Logo
Logo
×

Advertisement

সারাদেশ

রংপুরে কমিটি নিয়ে বিরোধে পূজা পরিষদের সম্মেলনে সংঘর্ষ, আহত ৩০

Icon

রংপুর ব্যুরো

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ১০:০১ পিএম

রংপুরে কমিটি নিয়ে বিরোধে পূজা পরিষদের সম্মেলনে সংঘর্ষ, আহত ৩০

ঢাকা থেকে আসা কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে প্রায় এক ঘণ্টা ধরে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়া চলে।

Advertisement

রংপুর মহানগর ও জেলা পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। ভাঙচুর করা হয়েছে চেয়ার, টেবিলসহ বিভিন্ন আসবাবপত্র। আহতদের মধ্যে তিনজনকে গুরুতর অবস্থায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের কারণে সম্মেলন পণ্ড হয়ে যায়।

শনিবার (২৮ নভেম্বর) বেলা ১২টার দিকে রংপুর স্টেডিয়ামের ইনডোর জিমনেসিয়ামে এ ঘটনা ঘটে। ঢাকা থেকে আসা কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে প্রায় এক ঘণ্টা ধরে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়া চলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ও জ্যেষ্ঠ আইনজীবী সুব্রত চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক ও রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান শামসুজ্জামান শামু। প্রধান বক্তা ছিলেন পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা। এ ছাড়া সাংগঠনিক সম্পাদক সাগর হালদারসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। সম্মেলনে সভাপতিত্ব করেন রংপুর জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রামজীবন কুন্ডু।

তাদের ভাষ্য, ঢাকা থেকে আসা অতিথিরা আসন গ্রহণ করার পরপরই একদল নেতাকর্মী অতর্কিতভাবে সম্মেলনস্থলে ঢুকে পড়ে। তারা ব্যানার ছিঁড়ে চেয়ার-টেবিল ভাঙচুর শুরু করে। এ সময় পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক প্রশান্ত কুমারের ওপর হামলা চালানো হয়। এতে তিনি গুরুতর আহত হন।

হামলাকারীরা মঞ্চে উপস্থিত নেতাকর্মীসহ সেখানে থাকা অন্যদের ওপরও হামলা চালায়। এতে সংগঠনের জেলা ও মহানগর পর্যায়ের নেতাসহ অন্তত ৩০ জন আহত হন। এ সময় উপস্থিত বিএনপি নেতা শামসুজ্জামান শামু সংঘর্ষকারীদের নিবৃত্ত করার চেষ্টা করেও ব্যর্থ হন। তাকে লাঞ্ছিত করার চেষ্টা করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষ ও ভাঙচুরের সময় একটি পক্ষকে ‘লীগ ধর’ স্লোগান দিতে দেখা যায়। এ সময় পূজা উদযাপন পরিষদের নেতা ও সাবেক সাব-রেজিস্ট্রার রামজীবন কুন্ডুকে বেধড়ক মারধর করা হয়। দুপুর সাড়ে ১২টার দিকে সংঘর্ষের মধ্যে সম্মেলন পণ্ড হয়ে যায়। ঢাকা থেকে আসা কেন্দ্রীয় নেতারা সম্মেলনস্থল ত্যাগ করেন।

ঘটনার পর পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সন্তোষ শর্মার নেতৃত্বে রংপুরের সভাপতি রামজীবন কুন্ডুসহ কয়েকজন নেতা রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়ে যান। তারা পুলিশ কমিশনার মাহবুব রশীদকে জানান, ঘটনার সময় পুলিশ সেখানে উপস্থিত থাকলেও কোনো পদক্ষেপ নেয়নি। তারা হামলাকারীদের গ্রেফতার ও বিচারের দাবি জানান।

পরে সংবাদ সম্মেলনে সন্তোষ শর্মা অভিযোগ করেন, বিএনপি নেতা ডা. নিখিল, যুবদল নেতা নয়ন, লেলিন, মিলন ও বিপ্লব এবং স্বেচ্ছাসেবক দলের কয়েকজন শীর্ষ নেতার নেতৃত্বে পরিকল্পিতভাবে সম্মেলনে হামলা ও ভাঙচুর চালানো হয়েছে।

তিনি বলেন, এ বিষয়ে তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। এ ঘটনায় আইনগতসহ সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে। যুবদল ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গেও কথা বলেছি, যাতে হামলায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। সম্মেলন ভণ্ডুল করতে যুবদলের নেতারা সরাসরি অংশ নিয়ে ভাঙচুর ও নেতাকর্মীদের মারধর করেছেন। 

তবে অভিযোগ অস্বীকার করেছেন যুবদলের মহানগর আহ্বায়ক মিলন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহির আলম নয়ন ও সদস্যসচিব আতিকুল ইসলাম লেলিন। তারা বলেন, পূজা উদযাপন পরিষদের সম্মেলনে আওয়ামী লীগের কয়েকজন নেতাকে আবারও কমিটিতে অন্তর্ভুক্ত করার চেষ্টা করছেন বিএনপির এক নেতা। বিষয়টি জানতে পেরে সাধারণ নেতাকর্মীরা ঘটনাস্থলে গিয়ে এ বিষয়ে জানতে চেয়েছেন। তারা কোনো হামলা বা ভাঙচুরের সঙ্গে জড়িত নন। তাদের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত।

রংপুর মহানগর যুবদলের আরেক নেতা শ্রী বিপ্লব অভিযোগ করেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক নেতা রামজীবন কুন্ডু, প্রশান্ত কুমার রায়, পিপাশ রায়সহ অন্যদের পুনর্বাসনের জন্য এ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এ কারণে পূজা উদযাপন পরিষদের বিক্ষুব্ধ নেতাকর্মীরা বাধা দিয়ে প্রতিবাদ জানিয়েছেন।

এদিকে পাল্টা সংবাদ সম্মেলনে নিখিলেন্দ্র গুহ রায়, ক্ষত্রিয় কমিটির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও রংপুর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক বিপ্লব রায়, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি স্বপন ভট্টাচার্য এবং পূজা উদযাপন পরিষদের রংপুর জেলা মহিলা বিষয়ক সম্পাদক সোমা চক্রবর্তী অভিযোগ করেন, গোপনে সম্মেলনের আয়োজন করা হয়েছিল। অনেক সদস্যকে বিষয়টি জানানো হয়নি। আওয়ামী লীগের একাধিক নেতাকর্মীকে নিয়ে সম্মেলনের আয়োজন করায় ক্ষুব্ধ পূজা উদযাপন পরিষদের সদস্যরা সেখানে গিয়ে এ বিষয়ে জানতে চান। এ সময় অপ্রীতিকর ঘটনা ঘটে।

এ বিষয়ে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মাহবুব রশীদ বলেন, কমিটি গঠন নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন পুরোপুরি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ধান কুড়িয়ে চলে সংসার, সেই ধানেই পিঠা-ভাত

ধান কুড়িয়ে চলে সংসার, সেই ধানেই পিঠা-ভাত

রংপুরে বিআরটিসি ডিপোর সামনে গ্যারেজে বাসে আগুন

রংপুরে বিআরটিসি ডিপোর সামনে গ্যারেজে বাসে আগুন

জামায়াতের কর্মীকে ছাড়িয়ে নিতে থানায় হট্টগোল, পুলিশের দাবি যুবলীগ কর্মী

জামায়াতের কর্মীকে ছাড়িয়ে নিতে থানায় হট্টগোল, পুলিশের দাবি যুবলীগ কর্মী

চাঁদাবাজির টাকা পুলিশ ও পাতি নেতাদের মধ্যে ভাগ হয়: বিএনপি নেতা

চাঁদাবাজির টাকা পুলিশ ও পাতি নেতাদের মধ্যে ভাগ হয়: বিএনপি নেতা

বিএনপি পুরোনো সুবিধাবাদী রাজনীতিতে ফিরলে দেশ চালাবে ২৪-এর শক্তি

মামুনুল হক বিএনপি পুরোনো সুবিধাবাদী রাজনীতিতে ফিরলে দেশ চালাবে ২৪-এর শক্তি

রাজনৈতিক আদর্শের টানে বিএনপিতে যোগ দিলেন জামায়াত নেতা

রাজনৈতিক আদর্শের টানে বিএনপিতে যোগ দিলেন জামায়াত নেতা

আরও পড়ুন

উলিপুরে বিএনপির ওয়ার্ড কমিটিসহ সব অঙ্গসংগঠনের কমিটি বিলুপ্ত

উলিপুরে বিএনপির ওয়ার্ড কমিটিসহ সব অঙ্গসংগঠনের কমিটি বিলুপ্ত

রংপুরে বিআরটিসি ডিপোর সামনে গ্যারেজে বাসে আগুন

রংপুরে বিআরটিসি ডিপোর সামনে গ্যারেজে বাসে আগুন

রংপুরে কমিটি নিয়ে বিরোধে পূজা পরিষদের সম্মেলনে সংঘর্ষ, আহত ৩০

রংপুরে কমিটি নিয়ে বিরোধে পূজা পরিষদের সম্মেলনে সংঘর্ষ, আহত ৩০

বিএনপির সভায় বিশেষ অতিথির চেয়ারে পুলিশ কর্মকর্তা

বিএনপির সভায় বিশেষ অতিথির চেয়ারে পুলিশ কর্মকর্তা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম