ্লাইটগ্লোবালের ‘ওয়ার্ল্ড এয়ার ফোর্সেস ডিরেক্টরি ২০২৭’-এ এ তথ্য উঠে এসেছে।
২০২৫ সালের নভেম্বরে প্রকাশিত ডিরেক্টরির আগের সংস্করণে ভারতের বহরে ৩৫টি রাফাল সচল দেখানো হয়েছিল। নতুন তালিকায় সেই সংখ্যা কমে ৩২ হয়েছে। অর্থাৎ এক বছরের ব্যবধানে সচল রাফালের সংখ্যা তিনটি কমেছে।
একই ডিরেক্টরিতে পাকিস্তানের বিমানবাহিনীর সাব ২০০০ এরিয়াই (Saab 2000 Erieye) আগাম সতর্কতামূলক উড়োজাহাজের সংখ্যাও কমানো হয়েছে। আগের তালিকায় নয়টি থাকলেও নতুন সংস্করণে দেখানো হয়েছে সাতটি। ২০২৫ সালের মে মাসে ভারত-পাকিস্তান সংঘাতের আগে এই সংখ্যা নয়টি ছিল বলে জানিয়েছে দ্য ওয়্যার ও দ্য হিন্দু।
ফ্লাইটগ্লোবালের প্রকাশিত তথ্য নিয়ে এখনো কোনো মন্তব্য করেনি ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়। তবে দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়েছে, মন্ত্রণালয়ের কয়েকজন কর্মকর্তা তথ্যটির সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তাদের দাবি, এ বিষয়ে মন্ত্রণালয় কোনো তথ্য সরবরাহ করেনি।
যুক্তরাজ্যভিত্তিক উড়োজাহাজবিষয়ক তথ্য ও বহর পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান সিরিয়ামের সংকলিত তথ্যের ভিত্তিতে এই তালিকা তৈরি করা হয়েছে। প্রতিষ্ঠানটি উড়োজাহাজের নিবন্ধন নম্বর, জনসমক্ষে পাওয়া ছবি, ফ্লাইট ট্র্যাকিং এবং উন্মুক্ত তথ্য বিশ্লেষণ করে বহরের অবস্থা নির্ধারণ করে।
দ্য ওয়্যারের প্রতিবেদন অনুযায়ী, কোনো উড়োজাহাজ দীর্ঘমেয়াদি রক্ষণাবেক্ষণ, কাঠামোগত মেরামত বা আধুনিকায়নের কাজে থাকলে এবং টানা ১২ মাস সেটির ওড়ার নিশ্চিত তথ্য না পাওয়া গেলে সেটিকে সচল তালিকা থেকে বাদ দিতে পারে সিরিয়াম। ফলে কোনো বিমানকে অচল হিসেবে দেখানোর অর্থ এই নয় যে সেটি যুদ্ধে ধ্বংস হয়েছে।
ডিরেক্টরির অন্যান্য তথ্য নিয়েও প্রশ্ন উঠেছে। ১০ নভেম্বর প্রকাশিত সংস্করণে ভারতের বিমানবাহিনীর সচল এসইউ-৩০ এমকেআই যুদ্ধবিমানের সংখ্যা ২৬৩টি দেখানো হয়েছে। অথচ বিভিন্ন প্রতিবেদনে এই বহরের সংখ্যা ২৫৮ থেকে ২৬০টির মধ্যে বলা হয়েছে।
অপারেশন সিঁদুরের সময় ভারতের বিমানবাহিনীর উপপ্রধানের দায়িত্বে থাকা অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল নর্মদেশ্বর তিওয়ারি ডিরেক্টরির দাবিকে ‘সম্পূর্ণ মিথ্যা’ বলে মন্তব্য করেছেন।
গত বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি প্রকাশনাটিকে তথ্যের উৎস পুনরায় যাচাই করার আহ্বান জানান। তার দাবি, যেসব যুদ্ধবিমানের নিবন্ধন নম্বরকে অচল বলা হয়েছে, সেগুলোর কয়েকটি পরবর্তী সময়ে বিভিন্ন আন্তর্জাতিক মহড়ায় অংশ নিয়েছে।
২০২৫ সালের ৭ মে ভারত পাকিস্তান ও পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরে ‘অপারেশন সিঁদুর’ নামে সামরিক হামলা চালায়। ভারতের দাবি, হামলার লক্ষ্য ছিল সন্ত্রাসী ঘাঁটি। এর আগে এপ্রিলে পেহেলগামে এক সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হন। ১০ মে দুই দেশ গোলাগুলি বন্ধে সমঝোতায় পৌঁছায়।

