উলিপুরে বিএনপির ওয়ার্ড কমিটিসহ সব অঙ্গসংগঠনের কমিটি বিলুপ্ত
উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ১০:২১ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
কুড়িগ্রামের উলিপুরে আওয়ামী ফ্যাসিস্টদের রক্ষায় সহযোগিতা ও প্রশাসনিক কার্যক্রমে বাধা দেওয়ার অভিযোগে ওয়ার্ড বিএনপিসহ সব অঙ্গ ও সহযোগী সংগঠনের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বুড়াবুড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল কাদের শামীম।
শুক্রবার (২৭ নভেম্বর) রাতে বুড়াবুড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক পত্রে এ ঘোষণা দেওয়া হয়। ডিবি পুলিশ ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতিকে আটক করতে গেলে বাধা দেওয়ার ঘটনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আটক ওই নেতাকে শনিবার কারাগারে পাঠানো হয়েছে।
বুড়াবুড়ি ইউনিয়ন বিএনপি ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বুড়াবুড়ি ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি তৈয়ব আলীকে শুক্রবার সন্ধ্যায় আটক করেন ডিবি পুলিশ।
এ সময় ওই ওয়ার্ডের বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা ডিবি পুলিশকে অবরুদ্ধ করে প্রায় তিন ঘণ্টা ধরে দেনদরবারের মাধ্যমে তৈয়বকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করেন। পরে রাত ৯টার দিকে ইউনিয়ন বিএনপি ও থানা পুলিশের হস্তক্ষেপে তৈয়ব আলীকে সেখান থেকে আটক করে থানায় নিয়ে আসা হয়।
বিষয়টি জানাজানি হলে তাৎক্ষণিকভাবে জেলা ও উপজেলা নেতৃবৃন্দ বুড়াবুড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি ও সম্পাদককে ২ নম্বর ওয়ার্ড বিএনপিসহ সব অঙ্গ ও সহযোগী সংগঠনের কমিটি বিলুপ্ত ঘোষণার নির্দেশনা দেন। এরই পরিপ্রেক্ষিতে শুক্রবার রাতেই ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক দলীয় প্যাডে ওই ওয়ার্ডের বিএনপিসহ সব অঙ্গ ও সহযোগী সংগঠনের কমিটি বিলুপ্ত ঘোষণা করেন।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আওয়ামী ফ্যাসিস্টদের রক্ষায় ভূমিকা রাখার সুস্পষ্ট অভিযোগ এবং প্রশাসনিক কার্যক্রমে বাধা দেওয়ার কারণে উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপি এবং সব অঙ্গ ও সহযোগী সংগঠনের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
চিঠিতে আরও উল্লেখ করা হয়, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান ও সদস্য সচিব আলহাজ সোহেল হোসনাইন কায়কোবাদের সিদ্ধান্তে কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
উলিপুর থানার ওসি শওকত আলী সরকার জানান, বুড়াবুড়ি ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি তৈয়ব আলীকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতার করা হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

-6b0afc7331c62.jpg)