যুগান্তরে সংবাদ প্রকাশের পর
মিরপুরের জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের রিজার্ভ ট্যাংক মেরামত হলো
মিরপুর (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৫২ পিএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
রাজধানীর মিরপুরের জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের (ঢাকা ডিভিশন ১ ও ২) পানির রিজার্ভ ট্যাংক ফেটে অঝোরে ঝরছে স্বচ্ছ পানি। মাসের পর মাস রাত-দিন চব্বিশ ঘণ্টা ওয়াসার এই সুপেয় পানি অপচয় হলেও যেন দেখার কেউ নেই। শুক্রবার যুগান্তরে “ মিরপুর জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ; রিজার্ভ ট্যাংক ফেটে অপচয় হচ্ছে কোটি লিটার পানি” শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়। প্রতিবেদন প্রকাশের পর পরই মিরপুরের জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের টনক নড়ে। তারা ২৪ ঘণ্টার মধ্যে রিজার্ভ ট্যাংক মেরামতের কাজ শুরু করে।
শনিবার সরেজমিন মিরপুরে(ঢাকা ডিভিশন ১ ও ২) গিয়ে দেখা যায় রিজার্ভ ট্যাংক সংস্কার করার ফলে ফাটা অংশ দিয়ে আর পানি বের হচ্ছে না। পানির অপচয় রোধ হয়েছে।
গত কয়েক মাস রিজার্ভ ট্যাংকের ফাটা অংশ দিয়ে পানি বের হয়ে এর চারপাশ জলাবদ্ধ ও স্যাতঁস্যাঁতে থাকলেও শনিবার রিজার্ভ ট্যাংকের চারপাশ শুষ্ক দেখা গেছে। কোথাও পানির লিকেজ নেই।
জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ ঢাকা ডিভিশন-১ এর এক কর্মচারী নাম না প্রকাশের শর্তে বলেন,মিরপুরের জাতীয় গৃহায়নের অফিসটি অনেক বড়। প্রতিদিন শত শত সেবাপ্রার্থী এখানে আসেন। গত ২-৩ বছর ধরে এই অফিসের একমাত্র রিজার্ভ ট্যাংক ফেটে অনবরত পানি পড়ছে। ঘটনাটি কমবেশি সবারই চোখে পড়ে। আবার ট্যাংকের ফাটা অংশ দিয়ে জীবাণু ঢুকছে। এই পানি পান করে সেবাপ্রার্থীসহ অফিসের অনেকে পেটের পীড়ায় ভুগছেন। অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তাদের এ ব্যাপারে জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। সবাই নিজেদের আখের গোছাতে ব্যস্ত।
এ ব্যাপারে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ ঢাকা ডিভিশন-১ এর নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আবু হোরায়রা বলেন, যুগান্তরের প্রতিবেদনটি আমাদের নজরে এসেছে। রিজার্ভ ট্যাংকটি ঠিক করা হয়েছে। প্রতিবেদনটি আমাদের বিরুদ্ধে গেলেও এখন পানির কোনো অপচয় নেই।

