রংপুরে বিআরটিসি ডিপোর সামনে গ্যারেজে বাসে আগুন
রংপুর ব্যুরো
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ১০:০৮ পিএম
প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার সার্ভিসকর্মীরা।
|
ফলো করুন |
|
|---|---|
রংপুর নগরের আর কে রোড এলাকায় বিআরটিসি বাস ডিপোর সামনে একটি গ্যারেজে রাখা বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে বাসটির ইঞ্জিনসহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, শনিবার (২৮ নভেম্বর) ভোর আনুমানিক ৫টার দিকে নগরের আর কে রোড এলাকায় বিআরটিসি বাস ডিপোসংলগ্ন একটি গ্যারেজে রাখা বাসটিতে কে বা কারা আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার সার্ভিসকর্মীরা। তবে ততক্ষণে বাসটির ইঞ্জিনসহ বিভিন্ন অংশ পুড়ে যায়।
বাসটির মালিক আসাদুজ্জামান আপেল জানান, মেরামতের জন্য বাসটি গ্যারেজে রাখা হয়েছিল। কীভাবে আগুন লেগেছে বা কেউ বাসটিতে আগুন দিয়েছে কি না, তা তিনি জানেন না। আগুনে তার পাঁচ লাখ টাকার বেশি ক্ষতি হয়েছে বলে জানান তিনি।
রংপুর ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আনোয়ারুল হক জানান, খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে বাসটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
এ বিষয়ে কোতোয়ালি মেট্রোপলিটন থানার ওসি ওয়াদুদ আলম বলেন, আগুনে পুড়ে যাওয়া বাসটি অকেজো অবস্থায় দীর্ঘদিন ধরে গ্যারেজে পড়ে ছিল। এটি ব্যবহারের উপযোগী ছিল না। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

-6b0afabda4f31.jpg)