ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
জনগণের নিরাপত্তা ও স্বাভাবিক জীবনযাত্রা নিশ্চিত করতে খুলনা রেঞ্জ পুলিশ গত তিন মাসে ১০ জেলায় বিশেষ অভিযান চালিয়েছে। এ সময় ৩২ হাজার ৭১১ জনকে গ্রেফতার করা হয়েছে। জব্দ করা হয়েছে ১৪৭টি অবৈধ অস্ত্র, ৮১ হাজার ইয়াবা বড়ি।
গত সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর মাসে খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, নড়াইল, যশোর, মাগুরা, কুষ্টিয়া, ঝিনাইদহ, মেহেরপুর ও চুয়াডাঙ্গায় পৃথক অভিযান চালানো হয়।
পুলিশ জানিয়েছে, গত সেপ্টেম্বর থেকে ২২ নভেম্বর পর্যন্ত অবৈধ অস্ত্র উদ্ধারের অভিযানে ৪০টি মামলায় ৪২ জনকে গ্রেফতার করা হয়। এর মধ্যে ৩১টি আগ্নেয়াস্ত্র এবং ১১৬টি দেশীয় অস্ত্র রয়েছে। আগ্নেয়াস্ত্রের মধ্যে রয়েছে সাতটি বিদেশি পিস্তল, তিনটি দেশি পিস্তল, দুটি বিদেশি রিভলবার, তিনটি বন্দুক, একটি পাইপগান ও ১৫টি ওয়ানশুটার গান।
রেঞ্জ ডিআইজি অফিস সূত্র জানায়, সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর মাসে চলা বিশেষ অভিযানে সব ধরনের মামলায় মোট ৩২ হাজার ৭১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে পরোয়ানা মূলে গ্রেফতার হয়েছেন ১৯ হাজার ৭৫১ জন। এ ছাড়া অস্থিতিশীলতা সৃষ্টিকারী, নাশকতাকারী ও নিষিদ্ধ সংগঠনের সদস্য হিসেবে গ্রেপ্তার হয়েছেন ৩ হাজার ৫৩৪ জন।
সন্ত্রাসবিরোধী আইনে এই সময়ে ৫২টি মামলায় গ্রেফতার করা হয়েছে ৫৮৯ জনকে। নাশকতা ও সহিংসতার পরিকল্পনাকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
অন্যদিকে মাদকবিরোধী অভিযানে ১ হাজার ৪০৩টি মামলায় ১ হাজার ৭৮৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় প্রায় ৮১ হাজার ইয়াবা, প্রায় ২০৩ কেজি গাঁজার পাশাপাশি হেরোইন, ফেনসিডিল, ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং দেশি-বিদেশি মদ জব্দ করা হয়।
এ ছাড়া চোরাচালান সংক্রান্ত ৬৭টি মামলায় ২৯ জন এবং অনলাইন জুয়া সংক্রান্ত ৬৪টি মামলায় ১৬৩ জন গ্রেফতার হয়েছেন। সড়কে শৃঙ্খলা ফেরাতে মোটরযান আইনে ৪ হাজার ৩৭৯টি মামলা এবং ৫ হাজার ৮৭৭টি প্রসিকিউশন দেওয়া হয়েছে। আদায় হয়েছে ৩ কোটি ১ লাখ ৬০ হাজার ৯৫০ টাকা জরিমানা। ২ হাজার ৭৪৫টি যানবাহন আটক করা হয়েছে, যার মধ্যে ১ হাজার ৯৬৬টি মোটরসাইকেল।
খুলনা রেঞ্জ ডিআইজি অফিসের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ম্যানেজমেন্ট) মো. আসিফ ইকবাল যুগান্তরকে বলেন, খুলনা বিভাগের ১০টি জেলায় এই অভিযানগুলো চালানো হয়।

