ডায়াবেটিসে পচে যেতে পারে পায়ের আঙুল, ঝুঁকি এড়াতে মানতে হবে যেসব নিয়ম
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ০৬:২২ পিএম
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের পায়ের সামান্য ক্ষতও ভয়াবহ বিপদের কারণ হতে পারে। সময়মতো চিকিৎসা না করালে ছোট ক্ষত থেকে সংক্রমণ, ঘা এমনকি গ্যাংগ্রিনও হতে পারে। পরিস্থিতি গুরুতর হলে পায়ের আঙুল, পায়ের কোনো অংশ কিংবা পুরো পা কেটে ফেলার প্রয়োজন হতে পারে।
কলকাতার পুনর্গঠনমূলক শল্যচিকিৎসক ও প্লাস্টিক সার্জন ডা. অনুপম গোলাস জানিয়েছেন, দীর্ঘদিন ধরে ডায়াবেটিসে ভুগছেন, কিন্তু রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখছেন না কিংবা নিয়মিত চিকিৎসা নিচ্ছেন না, এমন ব্যক্তিদের পায়ে জটিলতা দেখা দেওয়ার ঝুঁকি বেশি। রক্ত চলাচল কমে যাওয়া এবং স্নায়ু ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে এ সমস্যা তৈরি হয়।
যেভাবে তৈরি হয় গ্যাংগ্রিন
চিকিৎসক ডা. গোলাসের মতে, পায়ের যত্ন না নেওয়া, অপরিচ্ছন্নতা এবং খালি পায়ে হাঁটার কারণে প্রথমে পায়ের ত্বকে কড়া বা শক্ত চামড়া তৈরি হতে পারে। পরে ওই অংশের নিচে সংক্রমণ হয়ে ঘা সৃষ্টি হয়। যথাযথ চিকিৎসা না হলে সংক্রমণ ছড়িয়ে গ্যাংগ্রিনে রূপ নিতে পারে।
পায়ের ত্বক অস্বাভাবিক শক্ত হয়ে যাওয়া, কোনো জায়গা থেকে রস বা পুঁজ বের হওয়া, কড়ার কারণে ব্যথা এবং পায়ের আঙুলের রং পরিবর্তন হওয়া ডায়াবেটিক ফুটের গুরুত্বপূর্ণ লক্ষণ। এসব উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
কখন পা কেটে ফেলতে হতে পারে
চিকিৎসকের মতে, সাধারণত দুটি পরিস্থিতিতে পায়ের কোনো অংশ কেটে ফেলার প্রয়োজন হতে পারে।
প্রথমত, পায়ে রক্ত চলাচল মারাত্মকভাবে কমে গেলে ড্রাই গ্যাংগ্রিন হতে পারে। এতে আক্রান্ত অংশ শুকিয়ে কালো হয়ে যায় এবং অনুভূতিশক্তি হারিয়ে ফেলে।
দ্বিতীয়ত, পায়ের ক্ষত বা সংক্রমণ গুরুতর হয়ে পুঁজ জমলে এবং টিস্যু পচতে শুরু করলে আক্রান্ত অংশ বাদ দেওয়ার প্রয়োজন হতে পারে। অন্যথায় সংক্রমণ শরীরের ওপরের দিকে ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকে। এ ক্ষেত্রে অস্ত্রোপচারের মাধ্যমে আক্রান্ত অংশ পরিষ্কার করা বা প্রয়োজন অনুযায়ী বাদ দেওয়ার পাশাপাশি অ্যান্টিবায়োটিক দেওয়া হয়।
ডা. গোলাস আরও জানান, গরম মেঝে বা রাস্তার ওপর খালি পায়ে হাঁটলেও ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের বিপদ হতে পারে। পায়ের অনুভূতি কমে যাওয়ায় তারা তাৎক্ষণিকভাবে পোড়ার ব্যথা বুঝতে পারেন না। পরে সেই ক্ষত থেকে সংক্রমণ ও ঘা তৈরি হতে পারে।
ডায়াবেটিক ফুট প্রতিরোধে করণীয়
পায়ের জটিলতা এড়াতে কয়েকটি বিষয়ে গুরুত্ব দেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসক।
১. প্রতিদিন পা ভালোভাবে পরিষ্কার করতে হবে। পায়ের আঙুলের ফাঁকসহ সব জায়গায় পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে।
২. ত্বক শুষ্ক ও ফেটে যাওয়া রোধে নিয়মিত ময়েশ্চারাইজার বা ইমোলিয়েন্ট ক্রিম ব্যবহার করতে হবে।
৩. পায়ে ক্ষত, ফোলা, রং পরিবর্তন কিংবা সংক্রমণের লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের কাছে যেতে হবে।
৪. রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে হবে এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করাতে হবে।
৫. কখনো খালি পায়ে হাঁটা যাবে না। বাড়িতে ও বাইরে সব সময় আরামদায়ক ও উপযুক্ত জুতা ব্যবহার করতে হবে।
৬. পায়ের গঠন বিকৃত হলে কিংবা নির্দিষ্ট স্থানে বারবার ঘা হলে চিকিৎসকের পরামর্শে বিশেষ ধরনের অফলোডিং জুতা ব্যবহার করা যেতে পারে। এসব জুতা পায়ের নির্দিষ্ট অংশের ওপর চাপ কমাতে সাহায্য করে।
ডায়াবেটিসে কেমন জুতা ব্যবহার করবেন
ডায়াবেটিক ফুটের জন্য বিশেষ জুতা তৈরির প্রতিষ্ঠান পেডিটেকের প্রতিষ্ঠাতা ও জুতা বিশেষজ্ঞ অনিরুদ্ধ চৌধুরী বলেন, আঁটসাঁট জুতা কিংবা জুতার ভেতরে ঘর্ষণের কারণে পায়ে ক্ষত তৈরি হতে পারে। তাই ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের পায়ের মাপ অনুযায়ী জুতা নির্বাচন করা জরুরি।
তার মতে, জুতার সামনের অংশ চওড়া ও উঁচু হওয়া উচিত, যাতে পায়ের আঙুল পর্যাপ্ত জায়গা পায়। পাশাপাশি জুতায় ভালো কুশনিং, নরম ও মসৃণ ভেতরের আস্তরণ এবং পিছলে যাওয়া প্রতিরোধী হালকা সোল থাকা প্রয়োজন। জুতার ভেতরে কোনো উঁচু সেলাই থাকা উচিত নয়, যাতে পায়ে ঘর্ষণ না লাগে।
যাদের ইতোমধ্যে ডায়াবেটিক ফুটের সমস্যা রয়েছে, তাদের জন্য বিশেষ ধরনের জুতা প্রয়োজন। এসব জুতায় পা ফোলা বা ড্রেসিং থাকার পরও পর্যাপ্ত জায়গা, চাপ কমানোর বিশেষ ইনসোল এবং বাড়তি গভীরতা থাকতে হয়। এতে পায়ের সংবেদনশীল অংশে চাপ ও ঘর্ষণ কমে এবং নতুন করে ক্ষত তৈরির ঝুঁকি হ্রাস পায়।
সূত্র: বিবিসি বাংলা

-6af9a0df9ecc7.jpg)