Logo
Logo
×

Advertisement

লাইফ স্টাইল

শীত এলেই যে ৪ ভুল ধারণায় বিশ্বাস করেন অনেকে

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ০৮:০৮ পিএম

শীত এলেই যে ৪ ভুল ধারণায় বিশ্বাস করেন অনেকে

ফাইল ছবি

Advertisement

শীতকাল এলেই ঠান্ডা থেকে বাঁচতে নানা পরামর্শ শোনা যায়। মাথা দিয়ে শরীরের বেশির ভাগ তাপ বেরিয়ে যায়, গরম পানীয় পান করলে দ্রুত শরীর গরম হয় কিংবা ঠান্ডায় বাইরে বের হলে সহজেই অসুস্থ হতে হয়- এমন ধারণা অনেকের মধ্যেই প্রচলিত। দীর্ঘদিন ধরে এসব কথা শুনতে শুনতে অনেকে এগুলোকে সত্য বলেই মনে করেন। তবে চিকিৎসাবিজ্ঞানের দৃষ্টিতে এসব ধারণার বেশ কয়েকটি ভুল। জেনে নেওয়া যাক শীত নিয়ে প্রচলিত চারটি ভুল ধারণা এবং এর পেছনের প্রকৃত তথ্য।

১. শরীরের বেশির ভাগ তাপ মাথা দিয়ে বেরিয়ে যায়

অনেকের ধারণা, শরীরের প্রায় অধিকাংশ তাপ মাথা দিয়ে বেরিয়ে যায়। তবে এ ধারণার বৈজ্ঞানিক ভিত্তি নেই। শরীরের অন্যান্য অংশের মতো মাথা দিয়েও আনুপাতিক হারে তাপ বের হয়। মানুষের শরীরের মোট পৃষ্ঠতলের মাত্র ৭ থেকে ১০ শতাংশ মাথা। তাই শরীরের অন্য অংশের তুলনায় মাথা দিয়ে বেশি তাপ বের হওয়ার কোনো বিশেষ কারণ নেই।

মূলত শরীরের যে অংশ ঠান্ডার সংস্পর্শে থাকে, সেখান থেকেই তাপ হারানোর আশঙ্কা থাকে। তাই মাথায় টুপি পরা ভালো হলেও শরীরের অন্য অংশ ঢেকে রাখাও সমান গুরুত্বপূর্ণ।

২. গরম পানীয় পান করলে দ্রুত শরীর গরম হয়

শীতে বাইরে দীর্ঘ সময় কাটানোর পর এক কাপ গরম চা বা কফি পান করতে অনেকেই পছন্দ করেন। এতে সাময়িক আরাম অনুভূত হলেও শরীরের অভ্যন্তরীণ তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে বেড়ে যায় না।

বরং গরম ও শুষ্ক পরিবেশে গরম পানীয় পান করলে ঘাম বাড়তে পারে। ত্বকের ঘাম বাষ্পীভূত হওয়ার সময় শরীর থেকে তাপ বের হয়ে যায়। ফলে শরীর কিছুটা ঠান্ডা হতে পারে। তবে গরম পানীয় পান করা ক্ষতিকর নয়; এটি আরাম দিতে পারে, কিন্তু শরীরের মূল তাপমাত্রা বাড়ানোর কার্যকর উপায় নয়।

৩. শীতের কারণে সহজে অসুস্থ হওয়া

ঠান্ডা আবহাওয়ায় বাইরে বের হলে সর্দি-কাশি বা ফ্লু হয়- এমন ধারণা প্রচলিত। কিন্তু এসব অসুস্থতার মূল কারণ ঠান্ডা আবহাওয়া নয়, বরং ভাইরাস ও ব্যাকটেরিয়ার সংক্রমণ।

শীতকালে মানুষ সাধারণত ঘরের ভেতর বেশি সময় কাটায়। এতে বদ্ধ পরিবেশে বাতাসের পুনঃসঞ্চালন এবং কাছাকাছি অবস্থানের কারণে সংক্রমণ ছড়িয়ে পড়ার ঝুঁকি বাড়ে। জানালা খুলে ঘরে বাতাস চলাচলের ব্যবস্থা করা এবং হেপা ফিল্টার ব্যবহার করলে এ ঝুঁকি কমানো সম্ভব। আবহাওয়া অনুকূলে থাকলে বাইরে হাঁটাচলা করাও উপকারী।

৪. শীতকালে রোদে ত্বক পুড়ে না

আবহাওয়া ঠান্ডা থাকলেও সূর্যের অতিবেগুনি রশ্মি বা ইউভি রশ্মির প্রভাব কমে যায় না। মেঘ ও কুয়াশা ভেদ করেও এসব রশ্মি ত্বকে পৌঁছাতে পারে। ফলে শীতকালেও রোদে ত্বক পুড়ে যাওয়ার ঝুঁকি থাকে।

বিশেষ করে স্কিইং বা স্নোবোর্ডিংয়ের মতো খেলায় এ ঝুঁকি আরও বেশি। কারণ, বেশি উচ্চতায় বায়ুমণ্ডল পাতলা থাকায় ইউভি রশ্মি বেশি পরিমাণে ত্বকে পৌঁছায়। পাশাপাশি বরফ সূর্যের প্রায় ৮০ শতাংশ ইউভি রশ্মি প্রতিফলিত করে। ফলে ত্বকে একই রশ্মি দুই দিক থেকে আঘাত করতে পারে।

শীতেও ত্বক সুরক্ষিত রাখতে শরীর ঢেকে রাখা, বাইরে যাওয়ার আগে অন্তত এসপিএফ ১৫ যুক্ত ব্রড-স্পেকট্রাম সানস্ক্রিন ব্যবহার করা এবং সকাল ১০টা থেকে দুপুর ২টার মধ্যে সরাসরি রোদ এড়িয়ে চলা ভালো।

শেষ কথা

শীত থেকে সুরক্ষিত থাকতে প্রচলিত ধারণার ওপর নির্ভর না করে সঠিক তথ্য জানা জরুরি। মাথাসহ শরীরের সব অংশ ঢেকে রাখা, আরামদায়ক পানীয় পান, ঘরে পর্যাপ্ত বাতাস চলাচলের ব্যবস্থা এবং শীতকালেও সানস্ক্রিন ব্যবহার- এসব অভ্যাস সুস্থ থাকতে সহায়তা করতে পারে।

সূত্র: হেলথ লাইন

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

রক্তের যে তিন সংকেতেই ধরা পড়বে অগ্ন্যাশয়ের ক্যানসার

রক্তের যে তিন সংকেতেই ধরা পড়বে অগ্ন্যাশয়ের ক্যানসার

অশরীরী আত্মার ভর নয়, শিশুর স্বাভাবিক আচরণ যে রোগের লক্ষণ

অশরীরী আত্মার ভর নয়, শিশুর স্বাভাবিক আচরণ যে রোগের লক্ষণ

ডায়াবেটিসে পচে যেতে পারে পায়ের আঙুল, ঝুঁকি এড়াতে মানতে হবে যেসব নিয়ম

ডায়াবেটিসে পচে যেতে পারে পায়ের আঙুল, ঝুঁকি এড়াতে মানতে হবে যেসব নিয়ম

ডায়াবেটিসের কারণে কিডনি বিকলের ঝুঁকি, বছরে যে ২ পরীক্ষা জরুরি

ডায়াবেটিসের কারণে কিডনি বিকলের ঝুঁকি, বছরে যে ২ পরীক্ষা জরুরি

পুরুষের শরীরে যে হরমোন কমলেই বাড়ে ক্যানসারে মৃত্যুঝুঁকি

পুরুষের শরীরে যে হরমোন কমলেই বাড়ে ক্যানসারে মৃত্যুঝুঁকি

নিয়মিত খাবারেও কাটছে না ক্লান্তি, দায়ী যে ৪ অভ্যাস

নিয়মিত খাবারেও কাটছে না ক্লান্তি, দায়ী যে ৪ অভ্যাস

আরও পড়ুন

ভাত খাওয়া কি সত্যিই স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, কতটুকু খাবেন?

ভাত খাওয়া কি সত্যিই স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, কতটুকু খাবেন?

রক্তের যে তিন সংকেতেই ধরা পড়বে অগ্ন্যাশয়ের ক্যানসার

রক্তের যে তিন সংকেতেই ধরা পড়বে অগ্ন্যাশয়ের ক্যানসার

শীত এলেই যে ৪ ভুল ধারণায় বিশ্বাস করেন অনেকে

শীত এলেই যে ৪ ভুল ধারণায় বিশ্বাস করেন অনেকে

প্রস্রাব ঘোলাটে হচ্ছে? জানুন কারণ

প্রস্রাব ঘোলাটে হচ্ছে? জানুন কারণ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম