থাইরয়েড রোগের ১০ লক্ষণ, অবহেলা করলে হতে পারে যে বিপদ
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ১০:২৫ পিএম
থাইরয়েড হলো গলার সামনের অংশে অবস্থিত প্রজাপতির মতো দেখতে একটি ছোট গ্রন্থি। ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
থাইরয়েডের সমস্যা এখন বেশ পরিচিত একটি স্বাস্থ্য সমস্যা। নারী-পুরুষ উভয়েরই এই রোগ হতে পারে। তবে নারীদের মধ্যে আক্রান্ত হওয়ার প্রবণতা তুলনামূলক বেশি। বিভিন্ন পরিসংখ্যান অনুযায়ী, বাংলাদেশে প্রায় ২০ থেকে ৩০ শতাংশ মানুষ থাইরয়েডজনিত সমস্যায় ভুগছেন। উদ্বেগের বিষয় হলো, অনেকেই শরীরে এই রোগের উপস্থিতি বুঝতে পারেন না। কারণ থাইরয়েডের লক্ষণগুলো অনেক সময় সাধারণ শারীরিক ক্লান্তি, ওজনের পরিবর্তন কিংবা মানসিক চাপের সঙ্গে মিলে যায়।
থাইরয়েডের সমস্যা শুধু ওজন বাড়া বা কমার মধ্যেই সীমাবদ্ধ নয়। এটি হৃদস্পন্দন, হজম, ঘুম, মানসিক স্বাস্থ্য, ত্বক, চুল এবং প্রজননস্বাস্থ্যের ওপরও প্রভাব ফেলতে পারে। তাই রোগটির লক্ষণ ও কারণ সম্পর্কে জানা এবং সময়মতো চিকিৎসা নেওয়া জরুরি।
থাইরয়েড কী?
থাইরয়েড হলো গলার সামনের অংশে অবস্থিত প্রজাপতির মতো দেখতে একটি ছোট গ্রন্থি। এটি ট্রাইআইওডোথাইরোনিন (টি৩) ও থাইরক্সিন (টি৪) নামের দুটি গুরুত্বপূর্ণ হরমোন তৈরি করে। এই হরমোন শরীরের বিপাকক্রিয়া, শক্তি উৎপাদন, হৃদস্পন্দন ও তাপমাত্রা নিয়ন্ত্রণে ভূমিকা রাখে।
থাইরয়েড গ্রন্থি প্রয়োজনের তুলনায় কম বা বেশি হরমোন নিঃসরণ করলে মূলত দুটি সমস্যা দেখা দেয়। হরমোন কম নিঃসরণকে হাইপোথাইরয়েডিজম এবং অতিরিক্ত নিঃসরণকে হাইপারথাইরয়েডিজম বলা হয়।
থাইরয়েডের সমস্যার কারণ
হাইপোথাইরয়েডিজমের অন্যতম কারণ হাশিমোটোস থাইরয়েডাইটিস। এটি একটি অটোইমিউন রোগ, যেখানে শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা নিজের থাইরয়েড গ্রন্থিকে আক্রমণ করে। এ ছাড়া আয়োডিনের ঘাটতি, জন্মগত সমস্যা এবং কিছু ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ায় এই রোগ হতে পারে।
অন্যদিকে, হাইপারথাইরয়েডিজমের প্রধান কারণ গ্রেভস ডিজিজ। এ ছাড়া থাইরয়েড গ্রন্থির গলগণ্ড বা নডিউল থেকে অতিরিক্ত হরমোন নিঃসরণ এবং প্রয়োজনের তুলনায় বেশি থাইরয়েডের ওষুধ গ্রহণের কারণেও এ সমস্যা দেখা দিতে পারে।
হাইপোথাইরয়েডিজমের লক্ষণ
থাইরয়েড হরমোন কমে গেলে শরীরের বিপাকক্রিয়া ধীর হয়ে যায়। ফলে দেখা দিতে পারে—
অল্পতেই ক্লান্তি ও দুর্বলতা।
খাবার স্বাভাবিক থাকলেও ওজন বেড়ে যাওয়া।
অতিরিক্ত ঠান্ডা লাগা।
ত্বক শুষ্ক হওয়া ও চুল পড়া।
কোষ্ঠকাঠিন্য।
অতিরিক্ত ঘুম ও মনোযোগ কমে যাওয়া।
বিষণ্নতা ও পেশিতে দুর্বলতা।
হৃদস্পন্দন ধীর হয়ে যাওয়া।
নারীদের মাসিকের পরিমাণ ও চক্রে পরিবর্তন।
হাইপারথাইরয়েডিজমের লক্ষণ
থাইরয়েড হরমোন অতিরিক্ত বেড়ে গেলে শরীরের কার্যক্রম অস্বাভাবিকভাবে দ্রুত হয়। এর সাধারণ লক্ষণগুলো হলো—
ক্ষুধা বাড়লেও ওজন কমে যাওয়া।
বুক ধড়ফড় ও হৃদস্পন্দন বেড়ে যাওয়া।
অতিরিক্ত ঘাম ও গরম সহ্য করতে না পারা।
হাত কাঁপা ও অস্থিরতা।
ঘুমের সমস্যা ও খিটখিটে মেজাজ।
ঘন ঘন মলত্যাগ বা ডায়রিয়া।
পেশিতে দুর্বলতা।
গলার সামনে থাইরয়েড গ্রন্থি ফুলে যাওয়া।
নারীদের মাসিক অনিয়মিত হওয়া।
চোখে জ্বালা, ফোলাভাব ও পানি পড়া।
থাইরয়েড হলে কী কী জটিলতা হয়?
দীর্ঘদিন থাইরয়েডের সমস্যা নিয়ন্ত্রণে না থাকলে হৃদযন্ত্র ও হাড়ের ওপর বিরূপ প্রভাব পড়তে পারে। হরমোন কমে গেলে কোলেস্টেরল বেড়ে হৃদরোগের ঝুঁকি বাড়তে পারে। অন্যদিকে, হরমোন বেশি হলে অনিয়মিত হৃদস্পন্দন ও স্ট্রোকের ঝুঁকি তৈরি হতে পারে। দীর্ঘদিন হাইপারথাইরয়েডিজম থাকলে হাড়ের ঘনত্ব কমে অস্টিওপোরোসিস হতে পারে।
এ ছাড়া নারীদের মাসিক অনিয়মিত হওয়া, গর্ভধারণে জটিলতা এবং গলগণ্ডের মতো সমস্যাও দেখা দিতে পারে। বিশেষ করে গ্রেভস ডিজিজে চোখের বিভিন্ন জটিলতা তৈরি হতে পারে।
কীভাবে থাইরয়েড রোগ শনাক্ত করবেন?
থাইরয়েডের সমস্যা শনাক্ত করতে সাধারণত রক্তে টিএসএইচ পরীক্ষা করা হয়। প্রয়োজন অনুযায়ী ‘ফ্রি টি৩, ফ্রি টি৪’ এবং থাইরয়েড অ্যান্টিবডি পরীক্ষার পরামর্শ দেন চিকিৎসক। গলায় ফোলা বা নডিউল থাকলে আলট্রাসনোগ্রামসহ অন্যান্য পরীক্ষা করা হতে পারে।
কখন চিকিৎসকের কাছে যাবেন?
কোনো কারণ ছাড়াই ওজন দ্রুত বেড়ে বা কমে গেলে, দীর্ঘদিন ক্লান্তি থাকলে, অস্বাভাবিক বুক ধড়ফড় করলে, হাত কাঁপলে কিংবা অতিরিক্ত গরম বা ঠান্ডা লাগলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। নারীদের মাসিক চক্রে অস্বাভাবিক পরিবর্তন এবং গলার সামনে ফোলা দেখা দিলেও পরীক্ষা করানো জরুরি।
বিশেষ করে গলার ফোলা দ্রুত বাড়লে কিংবা খাবার গিলতে ও শ্বাস নিতে কষ্ট হলে দ্রুত চিকিৎসা নিতে হবে। মনে রাখতে হবে, থাইরয়েডের লক্ষণ থাকলেই রোগটি নিশ্চিত হয় না। সঠিক পরীক্ষা ও চিকিৎসকের পরামর্শের মাধ্যমেই রোগ নির্ণয় এবং নিয়ন্ত্রণ সম্ভব।
সূত্র: আরোগ্য

-6af9d9927ffd9.jpg)
-6af9bf493e8c4.jpg)