মহেশপুরে ফ্যামিলি কার্ডের নামে নতুন সিম কিনতে বাধ্য করার অভিযোগ
মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ০৯:২৪ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
ঝিনাইদহের মহেশপুরে ফ্যামিলি কার্ডের শুমারিতে নতুন মোবাইল সিম কার্ড কিনতে বাধ্য করার অভিযোগ উঠেছে। উপজেলার যাদবপুর ইউনিয়নের প্রায় সব ওয়ার্ডে শুমারির সময় নারীদের কাছ থেকে ২৫০ টাকা করে নিয়ে একটি করে নতুন সিম কার্ড দেওয়া হচ্ছে। প্রত্যন্ত অঞ্চল হওয়ায় তথ্য সংগ্রহকারীদের দেওয়া এসব সিমে নেটওয়ার্ক না পাওয়ার বিড়ম্বনায় পড়ছেন নারীরা। সরকারি সহায়তা পাওয়ার আশায় আগে থেকেই নিজের সিম থাকা সত্ত্বেও নতুন সিম কিনতে গিয়ে আর্থিক চাপে পড়ছেন অসচ্ছল ও নিম্ন আয়ের পরিবারের নারীরা।
সরেজমিনে জানা গেছে, যাদবপুর ইউনিয়নের নলপাতুয়া ওয়ার্ডে শুমারির সময় প্রায় সব নারীর কাছ থেকেই ২৫০ টাকা নেওয়ার পর একটি করে নতুন সিম কার্ড দেওয়া হয়েছে। সিম বিক্রির সময় তথ্য সংগ্রহকারীরা আশ্বাস দিচ্ছেন, নতুন সিমে ২ হাজার ৫০০ টাকা পাওয়া যাবে। কারও কারও নামে একাধিক সিম কার্ড থাকা সত্ত্বেও তাদের নতুন সিম নিতে বাধ্য করা হয়েছে।
নলপাতুয়া গ্রামের নুপুর খাতুনের নামে আগে থেকেই নিবন্ধিত সিম থাকলেও তার কাছ থেকে ২৫০ টাকা নিয়ে নতুন একটি সিম কার্ড দেওয়া হয়েছে। একইভাবে অনেহার খাতুনের দুটি এবং খাজিদা খাতুন, ফিরোজা খাতুন, সাহিদা খাতুন ও রাবিয়া খাতুনের নামে নিবন্ধিত সিম থাকা সত্ত্বেও তাদের নতুন সিম কিনতে বাধ্য করা হয়েছে। এসব নারীর বেশির ভাগ সিমে বিকাশ বা নগদ অ্যাকাউন্ট খোলা রয়েছে।
নলপাতুয়া বাজারপাড়ার রাবিয়া খাতুন যুগান্তরকে বলেন, আমার নামে নিবন্ধিত সিম রয়েছে। কিন্তু ফ্যামিলি কার্ডের শুমারির সময় বলা হয়, এ সিমে হবে না। পরে আমার কাছ থেকে ২৫০ টাকা নিয়ে নতুন সিম কার্ড দিয়েছেন।
একই অভিযোগ করে নলপাতুয়া মাঠপাড়ার অনেহার খাতুন বলেন, আমার নামে দুটি সিম থাকার পরও ২৫০ টাকা দিয়ে নতুন সিম কার্ড নিতে হয়েছে। আমার নামে নগদ অ্যাকাউন্ট খোলা আছে।
ইউনিয়ন সুপারভাইজার আরিফ বলেন, সিম তথ্য সংগ্রহকারীরা দিচ্ছেন না। সিম কোম্পানির লোকেরা দিচ্ছেন। বাজারে একটি সিমের দাম ৩০০ টাকা হলেও কোম্পানির লোকেরা বাড়িতে গিয়ে ২৫০ টাকায় একটি সিম দিচ্ছেন। সেই সঙ্গে নগদ ও বিকাশ অ্যাকাউন্ট খুলে দিচ্ছেন। সাক্ষাতে কথা হবে, নিউজ করার দরকার নেই।
সমাজসেবা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, সিম থাকার পরও কাউকে নতুন সিম কিনতে বাধ্য করা অন্যায়। বিষয়টি তার জানা নেই। তবে এ ব্যাপারে তথ্য নিয়ে পদক্ষেপ নেওয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজ্জাদ হোসেন বলেন, এ ব্যাপারে পদক্ষেপ নেওয়া হবে।

-6b0ae7af09ce6.jpg)