হরমুজে মাইনে আঘাত, আগুনে পুড়ল তেলবাহী ট্যাংকার
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ০৮:৩৫ এএম
হরমুজ প্রণালিতে নৌমাইনের আঘাতে একটি তেলবাহী ট্যাংকারে আগুন ধরে গেছে। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
হরমুজ প্রণালিতে নৌমাইনের আঘাতে একটি তেলবাহী ট্যাংকারে আগুন ধরে গেছে বলে দাবি করেছে ইরানের সেনাবাহিনী। এ ঘটনায় জাহাজটি চলাচলের অযোগ্য হয়ে পড়ে। পরিস্থিতি দেখে অন্য দুটি ট্যাংকারও পারস্য উপসাগরের দিকে ফিরে যেতে বাধ্য হয়।
রোববার (২৯ নভেম্বর) ভোরে ইরানের সেনাবাহিনীর পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, তিনটি তেলবাহী ট্যাংকার তাদের শনাক্তকরণ ও নেভিগেশন ব্যবস্থা বন্ধ করে হরমুজ প্রণালির পূর্ব দিকে একটি নিষিদ্ধ এলাকায় প্রবেশ করেছিল। এ সময় একটি ট্যাংকার নৌমাইনের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়ে আগুন ধরে যায় এবং চলাচলের ক্ষমতা হারায়। পরে বাকি দুটি ট্যাংকারও ফিরে যায়।
তবে ক্ষতিগ্রস্ত ট্যাংকারগুলোর নাম-পরিচয় প্রকাশ করেনি ইরান। এ ঘটনায় কেউ হতাহত হয়েছেন কি না, সে বিষয়েও কোনো তথ্য জানানো হয়নি।
এদিকে, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ইরানের দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে বলে আবারও জানিয়েছে দেশটির নৌবাহিনী।
ইরান গত ১২ জুলাই হরমুজ প্রণালি পুনরায় বন্ধ ঘোষণা করে। এর চার দিন আগে ইরানের ওপর আবারও হামলা শুরু করেছিল যুক্তরাষ্ট্র।
তেহরান হুঁশিয়ারি দিয়েছে, নির্ধারিত নৌপথের বাইরে চলাচলকারী কিংবা অনুমতি ছাড়া হরমুজ প্রণালি অতিক্রমের চেষ্টা করা যেকোনো জাহাজকে লক্ষ্যবস্তু করা হতে পারে।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহণপথ হরমুজ প্রণালি দিয়ে বিপুল পরিমাণ অপরিশোধিত তেল ও জ্বালানি পরিবহন করা হয়। ফলে এই নৌপথে উত্তেজনা ও জাহাজ চলাচলে বাধা তৈরি হলে আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ ও বাণিজ্যে বড় ধরনের প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।


