কোল্ড কফি, সিগারেট আর খাবারের অর্ডারের আড়ালে সাইবার প্রতারণা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ১১:৩৬ এএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
ভারতের উত্তরপ্রদেশের নয়ডায় একটি বহুতল ভবনে চলছিল আন্তর্জাতিক সাইবার প্রতারণার কার্যক্রম। বাইরে থেকে দেখে বোঝার উপায় ছিল না সেখানে কোনো অপরাধ সংঘটিত হচ্ছে। কর্মীদের নিয়মিত বাইরে গিয়ে কোল্ড কফি পান, সিগারেট খাওয়া কিংবা খাবার কেনার দৃশ্য দেখে স্থানীয়দের সন্দেহও হয়নি।
সম্প্রতি নয়ডার সেক্টর ১৩৬-এর একটি ভবনের অষ্টম তলায় অভিযান চালিয়ে এই চক্রের সন্ধান পায় দিল্লি পুলিশ। অভিযানে ৯২ জন ইন্দোনেশীয় ও ৭২ জন মালয়েশীয় নাগরিককে উদ্ধার করা হয়।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, ১৮ তলাবিশিষ্ট ভবনটির নাম ছিল সভরেন করপোরেট টাওয়ার। সেখানে এসকেভি নামে একটি ভুয়া প্রতিষ্ঠানের আড়ালে প্রায় আড়াই মাস ধরে প্রতারণার কার্যক্রম চলছিল।
ভবনের নিরাপত্তাকর্মীরা জানান, প্রতিষ্ঠানটির বিদেশি কর্মীরা নিয়মিত খাবারের অর্ডার দিতেন। সুইগি ও জোম্যাটো থেকে খাবার আনিয়ে তা সংগ্রহ করার জন্য নিরাপত্তাকর্মীদেরও প্রায়ই অনুরোধ করতেন। ভবনের বাইরের একটি চায়ের দোকানের মালিক জানান, বিদেশি নাগরিকেরা নিয়মিত তার দোকানে এসে সিগারেট ও কোল্ড কফি কিনতেন।
ভবনের অন্যান্য প্রতিষ্ঠানের কর্মীরাও তাদের স্বাভাবিক অফিসকর্মী হিসেবেই দেখতেন। তাদের চলাফেরা ও আশপাশের মানুষের সঙ্গে আচরণে অস্বাভাবিক কিছু চোখে পড়েনি।
পুলিশের তথ্য অনুযায়ী, প্রায় তিন থেকে চার মাস আগে ছয় মাস মেয়াদি ব্যবসায়িক ভিসা নিয়ে ওই বিদেশি নাগরিকেরা ভারতে আসেন। তাঁদের থাকার ব্যবস্থা করা হয়েছিল সেক্টর ১২৮-এর শাহপুর গ্রামের একটি আবাসনে। প্রায় ৪০টি গাড়ির মাধ্যমে প্রতিদিন তাঁদের কর্মস্থলে আনা-নেওয়া করা হতো।
তবে পুলিশের তদন্তে উঠে এসেছে, বাইরে থেকে স্বাভাবিক মনে হলেও ভেতরে চলছিল কঠোর নিয়ন্ত্রণ। বিদেশি কর্মীদের প্রতিদিন ১৫ ঘণ্টা করে কাজ করতে বাধ্য করা হতো। আর্থিক লক্ষ্যমাত্রা পূরণের চাপ দেওয়া হতো এবং তাদের মুঠোফোন ব্যবহারের ওপরও বিধিনিষেধ ছিল।
পুলিশের অভিযোগ, মালয়েশীয় নাগরিক তান গুয়ান ওয়েইয়ের নেতৃত্বে চক্রটি ভুয়া ওয়েবসাইট, অনলাইন প্ল্যাটফর্ম ও অ্যান্ড্রয়েড অ্যাপের মাধ্যমে প্রতারণা চালাত। নারীদের নামে কাল্পনিক পরিচয় ও সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া হিসাব তৈরি করে অপরিচিত ব্যক্তিদের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতেন চক্রের সদস্যরা।
একপর্যায়ে তাদের বিশ্বাস অর্জন করে ভুয়া বিনিয়োগ ও শেয়ারবাজারের প্ল্যাটফর্মে অর্থ বিনিয়োগে উৎসাহিত করা হতো। এসব প্ল্যাটফর্মে বেশি মুনাফার প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়া ছিল চক্রটির মূল উদ্দেশ্য।
অভিযানস্থল থেকে ৩৫৫টি মুঠোফোন, ১৬৮টি ডেস্কটপ কম্পিউটার, ২৬টি ল্যাপটপ, ৫৩টি সিম কার্ড এবং ১৭৪টি পাসপোর্ট জব্দ করেছে পুলিশ।
পুলিশের ভাষ্য অনুযায়ী, এসব বিদেশি কর্মীকে মালয়েশিয়া ও কম্বোডিয়ায় প্রশিক্ষণ দেওয়ার পর ভারতে আনা হয়েছিল। তবে নয়ডা পুলিশের দাবি, উদ্ধার হওয়া বিদেশি নাগরিকদের কেউ নির্যাতন কিংবা জোর করে কাজ করানোর বিষয়ে আনুষ্ঠানিক অভিযোগ করেননি। তাদের কীভাবে নিয়োগ দেওয়া হয়েছিল এবং কীভাবে থাকার ব্যবস্থা করা হয়েছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে বিদেশি নাগরিকদের থাকার তথ্য কর্তৃপক্ষকে জানানোর বাধ্যতামূলক নথি ফরম-সি জমা না দেওয়ার অভিযোগে আবাসনের মালিক ভরম সিং চৌহান ও তার ছেলে দীপাংশুর বিরুদ্ধে মামলা হয়েছে। ২০২৫ সালের অভিবাসন ও বিদেশি নাগরিক আইন অনুযায়ী, সেক্টর ১২৬ থানায় তাঁদের বিরুদ্ধে মামলা নথিভুক্ত করা হয়েছে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
