Logo
Logo
×

Advertisement

লাইফ স্টাইল

লিপ বাম ব্যবহারের পরও ঠোঁট ফাটে? কারণ জানুন

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ০৬:০০ পিএম

লিপ বাম ব্যবহারের পরও ঠোঁট ফাটে? কারণ জানুন

ছবি: সংগৃহীত

Advertisement

ঠোঁট শুষ্ক হয়ে যাওয়া, চামড়া ওঠা কিংবা ফেটে যাওয়ার সমস্যা থেকে মুক্তি পেতে অনেকেই নিয়মিত লিপ বাম ব্যবহার করেন। বিশেষ করে শীতকালে ঠোঁটের আর্দ্রতা ধরে রাখতে কেউ কেউ দিনে একাধিকবার এটি লাগান। তবে বারবার লিপ বাম ব্যবহারের পরও যদি ঠোঁটের শুষ্কতা না কমে, তাহলে ব্যবহৃত পণ্যের উপাদান নিয়ে ভাবার প্রয়োজন রয়েছে।

বিশেষজ্ঞদের মতে, নিয়মিত লিপ বাম ব্যবহারে সাধারণত ঠোঁটের স্বাভাবিক আর্দ্রতা নষ্ট হয় না কিংবা ঠোঁটে এর ওপর নির্ভরশীলতা তৈরি হয় না। তবে কিছু লিপ বামে থাকা নির্দিষ্ট উপাদান ঠোঁটের সংবেদনশীল ত্বকে জ্বালাপোড়া বা অ্যালার্জির প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে। এতে শুষ্কতা কমার পরিবর্তে আরও বেড়ে যেতে পারে। তাই লিপ বামের উপাদান নির্বাচন এবং ব্যবহারের সঠিক নিয়ম জানা জরুরি।

ঘন ঘন লিপ বাম ব্যবহারে কি ঠোঁট শুষ্ক হয়?

সাধারণভাবে বারবার লিপ বাম ব্যবহারের কারণে ঠোঁট শুষ্ক হয়ে যায় না। বরং ভালো মানের উপযুক্ত লিপ বাম ঠোঁটের আর্দ্রতা ধরে রাখতে এবং বাইরের ক্ষতিকর প্রভাব থেকে ত্বককে সুরক্ষা দিতে সাহায্য করে।

তবে কিছু লিপ বামে থাকা উপাদান ঠোঁটে অস্বস্তি তৈরি করতে পারে। ফলে লিপ বাম ব্যবহারের পর সাময়িক স্বস্তি মিললেও কিছুক্ষণ পর আবার ঠোঁট শুষ্ক, টানটান কিংবা অস্বস্তিকর হয়ে ওঠে। এভাবে একটি চক্র তৈরি হয়, যেখানে অস্বস্তি কমাতে বারবার লিপ বাম ব্যবহার করতে হয়।

ঠোঁটের ত্বক শরীরের অন্যান্য অংশের তুলনায় বেশ পাতলা। এছাড়া এতে সেবাসিয়াস গ্রন্থি নেই, যা প্রাকৃতিক তেল তৈরি করে ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে। এ কারণে ঠোঁট সহজেই শুষ্ক হয়ে যেতে পারে।

ঠোঁট চাটার অভ্যাসও শুষ্কতার অন্যতম কারণ। লালা দ্রুত শুকিয়ে যাওয়ার সময় ঠোঁটের উপরিভাগ থেকে আর্দ্রতা কমিয়ে দেয়। আবার ঠোঁট চাটার পরপরই লিপ বাম লাগালে লালার মধ্যে থাকা হজমকারী এনজাইম ত্বকের সংস্পর্শে থেকে জ্বালাপোড়া বাড়াতে পারে।

লিপ বামের যেসব উপাদান বাড়াতে পারে শুষ্কতা

সব লিপ বাম ঠোঁটের সুরক্ষামূলক স্তর ভালো রাখার জন্য তৈরি হয় না। কিছু উপাদান সংবেদনশীল ত্বকে জ্বালাপোড়া কিংবা অ্যালার্জির প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে। যেমন—

  • মেন্থল ও কর্পূর: ঠোঁটে সাময়িক শীতল অনুভূতি তৈরি করলেও এগুলো সংবেদনশীল ত্বকে জ্বালাপোড়া ও অস্বস্তি বাড়াতে পারে।
  • ফেনল ও ইউক্যালিপটাস তেল: কিছু মানুষের ক্ষেত্রে এসব উপাদান ঠোঁটে জ্বালা সৃষ্টি করে শুষ্কতা আরও বাড়িয়ে দিতে পারে।
  • সুগন্ধি ও ফ্লেভারিং উপাদান: দারুচিনি, বিভিন্ন সুগন্ধি ও স্বাদযুক্ত উপাদান থেকে অ্যালার্জিক কন্টাক্ট কাইলাইটিস হতে পারে। এতে ঠোঁটের চামড়া ওঠা, ফেটে যাওয়া ও প্রদাহ দেখা দেয়।
  • ল্যানোলিন ও প্রোপোলিস: ময়েশ্চারাইজিং উপাদান হিসেবে ব্যবহৃত হলেও সংবেদনশীল ব্যক্তিদের ক্ষেত্রে অ্যালার্জির কারণ হতে পারে।
  • স্যালিসাইলিক অ্যাসিড: মৃত কোষ দূর করতে সাহায্য করলেও আগে থেকেই ফাটা বা ক্ষতিগ্রস্ত ঠোঁটে এটি ব্যবহার করলে জ্বালাপোড়া ও প্রদাহ বাড়তে পারে।

লিপ বাম ব্যবহারের পরও কেন ঠোঁট ফাটে?

লিপ বামের উপাদান ছাড়াও প্রতিদিনের কিছু অভ্যাস ঠোঁটের শুষ্কতা বাড়াতে পারে। এর মধ্যে সবচেয়ে পরিচিত হলো বারবার ঠোঁট চাটা। এতে সাময়িকভাবে ঠোঁট ভেজা মনে হলেও লালা শুকিয়ে যাওয়ার পর আগের চেয়ে বেশি শুষ্কতা তৈরি হতে পারে। লালায় থাকা এনজাইমও ঠোঁটের সংবেদনশীল ত্বকে জ্বালাপোড়া সৃষ্টি করতে পারে।

অনেকের আবার ঠোঁটের উঠে যাওয়া চামড়া হাত দিয়ে টেনে তোলার অভ্যাস রয়েছে। এতে শুধু মৃত চামড়াই নয়, নিচের সুস্থ ত্বকও ক্ষতিগ্রস্ত হতে পারে। ফলে ঠোঁটের সুরক্ষামূলক স্তর দুর্বল হয়ে যায় এবং প্রদাহ কমতে বেশি সময় লাগে।

এছাড়া আবহাওয়ার প্রভাবও গুরুত্বপূর্ণ। শীতের ঠান্ডা বাতাস, কম আর্দ্রতা এবং ঘরের ভেতরে হিটার ব্যবহারের কারণে ঠোঁট থেকে আর্দ্রতা দ্রুত হারিয়ে যেতে পারে। এ কারণেই শীতকালে ঠোঁট ফাটার সমস্যা বেশি দেখা যায়।

দিনে কতবার লিপ বাম ব্যবহার করা উচিত?

ঠোঁটের যত্নে বারবার বিভিন্ন ধরনের লিপ বাম পরিবর্তন না করে ত্বকের জন্য উপযোগী একটি পণ্য বেছে নেওয়া ভালো। এমন লিপ বাম ব্যবহার করা উচিত, যাতে ঠোঁটের আর্দ্রতা ধরে রাখার পাশাপাশি সুরক্ষামূলক স্তর ভালো রাখার উপাদান রয়েছে।

এ ক্ষেত্রে কয়েকটি উপাদান বিশেষভাবে কার্যকর হতে পারে—

  • পেট্রোলিয়াম জেলি: ঠোঁটের ওপর সুরক্ষামূলক আবরণ তৈরি করে এবং আর্দ্রতা বেরিয়ে যাওয়া কমায়।
  • সেরামাইডস: ত্বকের প্রাকৃতিক সুরক্ষাব্যবস্থা ভালো রাখতে সাহায্য করে।
  • শিয়া বাটার: শুষ্ক ঠোঁট নরম ও আর্দ্র রাখতে সহায়তা করে।
  • মৌমাছির মোম: ঠোঁটের ওপর একটি সুরক্ষামূলক স্তর তৈরি করে।
  • ডাইমিথিকোন: ত্বকের উপরিভাগে সুরক্ষামূলক আবরণ তৈরি করে আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে।

সাধারণভাবে দিনে তিন থেকে চারবার লিপ বাম ব্যবহার করা অনেকের জন্য যথেষ্ট হতে পারে। বাইরে যাওয়ার আগে, খাবার খাওয়ার পর এবং রাতে ঘুমানোর আগে এটি লাগানো যেতে পারে। তবে ঠোঁট শুষ্ক থাকলে প্রয়োজন অনুযায়ী আরও ব্যবহার করা যায়।

দিনের বেলায় বাইরে বের হলে এসপিএফ ৩০ বা তার বেশি মাত্রার সানস্ক্রিনযুক্ত লিপ বাম ব্যবহার করা উচিত। বিশেষ করে নিচের ঠোঁট সূর্যের অতিবেগুনি রশ্মির সংস্পর্শে বেশি আসে। দীর্ঘদিন সূর্যের ক্ষতিকর রশ্মির প্রভাবে অ্যাকটিনিক কাইলাইটিস নামের সমস্যা দেখা দিতে পারে। এতে ঠোঁট ক্রমাগত শুষ্ক, খসখসে ও আঁশযুক্ত হয়ে ওঠে। এমন লক্ষণ দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

ঠোঁটের শুষ্কতা দীর্ঘদিন স্থায়ী হলে, বারবার ফেটে রক্ত পড়লে কিংবা সাধারণ যত্নেও উন্নতি না হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

শীতের খাবারের তালিকায় মিষ্টি আলু যে কারণে রাখবেন

শীতের খাবারের তালিকায় মিষ্টি আলু যে কারণে রাখবেন

শীতের সঙ্গী গ্লিসারিন, তবে ব্যবহারে সতর্কতা কতটা জরুরি?

শীতের সঙ্গী গ্লিসারিন, তবে ব্যবহারে সতর্কতা কতটা জরুরি?

বাজার থেকে ফুলকপি কেনার সময় যে ৫ বিষয় খেয়াল রাখবেন

বাজার থেকে ফুলকপি কেনার সময় যে ৫ বিষয় খেয়াল রাখবেন

শীত এলেই যে ৪ ভুল ধারণায় বিশ্বাস করেন অনেকে

শীত এলেই যে ৪ ভুল ধারণায় বিশ্বাস করেন অনেকে

শীতের আগমনী বার্তা: দাম কমেছে যেসব সবজির

শীতের আগমনী বার্তা: দাম কমেছে যেসব সবজির

শীতের আগেই ঠোঁট ফেটে রক্ত পড়ছে? প্রতিকারে মানবেন যেসব উপায়

শীতের আগেই ঠোঁট ফেটে রক্ত পড়ছে? প্রতিকারে মানবেন যেসব উপায়

আরও পড়ুন

শীতের খাবারের তালিকায় মিষ্টি আলু যে কারণে রাখবেন

শীতের খাবারের তালিকায় মিষ্টি আলু যে কারণে রাখবেন

লিপ বাম ব্যবহারের পরও ঠোঁট ফাটে? কারণ জানুন

লিপ বাম ব্যবহারের পরও ঠোঁট ফাটে? কারণ জানুন

প্রতিদিনের ছোট যেসব পরিবর্তনে কমতে পারে ডায়াবেটিসের ঝুঁকি

প্রতিদিনের ছোট যেসব পরিবর্তনে কমতে পারে ডায়াবেটিসের ঝুঁকি

টাকা জমানোর সহজ ১০ উপায়

টাকা জমানোর সহজ ১০ উপায়

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম