সোভিয়েত আমলের পর সর্বোচ্চ সামরিক বাজেট রাশিয়ার
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ০১:৩৭ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সামরিক আগ্রাসন বন্ধের আহ্বান জানাচ্ছেন, ঠিক তখনই সামরিক খাতে সোভিয়েত ইউনিয়নের পতনের পর সর্বোচ্চ বাজেট অনুমোদন করেছে রাশিয়া। ২০২৭ থেকে ২০২৯ সাল পর্যন্ত তিন বছরের জন্য দেশটির নতুন বাজেটে প্রতিরক্ষা খাতে বরাদ্দ রাখা হয়েছে প্রায় ৬০৬ বিলিয়ন ডলার।
রাশিয়ার পার্লামেন্টে পাস হওয়া এই বাজেটকে ইউক্রেন যুদ্ধ অব্যাহত রাখার প্রস্তুতির ইঙ্গিত হিসেবে দেখছেন বিশ্লেষকেরা। আগের তিন বছরের বাজেটের তুলনায় নতুন বরাদ্দ প্রায় ১২১ বিলিয়ন ডলার বেশি।
২০২২ সালে ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত সামরিক খাতে প্রায় ৭১০ বিলিয়ন ডলার ব্যয় করেছে মস্কো। নতুন বাজেট অনুযায়ী, ২০২৭ সালের শেষ নাগাদ এই ব্যয়ের পরিমাণ দাঁড়াতে পারে প্রায় ৯১৮ বিলিয়ন ডলারে। ২০২৮ সালের শেষে তা ১ দশমিক ১ ট্রিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে। আর ২০২৯ সালের শেষ নাগাদ মোট ব্যয় ১ দশমিক ৩ ট্রিলিয়ন ডলারের বেশি হতে পারে।
সামরিক ব্যয়ের বাড়তি চাপ সামাল দিতে খনি কোম্পানিগুলোর ওপর অতিরিক্ত কর আরোপ এবং নাগরিকদের বিনিয়োগ থেকে রাজস্ব বাড়ানোর পরিকল্পনা নিয়েছে পুতিন সরকার।
অন্যদিকে, বিভিন্ন বেসামরিক খাতে ব্যয় কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আবাসন ও ইউটিলিটি খাতে বরাদ্দ ৮ শতাংশ কমবে। স্বাস্থ্যসেবা খাতে কমানো হবে ৩ শতাংশ। এ ছাড়া পেনশনসহ সামাজিক সহায়তা খাতের বরাদ্দ কমবে ৬ শতাংশ।
ইউক্রেন যুদ্ধের ব্যয় মেটাতে ব্যবসাপ্রতিষ্ঠান ও সাধারণ ভোক্তাদের ওপর করের চাপ বাড়াচ্ছে রাশিয়া। এতে দেশটির অর্থনীতি ক্রমেই সামরিক ব্যয়নির্ভর হয়ে পড়ছে এবং বেসামরিক খাতের ব্যয় সংকুচিত হচ্ছে।
এদিকে সামরিক খাতে বিপুল ব্যয় এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির ধীরগতির কারণে চলতি বছর রাশিয়ার বাজেট ঘাটতি পূর্বাভাস ছাড়িয়ে গেছে। পশ্চিমা নিষেধাজ্ঞা, বেসরকারি প্রতিষ্ঠানের জন্য উচ্চ সুদের হার, শ্রমিক সংকট এবং ইউক্রেনের হামলায় তেল শোধনাগার ও রপ্তানি টার্মিনাল ক্ষতিগ্রস্ত হওয়ায় দেশটির অর্থনীতির ওপর চাপ আরও বেড়েছে।
রাশিয়ার নতুন সামরিক বাজেট অনুমোদনের সময়ই পুতিনকে ইউরোপজুড়ে সামরিক আগ্রাসন বন্ধের আহ্বান জানানোর কথা জানিয়েছেন ট্রাম্প।
গত সপ্তাহে চীনে পুতিনের সঙ্গে বৈঠকের সময় বিষয়টি নিয়ে দীর্ঘ আলোচনা করেছেন বলে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে জানান মার্কিন প্রেসিডেন্ট।
ট্রাম্প বলেন, ইউরোপের বিভিন্ন ভূখণ্ডে রাশিয়ার সামরিক আগ্রাসন বন্ধ করতে তিনি পুতিনকে অনুরোধ করেছেন। এর উদ্দেশ্য রাশিয়া ও ইউক্রেনের মধ্যে দ্রুত একটি শান্তিচুক্তির পথ তৈরি করা।
তিনি আরও বলেন, এ বিষয়ে তিনি আশাবাদী এবং দ্রুত একটি সমঝোতা হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে বলে মনে করেন।
তবে ট্রাম্পের বক্তব্যে ইউরোপের কোন কোন ভূখণ্ডের কথা বলা হয়েছে, তা স্পষ্ট করা হয়নি। ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার ইউক্রেন আক্রমণের বিষয়টিও তিনি সরাসরি উল্লেখ করেননি।

