লালমোহনে রাতের আঁধারে বিএনপির পার্টি অফিসে আগুন
লালমোহন (ভোলা) প্রতিনিধি
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৩৯ পিএম
উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সাদাপোল বাজারে অবস্থিত ওয়ার্ড বিএনপির পার্টি অফিসে এ ঘটনা ঘটে।
|
ফলো করুন |
|
|---|---|
ভোলার লালমোহনে রাতের আঁধারে ওয়ার্ড বিএনপির পার্টি অফিসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পার্টি অফিসের সামনের একটি পান দোকান পুড়ে গেছে। তবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের ঘটনা ঘটেনি।
শুক্রবার (২৭ নভেম্বর) গভীর রাতে উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সাদাপোল বাজারে অবস্থিত ওয়ার্ড বিএনপির পার্টি অফিসে এ ঘটনা ঘটে।
স্থানীয়দের ধারণা, গভীর রাতে দুর্বৃত্তরা পার্টি অফিসে আগুন দিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। একপর্যায়ে আগুন ছড়িয়ে পড়ে পার্টি অফিসের সামনে থাকা একটি পান দোকানে। তবে আগুন আশপাশের অন্যান্য স্থাপনায় ছড়িয়ে পড়ার আগেই তা নিয়ন্ত্রণে আসে।
স্থানীয়রা জানান, মধ্যরাতে হঠাৎ পার্টি অফিসে আগুন জ্বলতে দেখে তারা এগিয়ে আসেন। পরে আগুন নেভাতে সক্ষম হওয়ায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পায় আশপাশের দোকানপাট ও স্থাপনা। তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। রাতের আঁধারে ঘটনাটি ঘটায় জড়িতদের শনাক্ত করাও সম্ভব হয়নি।
ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন জানান, নিষিদ্ধ ছাত্রলীগ এ ঘটনা ঘটাতে পারে। তারা গোপালগঞ্জ থেকে যে তাণ্ডব শুরু করেছে, তা সারা দেশে ছড়াতে চায়। এখানে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রমের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে এ ধরনের অপচেষ্টা চালিয়েছে। কিন্তু তারা কখনো সফল হবে না।
এদিকে, পুলিশ সূত্রে জানা গেছে, রাতের কোনো একসময় দুর্বৃত্তরা পার্টি অফিসে আগুন দিয়ে পালিয়ে যেতে পারে। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।
ঘটনার খবর পেয়ে লালমোহন থানার ওসি নজরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

-6b0ae6481b994.jpg)