ফ্যাটি লিভার ঠেকাতে প্রতিদিনের খাবারে যে পরিবর্তন জরুরি
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ১০:৩৮ পিএম
লিভারের চর্বি কমাতে ওজন তোলার ব্যায়াম বা শক্তিবর্ধক শরীরচর্চার পরামর্শ দেন চিকিৎসকরা।
|
ফলো করুন |
|
|---|---|
মানবদেহের গুরুত্বপূর্ণ অঙ্গ লিভার বা যকৃৎ। রক্ত থেকে ক্ষতিকর উপাদান দূর করা থেকে শুরু করে খাবার হজমে সহায়তা—শরীরের নানা জরুরি কাজ করে এটি। তাই লিভার সুস্থ রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে লিভার ভালো রাখতে বিশেষ কোনো খাবার বা ডিটক্স পানীয়ের ওপর নির্ভর করার প্রয়োজন নেই। বরং দীর্ঘমেয়াদে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও জীবনযাপনই এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনেকের ধারণা, নির্দিষ্ট কিছু খাবার বা পানীয় লিভার পরিষ্কার করে কিংবা এর ক্ষতি সারিয়ে তোলে। তবে এসব দাবির সবই বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নয়। সম্প্রতি গ্যাস্ট্রোএন্টেরোলজিস্ট চিকিৎসক সৌরভ শেঠি লিভারের স্বাস্থ্যের জন্য বিভিন্ন খাবার ও পানীয়ের উপকারিতা তুলে ধরেছেন।
চিকিৎসক সৌরভ শেঠি তার ইনস্টাগ্রাম পোস্টে ডিটক্স চা ও লিভার পরিষ্কারের পানীয়কে ১০-এর মধ্যে মাইনাস ১০ দিয়েছেন। তার ভাষায়, আপনার লিভারের ডিটক্সের প্রয়োজন নেই। আপনার লিভারই শরীরের ডিটক্স ব্যবস্থা।
অন্যদিকে, ব্ল্যাক কফিকে ১০-এর মধ্যে ১০ নম্বর দিয়েছেন তিনি। নিয়মিত কফি পান করলে লিভারের ফাইব্রোসিস বা টিস্যুতে ক্ষত তৈরি এবং লিভারের ক্যানসারের ঝুঁকি কমার সঙ্গে সম্পর্ক পাওয়া গেছে বলে জানান তিনি।
লিভারের চর্বি কমাতে ওজন তোলার ব্যায়াম বা শক্তিবর্ধক শরীরচর্চার পরামর্শ দিয়েছেন এই চিকিৎসক। তার মতে, এ ধরনের ব্যায়াম শরীরে ইনসুলিনের কার্যকারিতা বাড়ায় এবং লিভারে চর্বি জমা কমাতে সাহায্য করে। ফ্যাটি লিভারের ক্ষেত্রে পেশির শক্তি ও পরিমাণও গুরুত্বপূর্ণ।
চিকিৎসক সৌরভ শেঠির পরামর্শ, শরীরের প্রতি কেজি ওজনের বিপরীতে প্রতিদিন ১ দশমিক ২ থেকে ১ দশমিক ৬ গ্রাম প্রোটিন গ্রহণ করা যেতে পারে। পাশাপাশি প্রতিদিন প্রায় ৩০ গ্রাম আঁশযুক্ত খাবার খাওয়া উচিত। আঁশ রক্তে শর্করা ও কোলেস্টেরল নিয়ন্ত্রণ, দীর্ঘক্ষণ পেট ভরা রাখা এবং অন্ত্রের উপকারী জীবাণুর ভারসাম্য বজায় রাখতে সহায়তা করে।
স্থূলতা ও ফ্যাটি লিভারের চিকিৎসায় জিএলপি-১ শ্রেণির ওষুধকে ১০-এর মধ্যে ৯ দিয়েছেন তিনি। এসব ওষুধ উল্লেখযোগ্য ওজন কমাতে এবং ফ্যাটি লিভারের অবস্থার উন্নতিতে ভূমিকা রাখতে পারে। তবে চিকিৎসকের পরামর্শ ছাড়া এসব ওষুধ ব্যবহার করা উচিত নয়।
অন্যদিকে, ফ্যাটি লিভারের চিকিৎসায় অশ্বগন্ধা সাপ্লিমেন্ট ব্যবহারের বিষয়ে সতর্ক করেছেন তিনি। তার মতে, ফ্যাটি লিভার সারাতে অশ্বগন্ধার কার্যকারিতার নির্ভরযোগ্য প্রমাণ নেই। বরং বিরল ক্ষেত্রে এ ধরনের সাপ্লিমেন্ট ব্যবহারে লিভারের ক্ষতির ঘটনাও ঘটেছে।
অন্ত্রের সুস্থতায় যেসব অভ্যাস এড়িয়ে চলবেন
টয়লেটে বসে দীর্ঘ সময় মোবাইল ফোন ব্যবহার করলে পাইলসের ঝুঁকি বাড়তে পারে। কারণ, এতে দীর্ঘক্ষণ বসে থাকার প্রবণতা তৈরি হয়। মলত্যাগের সময় অতিরিক্ত চাপ প্রয়োগ করলেও পাইলসের সমস্যা বাড়তে পারে।
তিনি মটরশুঁটি, শিম, ডালসহ আঁশযুক্ত খাবার এড়িয়ে না চলার পরামর্শ দিয়েছেন। এসব খাবার অন্ত্রের উপকারী ব্যাকটেরিয়ার বৃদ্ধি এবং নিয়মিত মলত্যাগে সহায়তা করে। পাশাপাশি ডালজাতীয় খাবার কোলন ক্যানসারের ঝুঁকি কমাতেও ভূমিকা রাখতে পারে।
প্রতিদিন মলত্যাগ করলেই যে হজমপ্রক্রিয়া স্বাভাবিক, এমন নয়। মল শক্ত হওয়া, মলত্যাগে কষ্ট হওয়া কিংবা পেট পুরোপুরি পরিষ্কার না হওয়ার অনুভূতি কোষ্ঠকাঠিন্যের লক্ষণ হতে পারে। এ ছাড়া আইবুপ্রোফেন ও ন্যাপ্রোক্সেনের মতো ব্যথানাশক ওষুধ অতিরিক্ত বা অনুপযুক্তভাবে সেবনে পাকস্থলীতে আলসার ও রক্তক্ষরণ হতে পারে।
সব মিলিয়ে লিভার ও অন্ত্র সুস্থ রাখতে সুষম খাবার, পর্যাপ্ত আঁশ, নিয়মিত ব্যায়াম এবং স্বাস্থ্যকর ওজন বজায় রাখা জরুরি। লিভার পরিষ্কারের নামে বিভিন্ন ডিটক্স পণ্য ব্যবহারের পরিবর্তে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী জীবনযাপনে পরিবর্তন আনাই বেশি গুরুত্বপূর্ণ।
সূত্র: এনডিটিভি

-6af9dd04cbbd7.jpg)