প্রতিদিন ৮ গ্লাস পানি পান কি সত্যিই জরুরি?
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ০৫:৫৩ পিএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
সুস্থ থাকতে প্রতিদিন আট গ্লাস পানি পান করতে হবে—ছোটবেলা থেকেই এমন কথা শুনে আসছেন অনেকে। গরমের দিনে বাইরে বের হলে পানির বোতল সঙ্গে রাখা কিংবা কর্মস্থলে বসে নিয়মিত পানি পান করা অনেকের দৈনন্দিন অভ্যাস।
কিন্তু শরীর সুস্থ রাখতে প্রত্যেকের জন্যই কি আট গ্লাস পানি বাধ্যতামূলক? নাকি পানির প্রয়োজন নির্ভর করে ব্যক্তিভেদে?
বিশেষজ্ঞদের মতে, শরীরের স্বাভাবিক কার্যক্রম সচল রাখতে পর্যাপ্ত পানি পান করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে প্রতিটি মানুষের পানির চাহিদা সমান নয়। বয়স, ওজন, শারীরিক পরিশ্রম, আবহাওয়া এবং শরীরের বিপাকীয় কার্যক্রমের ওপর নির্ভর করে পানির প্রয়োজনীয়তা। বাংলাদেশের মতো উষ্ণ ও আর্দ্র আবহাওয়ায় অতিরিক্ত ঘামের কারণে শরীর থেকে পানি বেরিয়ে যাওয়ার পরিমাণও বেশি হতে পারে।
আট গ্লাস পানির ধারণার শুরু যেভাবে
প্রতিদিন আট গ্লাস বা ৬৪ আউন্স পানি পানের ধারণাটি জনপ্রিয়তা পায় ১৯৪৫ সালে। সে সময় যুক্তরাষ্ট্রের ন্যাশনাল রিসার্চ কাউন্সিলের ফুড অ্যান্ড নিউট্রিশন বোর্ড দৈনিক পানির প্রয়োজনীয়তা নিয়ে একটি নির্দেশনা দিয়েছিল। সেখান থেকেই আট গ্লাস পানির হিসাবটি ব্যাপকভাবে পরিচিতি পায়।
তবে ওই নির্দেশনায় একটি গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ ছিল। দৈনিক পানির চাহিদা নির্ধারণের ক্ষেত্রে শুধু সাধারণ পানিকে বিবেচনা করা হয়নি। খাবার ও অন্যান্য পানীয় থেকে শরীরে প্রবেশ করা পানিও এর অন্তর্ভুক্ত ছিল। পরবর্তী সময়ে বিষয়টি অনেকের কাছে অস্পষ্ট হয়ে যায়। ফলে আট গ্লাস সাধারণ পানি পান করাকে সুস্থ থাকার বাধ্যতামূলক নিয়ম হিসেবে ধরে নেওয়া হয়।
টাফটস বিশ্ববিদ্যালয়ের হিউম্যান নিউট্রিশন রিসার্চ সেন্টার ফর এজিংয়ের জ্যেষ্ঠ বিজ্ঞানী ও অধ্যাপক পল জ্যাকসের মতে, মানুষের শরীরের গঠন, আবহাওয়া, শারীরিক সক্রিয়তা এবং বিপাকীয় হারের পার্থক্যের কারণে পানির চাহিদাও ভিন্ন হয়। তার উল্লেখ করা একটি হিসাব অনুযায়ী, পুরুষদের দৈনিক প্রায় ১৩ কাপ এবং নারীদের প্রায় ৯ কাপ তরল প্রয়োজন হতে পারে। তবে এই পরিমাণের মধ্যে শুধু পানি নয়, অন্যান্য পানীয়ও অন্তর্ভুক্ত। খাবার থেকে পাওয়া পানিও হিসাব করলে মোট পরিমাণ আরও বাড়ে।
শরীরে পানির ঘাটতি হলে কী হতে পারে?
মানবদেহের অর্ধেকেরও বেশি অংশ পানি দিয়ে গঠিত। তাই শরীরের স্বাভাবিক কার্যক্রম বজায় রাখতে পর্যাপ্ত পানি প্রয়োজন। পানির ঘাটতি খুব বেশি না হলেও তা শারীরিক সক্ষমতা ও মস্তিষ্কের কার্যক্রমে প্রভাব ফেলতে পারে।
অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটির হাইড্রেশন সায়েন্স ল্যাবের প্রতিষ্ঠাতা পরিচালক স্টাভরোস কাভোরাসের মতে, শরীরে মাত্র ১ থেকে ২ শতাংশ পানির ঘাটতিও ব্যায়ামের সক্ষমতা কমিয়ে দিতে পারে। পাশাপাশি মস্তিষ্কের কর্মক্ষমতা, হৃদযন্ত্র এবং রক্তনালির স্বাভাবিক কার্যক্রমেও নেতিবাচক প্রভাব পড়তে পারে।
অর্থাৎ, তীব্র তৃষ্ণা অনুভব করার আগেই শরীরে পানির ঘাটতির প্রভাব শুরু হতে পারে। তাই শুধু পিপাসা পেলেই পানি পান করার অভ্যাস যথেষ্ট নাও হতে পারে।
পানির ঘাটতিতে কি দ্রুত বাড়তে পারে বয়স?
শরীরে পানির পরিমাণের সঙ্গে সুস্থভাবে বার্ধক্যে পৌঁছানোর সম্পর্ক নিয়েও গবেষণা হয়েছে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউটস অব হেলথের (এনআইএইচ) একটি গবেষণায় দেখা গেছে, যেসব প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে দীর্ঘদিন পর্যাপ্ত পানির ঘাটতি থাকে, তাদের দ্রুত বার্ধক্যের লক্ষণ এবং বিভিন্ন দীর্ঘমেয়াদি রোগের ঝুঁকি বেশি হতে পারে।
এ গবেষণায় ১১ হাজারের বেশি মানুষের প্রায় ৩০ বছরের তথ্য বিশ্লেষণ করা হয়। অংশগ্রহণকারীদের বয়স ছিল ৪৫ থেকে ৬৬ বছরের মধ্যে। গবেষকেরা রক্তে সোডিয়ামের মাত্রা পরীক্ষা করে শরীরের পানির অবস্থা সম্পর্কে ধারণা নেন।
ফলাফলে দেখা যায়, যাদের রক্তে সোডিয়ামের মাত্রা স্বাভাবিক সীমার উচ্চ পর্যায়ে ছিল, তাদের মধ্যে দ্রুত বয়স বাড়ার কিছু লক্ষণ বেশি দেখা গেছে। একই সঙ্গে ফুসফুসের রোগ, ডায়াবেটিস, হৃদ্রোগ ও স্ট্রোকের মতো দীর্ঘমেয়াদি স্বাস্থ্য সমস্যার ঝুঁকির ইঙ্গিতও পাওয়া যায়। তবে পানির ঘাটতিই সরাসরি এসব রোগের কারণ কি না, তা নিশ্চিত করতে আরও গবেষণা প্রয়োজন।
বয়স বাড়লে কেন পানির প্রয়োজনীয়তা আরও গুরুত্বপূর্ণ?
বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরের তৃষ্ণা অনুভব করার স্বাভাবিক ক্ষমতা কমে যেতে পারে। ফলে পানির প্রয়োজন থাকলেও অনেক বয়স্ক মানুষ সহজে তৃষ্ণা অনুভব করেন না। এতে অজান্তেই শরীরে পানিশূন্যতা তৈরি হওয়ার আশঙ্কা থাকে।
নিউইয়র্কের আইকান স্কুল অব মেডিসিনের জেরিয়াট্রিকস ও প্যালিয়েটিভ মেডিসিন বিভাগের অধ্যাপক রোজান লিপজিগের মতে, তরুণ বয়সে তৃষ্ণা অনুভব করলে মানুষ সাধারণত পানি পান করেন। কিন্তু বয়স বাড়ার পর একই ধরনের তৃষ্ণার সংকেত অনেক সময় স্পষ্টভাবে অনুভূত হয় না।
এছাড়া কিছু ওষুধ, বিশেষ করে যেসব ওষুধ প্রস্রাবের পরিমাণ বাড়ায়, সেগুলো শরীরের পানির ভারসাম্যে প্রভাব ফেলতে পারে। আবার প্রস্রাবের চাপ বা মূত্রথলির সমস্যা এড়াতে অনেক বয়স্ক ব্যক্তি ইচ্ছাকৃতভাবে পানি কম পান করেন। ২০১৯ সালের একটি গবেষণাতেও বয়স্কদের মধ্যে দীর্ঘদিন পানির ঘাটতি থাকার বিষয়টি উঠে এসেছে।
প্রতিদিন কতটুকু পানি পান করা উচিত?
বিশেষজ্ঞদের মতে, প্রতিদিন আট গ্লাস পানি পান করার ধারণাটি সহজে মনে রাখা যায় এবং অনেকের জন্য এটি কার্যকর অভ্যাসও হতে পারে। তবে সবার জন্য একই পরিমাণ পানি প্রয়োজন—এমন কোনো নিয়ম নেই।
গরম আবহাওয়ায় বাইরে দীর্ঘ সময় অবস্থান, ব্যায়াম, শারীরিক পরিশ্রম কিংবা অতিরিক্ত ঘামের কারণে শরীরের পানির চাহিদা বেড়ে যায়। অন্যদিকে শুধু সাধারণ পানি নয়, ফলমূল, শাকসবজি এবং অন্যান্য পানীয় থেকেও শরীর প্রয়োজনীয় তরল পেতে পারে। শসা, তরমুজ ও কমলার মতো পানিসমৃদ্ধ খাবারও শরীরের পানির চাহিদা পূরণে ভূমিকা রাখে।
তবে কিডনি, হৃদযন্ত্র কিংবা অন্য কোনো শারীরিক সমস্যার কারণে যাদের পানি পানের পরিমাণ নির্দিষ্ট করে দিয়েছেন চিকিৎসক, তাদের অবশ্যই সেই নির্দেশনা অনুসরণ করা উচিত। কারণ প্রয়োজনের তুলনায় অতিরিক্ত পানি পান করাও শরীরের জন্য ক্ষতিকর হতে পারে।


