Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ক্ষমতা ছাড়ার আগে আরও ৪ মাস প্রধানমন্ত্রী থাকতে চান নেতানিয়াহু!

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ০৮:৪৮ এএম

ক্ষমতা ছাড়ার আগে আরও ৪ মাস প্রধানমন্ত্রী থাকতে চান নেতানিয়াহু!

ইসরাইলের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: সংগৃহীত

Advertisement

ইসরাইলের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আরও তিন থেকে চার মাস ক্ষমতায় থাকতে চান। এরপর প্রধানমন্ত্রীর দায়িত্ব গাদি আইজেনকোটের কাছে হস্তান্তর করতে চান তিনি। আজ রোববার (২৯ নভেম্বর) দুই নেতার অনুষ্ঠিতব্য বৈঠকের আগে ইসরাইলের বিভিন্ন সংবাদমাধ্যমে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

ইসরাইলি সংবাদমাধ্যম মারিভ এক প্রতিবেদনে জানিয়েছে, জাতীয় ঐক্যের সরকার গঠন নিয়ে আলোচনায় নেতানিয়াহু এ প্রস্তাব দিতে পারেন।

নাম প্রকাশে অনিচ্ছুক রাজনৈতিক সূত্রের বরাতে সংবাদমাধ্যমটি বলেছে, ইরানের সঙ্গে সম্ভাব্য উত্তেজনার বিষয়টি সামনে রেখে কিছুদিন ক্ষমতায় থাকতে চান তিনি।

তবে শনিবার প্রকাশ্যে দেওয়া প্রস্তাবে এ শর্তের কথা উল্লেখ করেননি নেতানিয়াহু। ওই প্রস্তাবে ক্ষমতা ভাগাভাগির চুক্তির আওতায় আইজেনকোটকে প্রথমে প্রধানমন্ত্রীর দায়িত্ব দেওয়ার কথা বলেছিলেন তিনি।


ইসরাইলের আরেক দৈনিক ইয়েদিওথ আহরোনোথ জানিয়েছে, ইরানের সঙ্গে সম্ভাব্য সংঘাত মোকাবিলার জন্য অনির্দিষ্টকাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকতে চান নেতানিয়াহু। পরিস্থিতি সামাল দেওয়ার পর তিনি ক্ষমতা ছাড়তে রাজি হতে পারেন। তবে নেতানিয়াহুর এ প্রস্তাবের তীব্র বিরোধিতা করছেন আইজেনকোট।

দৈনিক হারেৎজও লিকুদ পার্টির একটি সূত্রের বরাতে জানিয়েছে, ইরান থেকে অস্তিত্বের জন্য হুমকি তৈরি হয়েছে—এমন যুক্তি দেখিয়ে আইজেনকোটের ক্ষমতা গ্রহণ পিছিয়ে দিতে চাইবেন নেতানিয়াহু।

জাতীয় ঐক্যের সরকার গঠন নিয়ে আলোচনার জন্য দুই নেতা রোববার বৈঠকে বসতে সম্মত হন।

এর আগে নেতানিয়াহুর প্রস্তাবের আন্তরিকতা প্রমাণের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন আইজেনকোট। তার অভিযোগ, নেতানিয়াহুর দল লিকুদ পার্টি প্রায় তিন সপ্তাহ ধরে সরকার গঠনের আলোচনা ইচ্ছাকৃতভাবে ঝুলিয়ে রেখেছে।

এদিকে লিকুদের সঙ্গে জাতীয় ঐক্যের সরকার গঠন করা হবে, নাকি আরব দলগুলোর সমর্থন নিয়ে সরকার গঠনের চেষ্টা করা হবে—এ নিয়ে আইজেনকোটের রাজনৈতিক জোটের মধ্যেই মতবিরোধ রয়েছে।


ইসরাইলের ১২০ আসনের পার্লামেন্ট নেসেটে আইজেনকোটের জোটের আসনসংখ্যা ৪৮। সরকার গঠনের জন্য প্রয়োজন অন্তত ৬১টি আসন। অন্যদিকে, আরব দলগুলোর হাতে রয়েছে ১৯টি আসন।

সরকার গঠনের জন্য আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত সময় পেয়েছেন আইজেনকোট। নির্ধারিত সময়ের মধ্যে সরকার গঠন করতে না পারলে তিনি ইসরাইলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের কাছে একবারের জন্য অতিরিক্ত ১৪ দিন সময় চাইতে পারবেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

গদি বাঁচাতে নেতানিয়াহুর নতুন টোপ, প্রধানমন্ত্রিত্ব ভাগাভাগির প্রস্তাব

গদি বাঁচাতে নেতানিয়াহুর নতুন টোপ, প্রধানমন্ত্রিত্ব ভাগাভাগির প্রস্তাব

সময় বাকি মাত্র আট দিন, সরকার গঠন করতে পারবেন আইজেনকোট?

সময় বাকি মাত্র আট দিন, সরকার গঠন করতে পারবেন আইজেনকোট?

৫ বছরে ৫০০ কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা সরকারের

৫ বছরে ৫০০ কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা সরকারের

এআই পরাশক্তি হতে ডেটা সেন্টার নির্মাণে মরিয়া ইসরাইল

এআই পরাশক্তি হতে ডেটা সেন্টার নির্মাণে মরিয়া ইসরাইল

ফ্যাসিবাদ আমলে শিক্ষা ব্যবস্থাকেও ধ্বংস করে দেওয়া হয়েছিল: প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদ আমলে শিক্ষা ব্যবস্থাকেও ধ্বংস করে দেওয়া হয়েছিল: প্রধানমন্ত্রী

বারটেন্ডার থেকে ইতালির প্রথম নারী প্রধানমন্ত্রী—যেভাবে উত্থান মেলোনির

বারটেন্ডার থেকে ইতালির প্রথম নারী প্রধানমন্ত্রী—যেভাবে উত্থান মেলোনির

আরও পড়ুন

ক্ষমতা ছাড়ার আগে আরও ৪ মাস প্রধানমন্ত্রী থাকতে চান নেতানিয়াহু!

ক্ষমতা ছাড়ার আগে আরও ৪ মাস প্রধানমন্ত্রী থাকতে চান নেতানিয়াহু!

৮৭ হুথি যোদ্ধা ‘নিষ্ক্রিয়’ করার দাবি ইয়েমেনের

৮৭ হুথি যোদ্ধা ‘নিষ্ক্রিয়’ করার দাবি ইয়েমেনের

হরমুজে মাইনে আঘাত, আগুনে পুড়ল তেলবাহী ট্যাংকার

হরমুজে মাইনে আঘাত, আগুনে পুড়ল তেলবাহী ট্যাংকার

রিয়াদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, ভূপাতিত করার দাবি সৌদির

রিয়াদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, ভূপাতিত করার দাবি সৌদির

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম