খুলনায় চাঁদার দাবিতে দুই কারখানা ও ফার্মেসিতে ফের গুলি
খুলনা ব্যুরো
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ১০:০৫ পিএম
প্রতীকী ছবি
|
ফলো করুন |
|
|---|---|
খুলনা নগরীতে চাঁদা দাবিকে কেন্দ্র করে এবার একটি তুষকাঠ মিল, চানাচুর কারখানা ও চাঁদার দাবিতে বন্ধ হয়ে আবার চালু হওয়া ফার্মেসিতে ফের গুলি চালিয়েছে সন্ত্রাসীরা। পুলিশি প্রহরায় ১৯ দিন পর ১৫ নভেম্বর থেকে প্রতিষ্ঠানটি চালুর পর ফের গুলি করা হয়। গুলিতে জারিফ নামে ফার্মেসির এক কর্মচারী আহত হয়।
শুক্রবার (২৭ নভেম্বর) ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত নগরীর তিনটি ব্যবসাপ্রতিষ্ঠানে এই হামলা চালায় সন্ত্রাসীরা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, লবণচরার হঠাৎ বাজার এলাকার একটি তুষকাঠ মিলের মালিকের কাছে গত কয়েক দিন ধরে স্থানীয় একটি সন্ত্রাসী বাহিনীর প্রধান মোটা অঙ্কের চাঁদা দাবি করে আসছিল। মালিকপক্ষ চাঁদা দিতে অস্বীকৃতি জানালে শুক্রবার ভোর সাড়ে ৬টার দিকে ওই বাহিনীর সদস্যরা মিলটি লক্ষ্য করে এক রাউন্ড গুলি ছোড়ে।
একই বাজারের পাশে শামসুর রহমানের চানাচুর কারখানাতেও দীর্ঘদিন ধরে চাঁদা দাবি করে আসছিল একই চক্র। চাঁদা না পেয়ে শুক্রবার ভোরে ওই বাহিনীর দুই সদস্য কারখানাটি লক্ষ্য করে এক রাউন্ড গুলি ছুড়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পৃথক দুটি প্রতিষ্ঠানে গুলিবর্ষণের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
লবণচরা থানার ওসি সৈয়দ মোশাররেফ জানান, গুলিবর্ষণের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে ঠিক কী কারণে এ ঘটনা ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ভয়ে কেউ মুখ খুলছেন না। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে।
এদিকে চাঁদাবাজির ভয়ে বন্ধ হয়ে যাওয়া নগরীর টুটপাড়া এলাকার চয়নিকা ফার্মেসি গত ১৫ নভেম্বর পুলিশি প্রহরায় পুনরায় চালু করা হয়। গত ২৬ অক্টোবর চাঁদা দাবির ঘটনায় নিরাপত্তাহীনতার কারণে মালিকপক্ষ প্রতিষ্ঠানটি বন্ধ করে দেয়। এতে ওই এলাকার নিয়মিত ওষুধ ক্রেতাদের ভোগান্তিতে পড়তে হয়। বন্ধ হওয়ার ১৯ দিন পর শনিবার সন্ধ্যার পর পুলিশি নিরাপত্তায় ফার্মেসিটি আবার চালু করা হয়। এ সময় প্রতিষ্ঠানটির নিরাপত্তায় কয়েকজন পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।
তবে ব্যবসাপ্রতিষ্ঠান চালু করতে পুলিশি পাহারার প্রয়োজন হওয়া এবং একের পর এক প্রতিষ্ঠানে হামলার ঘটনা নগরীর ব্যবসায়ীদের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।
খুলনা নগরীতে চাঁদা দাবিকে কেন্দ্র করে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও অস্ত্রের মুখে ভয়ভীতি প্রদর্শনের ঘটনা ক্রমেই বাড়ছে। একের পর এক হামলার শিকার হচ্ছে ডায়াগনস্টিক সেন্টার, প্যাথলজি, রেস্টুরেন্টসহ বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান। কোথাও চাইনিজ কুড়াল নিয়ে ঢুকে তাণ্ডব চালানো হচ্ছে, কোথাও গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে, আবার কোথাও চিকিৎসকদের অস্ত্রের মুখে ভয়ভীতি দেখানো হচ্ছে।
গত ৩০ দিনে নগরীর অন্তত ১৫টি ব্যবসাপ্রতিষ্ঠানে এ ধরনের হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এ ছাড়া চাঁদাবাজি ও নিরাপত্তাহীনতার কারণে শতাধিক ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে বলে অভিযোগ রয়েছে। এক মাসের ব্যবধানে ধারাবাহিক এসব ঘটনায় ব্যবসায়ী ও চিকিৎসাসংশ্লিষ্টদের মধ্যে উদ্বেগ-আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিশেষ করে চিকিৎসাসেবার সঙ্গে যুক্ত প্রতিষ্ঠানগুলোতে প্রকাশ্যে অস্ত্র নিয়ে হামলার ঘটনায় রোগী, স্বজন ও কর্মচারীরা নিরাপত্তাহীনতায় ভুগছে।
খুলনা থানার ওসি লোকমান হোসেন বলেন, চয়নিকা ফার্মেসিতে গুলির ঘটনা জানতে পেরেছি। পুলিশ পরিদর্শন টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। একজন আহত হয়েছে বলে জানতে পেরেছি। এ বিষয়ে পরে বিস্তারিত জানাতে পারব।
উল্লেখ্য, নভেম্বর মাসের প্রথম ২৫ দিনে খুলনা মহানগর ও জেলার বিভিন্ন স্থানে অন্তত ১৫টি গুলির ঘটনা ঘটেছে। এর মধ্যে ২৪ নভেম্বর এক দিনেই সাতটি এলাকায় গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। এই সময়ের মধ্যে গুলিতে পাঁচ জন এবং ধারালো অস্ত্রের আঘাতে আরও একজন নিহত হয়েছেন। গুলিবিদ্ধসহ আহত হয়েছেন অন্তত ছয় জন। হামলা চালানো প্রতিষ্ঠানগুলোর মধ্যে নগরীর সনডাঙ্গা এলাকার পালঙ্কি রেস্টুরেন্ট এবং টুটপাড়া এলাকার চয়নিকা ফার্মেসি দুটি পুলিশ পাহারায় খোলা হয়। এর মধ্যে দাবিতে বন্ধ হয়ে যাওয়া পালঙ্কি রেস্টুরেন্ট খোলার দিনেই গুলি চালায় সন্ত্রাসীরা। এ ছাড়া চয়নিকা ফার্মেসি খোলার ১২ দিন পর শুক্রবার সন্ধ্যায় হামলা চালায় সন্ত্রাসীরা।

