শীতের সঙ্গী গ্লিসারিন, তবে ব্যবহারে সতর্কতা কতটা জরুরি?
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ০৪:৪৫ পিএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
শীত এলেই ত্বকে শুষ্কতা, রুক্ষতা ও টানটান ভাব দেখা দেয়। এ সময় ত্বকের স্বাভাবিক আর্দ্রতা বজায় রাখতে কার্যকর ভূমিকা রাখতে পারে গ্লিসারিন। দামি প্রসাধনীর বিকল্প হিসেবেও অনেকের কাছে পরিচিত এই উপাদান। উদ্ভিজ্জ তেল কিংবা প্রাণিজ চর্বি থেকে তৈরি গ্লিসারিন ত্বকে আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে এবং ত্বকের উপরিভাগ কোমল ও সজীব রাখে।
ত্বকের আর্দ্রতা ধরে রাখার ক্ষেত্রে গ্লিসারিন বেশ কার্যকর একটি উপাদান। এটি বাতাস ও আশপাশের পরিবেশ থেকে পানি আকর্ষণ করে ত্বকের আর্দ্রতা বজায় রাখতে সহায়তা করে।
ত্বকের যত্নে গ্লিসারিনের উপকারিতা
ত্বকের আর্দ্রতা বজায় রাখে: গ্লিসারিন ত্বকের বাইরের স্তরে আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে। ফলে শুষ্কতা কমে এবং ত্বক থাকে সতেজ।
ত্বকের সুরক্ষাস্তর শক্তিশালী করে: নিয়মিত ব্যবহারে ত্বকের প্রাকৃতিক প্রতিরক্ষাব্যবস্থা ভালো রাখতে সহায়তা করে।
বাইরের ক্ষতিকর উপাদান থেকে সুরক্ষা দেয়: ধুলাবালি ও পরিবেশের বিভিন্ন বিরূপ উপাদানের কারণে ত্বকে যে শুষ্কতা বা অস্বস্তি তৈরি হয়, তা কমাতে সাহায্য করতে পারে।
ত্বকের ক্ষত নিরাময়ে সহায়ক: ত্বকের স্বাভাবিক পুনর্গঠন প্রক্রিয়ায় সহায়তা করে এবং ক্ষত সারাতে ভূমিকা রাখতে পারে।
রুক্ষতা দূর করে: ত্বকের শুষ্ক ও খসখসে ভাব কমিয়ে কোমলতা ফিরিয়ে আনতে সাহায্য করে। পাশাপাশি সোরিয়াসিসের মতো কিছু ত্বকের সমস্যায় শুষ্কতা কমাতেও উপকারী হতে পারে।
গ্লিসারিন ব্যবহারে যেসব বিষয়ে সতর্ক থাকবেন
গ্লিসারিন ব্যবহারের ক্ষেত্রে কিছু সতর্কতা প্রয়োজন। এটি আশপাশের পরিবেশ থেকে পানি শোষণ করে। বাতাসে আর্দ্রতার পরিমাণ খুব কম থাকলে ত্বকের গভীর স্তর থেকেও পানি টেনে নিতে পারে। এতে উলটো ত্বকের শুষ্কতা বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে।
এছাড়া ঘন বা অবিশুদ্ধ গ্লিসারিন সরাসরি ত্বকে ব্যবহার করলে কারও কারও জ্বালাপোড়া কিংবা অস্বস্তি হতে পারে। তাই গ্লিসারিনযুক্ত প্রসাধনী ব্যবহার করা অথবা উপযুক্তভাবে পাতলা করে নেওয়া ভালো।
মুখে গ্লিসারিন ব্যবহারের নিয়ম
প্রথমে পরিষ্কার পানি দিয়ে মুখ ধুয়ে নিন। এরপর সামান্য গ্লিসারিন পানির সঙ্গে মিশিয়ে পাতলা করে তুলার প্যাড দিয়ে মুখে আলতোভাবে লাগাতে পারেন। কয়েক মিনিট অপেক্ষা করে পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।
এছাড়া গোলাপজলের সঙ্গে অল্প গ্লিসারিন মিশিয়ে ব্যবহার করা যায়। নিয়মিত ব্যবহারের ময়েশ্চারাইজার বা ক্রিমের সঙ্গেও এটি মিশিয়ে নেওয়া সম্ভব। তবে ব্যবহারের আগে পণ্যের নির্দেশনা অনুসরণ করা জরুরি।
সম্ভাব্য পার্শ্বপ্রতিক্রিয়া
সাধারণত গ্লিসারিন ত্বকের জন্য সহনীয় হলেও সবার ক্ষেত্রে একই রকম প্রতিক্রিয়া নাও হতে পারে। কারও কারও অ্যালার্জি, ত্বক লাল হয়ে যাওয়া কিংবা চুলকানির সমস্যা দেখা দিতে পারে। এমন লক্ষণ দেখা দিলে ব্যবহার বন্ধ করতে হবে। নতুন করে ব্যবহারের আগে ত্বকের ছোট একটি অংশে পরীক্ষা করে নেওয়াও ভালো।

