চাঁদাবাজির টাকা পুলিশ ও পাতি নেতাদের মধ্যে ভাগ হয়: বিএনপি নেতা
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ০৯:৪০ পিএম
মহানগর বিএনপির সদস্যসচিব নাজিমুর রহমান।
|
ফলো করুন |
|
|---|---|
চট্টগ্রাম নগরীতে চাঁদাবাজি এবং সেই অর্থের ভাগবাটোয়ারা নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন মহানগর বিএনপির সদস্যসচিব নাজিমুর রহমান। সম্প্রতি নগরীর বায়েজিদ থানার মোহাম্মদ নগর এলাকায় সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে আয়োজিত এক আলোচনা সভায় অংশ নিয়ে তিনি এসব মন্তব্য করেন।
শনিবার (২৮ নভেম্বর) তার বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।
নিজ দলের নেতাকর্মীদের সমালোচনা করে তিনি বলেন, ইয়াবা ও মাদক ব্যবসায়ীরা আগের সরকারের আমলেও এই ব্যবসা করেছেন। তখন তারা আগের সরকারের নেতা ও পাতি নেতাদের চাঁদা দিতেন। এখন দিচ্ছেন তাদের দলের পাতি নেতাদের। এসব বন্ধ করতে হবে।
নাজিমুর রহমান বলেন, ৮০ ফুট রাস্তা দোকান ভাড়া দিয়ে ৪০ ফুট হয়ে যায়। চাঁদাবাজির উৎস ওই জায়গায়। চট্টগ্রাম মহানগরে ‘চট্টগ্রাম জেলা’ লেখা নম্বর প্লেটযুক্ত অবৈধ টেম্পো ও সিএনজিচালিত অটোরিকশা চলাচলের বিনিময়েও চাঁদা আদায় করা হয়। স্থানীয় রাজনৈতিক নেতা, পাতি নেতা ও থানা পুলিশকে চাঁদা দিয়ে এসব যানবাহন চলাচল করে।
থানার ক্যাশিয়ারের সঙ্গে অপরাধীদের সব সময় যোগাযোগ থাকে উল্লেখ করে তিনি আরও বলেন, যেকোনো থানায় নতুন ওসি দায়িত্ব নেওয়ার পর প্রথমেই ক্যাশিয়ারকে ডেকে কোন কোন খাত থেকে কত টাকা চাঁদা আদায় হয় এবং অপরাধী কারা, তা জেনে নেন। ওসি কিংবা এসআই বদলি হন, কিন্তু থানার কথিত ‘ক্যাশিয়ার’ পরিবর্তন হন না। কারণ, এটি চাকরি নয়।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার ও এসআরবি কমান্ডারের প্রতি আহ্বান জানিয়ে মহানগর বিএনপির সদস্যসচিব বলেন, আমার অনুরোধ, থানা পুলিশের বাইরে একটি স্বতন্ত্র বিশেষ বাহিনী গঠন করে গোয়েন্দা তথ্য নিন এবং অ্যাকশনে যান। আমার ভাই হলেও ব্যবস্থা নিন। অপরাধীর রাজনৈতিক পরিচয়, ধর্ম বা বর্ণ বিবেচনা করা যাবে না। বিবেচনা করতে হবে, ক্রিমিনাল অলওয়েজ ক্রিমিনাল। তাকে আইনের আওতায় আনতে হবে।
চাঁদাবাজি দমনে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে লোভ-লালসার ঊর্ধ্বে উঠতে হবে। রাজনৈতিক নেতৃত্বের মাধ্যমে সুখী বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হলে সংসদ সদস্য, রাষ্ট্রপ্রধান এবং তাদের সহযোগীদের সৎ ও সচেতন হতে হবে।

-6b0ae2f09da25.jpg)