গাজায় ডক্টরস উইদাউট বর্ডারসের ক্লিনিকে ইসরাইলের হামলা, নিহত ২
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ০১:১৩ পিএম
গাজার একটি গাড়িতে ইসরাইলি হামলার পর আগুন নেভানোর চেষ্টা করছেন ফিলিস্তিনের বেসামরিক প্রতিরক্ষা বাহিনীর এক সদস্য। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
ফিলিস্তিনের গাজা সিটিতে আন্তর্জাতিক মানবিক সহায়তা সংস্থা ডক্টরস উইদাউট বর্ডারসের (এমএসএফ) একটি ক্লিনিকে হামলা চালিয়েছে দখলদার ইসরাইল। এতে সংস্থাটির দুই কর্মী নিহত হয়েছেন। নিহত দুজনই ক্লিনিকের নিরাপত্তারক্ষী হিসেবে দায়িত্ব পালন করতেন।
শুক্রবার (২৭ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে এমএসএফ।
বিবৃতিতে সংস্থাটি বলেছে, ‘আজ রাতে গাজার আমাদের একটি ক্লিনিকে ইসরাইলি হামলায় দুই সহকর্মীকে হারিয়ে আমরা গভীরভাবে শোকাহত ও ক্ষুব্ধ। নিহত দুজনই নিরাপত্তারক্ষী ছিলেন।’
এমএসএফ জানিয়েছে, ক্লিনিকটিতে সরাসরি হামলা চালানো হয়েছে। এ নিয়ে গাজায় সংস্থাটির নিহত কর্মীর সংখ্যা বেড়ে ১৭ জনে দাঁড়িয়েছে।
সংস্থাটির দাবি, ক্লিনিকের ভবনে স্পষ্টভাবে এমএসএফের লোগো লাগানো ছিল। এ ছাড়া ক্লিনিকটির অবস্থান সম্পর্কে ইসরাইলি সামরিক বাহিনীকে আগেই জানানো হয়েছিল এবং তারা এ বিষয়ে অবগত ছিল।
হামলার জন্য দায়ীদের জবাবদিহির আওতায় আনার দাবি জানিয়েছে সংস্থাটি।
হামলার পর দেওয়া এক বিবৃতিতে ইসরাইলি সামরিক বাহিনী দাবি করেছে, নিহত দুই কর্মী হামাসের সদস্য ছিলেন। তবে নিজেদের এ দাবির পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করেনি তারা।
অন্যদিকে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান টেড্রোস আধানম গেব্রেইয়েসুস এ হামলার তীব্র নিন্দা জানিয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘এটি অত্যন্ত নিন্দনীয় ও অগ্রহণযোগ্য ঘটনা। যারা অন্যের জীবন বাঁচাতে নিজেদের জীবন ঝুঁকির মধ্যে ফেলছেন, তাদের সুরক্ষা দেওয়া উচিত, হামলা চালানো নয়।’
এদিকে, ইউরো-মেড হিউম্যান রাইটস মনিটরও এ হামলার নিন্দা জানিয়েছে। সংস্থাটি বলেছে, স্পষ্টভাবে চিহ্নিত এমএসএফের একটি ক্লিনিকে হামলা চালানো হয়েছে।
সংস্থাটির অভিযোগ, ইসরাইল পরিকল্পিতভাবে মানবিক সহায়তা কর্মী ও তাদের স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করছে।
তথ্যসূত্র: আল জাজিরা


