হায়দরাবাদে ২৬/১১-এর আদলে বড় হামলার হুমকি, সর্বোচ্চ সতর্কতা জারি
কলকাতা প্রতিনিধি
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ১২:৪০ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
ভারতের হায়দরাবাদ শহরে ২৬/১১ মুম্বাই হামলার ধাঁচে বড় ধরনের নাশকতা চালানোর হুমকি দিয়ে একটি ইমেইল পাঠানো হয়েছে। নিষিদ্ধ জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবার নাম ব্যবহার করে পাঠানো ওই বার্তায় অন্তত ৩০০ জনকে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
এই ঘটনার পর পুরো শহরজুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী।
পুলিশের তথ্য অনুযায়ী, রোববার (২২ নভেম্বর) পাঠানো ওই ইমেইলে হায়দরাবাদের কাচিগুড়া এলাকার দুটি গুরুত্বপূর্ণ স্থান—হোটেল টুরিস্ট প্লাজা এবং কাচিগুড়া রেলস্টেশনে বোমা বিস্ফোরণ ঘটানোর কথা উল্লেখ করা হয়েছে। বার্তা প্রেরক নিজেকে লস্কর-ই-তৈবার সদস্য হিসেবে দাবি করেছেন এবং ২০০৮ সালের ২৬ নভেম্বর মুম্বাইয়ে সংঘটিত সমন্বিত হামলার মতোই বড় পরিসরে নাশকতা চালানোর পরিকল্পনার কথা জানিয়েছেন।
ইমেইলে আরও দাবি করা হয়েছে যে, গত ১৮ নভেম্বর জম্মু ও কাশ্মীরের কুলগামের জঙ্গলপোরা এলাকায় নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত দক্ষিণ কাশ্মীরের লস্কর জঙ্গি লতিফ ভাট এবং তার সহযোগীদের মৃত্যুর প্রতিশোধ নিতেই এই হামলার ছক কষা হয়েছে।
তবে ইমেইলে করা এসব দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করার কোনো তথ্য এখনো পাওয়া যায়নি।
হুমকির বিষয়টি প্রকাশ্যে আসার পরপরই হায়দরাবাদ পুলিশ বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে। হায়দরাবাদ পুলিশের বিশেষ শাখার যুগ্ম কমিশনারের পক্ষ থেকে উচ্চপদস্থ কর্মকর্তাদের কাছে সতর্কবার্তা পাঠানো হয়েছে এবং শহরের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে।
কাচিগুড়া রেলস্টেশন ও হোটেল টুরিস্ট প্লাজাসহ শহরের সব জনবহুল এলাকা, হোটেল, রেলস্টেশন, বাস টার্মিনাল, ধর্মীয় স্থাপনা এবং গুরুত্বপূর্ণ সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে বাড়তি নিরাপত্তা ও নজরদারি বসানো হয়েছে। পাশাপাশি. শহরজুড়ে পুলিশি টহল বাড়ানো হয়েছে এবং সম্ভাব্য নাশকতা ঠেকাতে বিভিন্ন স্থানে তল্লাশি অভিযান চালানো হচ্ছে।
পুলিশ কর্মকর্তাদের সন্দেহজনক ব্যক্তি, যানবাহন ও পরিত্যক্ত বস্তুর গতিবিধির ওপর বিশেষ নজর রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় অন্যান্য নিরাপত্তা সংস্থার সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয় করে কাজ করছে সেখানকার আইনশৃঙ্খলা বাহিনী।
উল্লেখ্য, ২০০৮ সালের ২৬ নভেম্বর পাকিস্তানভিত্তিক জঙ্গিদের চালানো সমন্বিত হামলায় ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতি হয়েছিল। সেই ভয়াবহ স্মৃতি ফিরিয়ে এনে এবার হায়দরাবাদে হামলার হুমকি দেওয়ায় স্থানীয় বাসিন্দা ও সংশ্লিষ্ট মহলে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

