ধান কাটার সময় কৃষককে পিটিয়ে হত্যা
লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ০৯:৫৭ পিএম
ফরহাদ মোল্যা
|
ফলো করুন |
|
|---|---|
নড়াইলের লোহাগড়া উপজেলায় জমি-সংক্রান্ত বিরোধের জেরে ফরহাদ মোল্যা (৫৪) নামের এক কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে।
শুক্রবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের ছায়মানার-চর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ফরহাদ ওই গ্রামের গফুর মোল্যার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ছায়মানার-চর গ্রামের ফরহাদ মোল্যার সঙ্গে তার চাচাতো ভাই দাউদ মোল্যা ও তার লোকজনের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল।
এ নিয়ে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকালে দুইপক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এর জেরে শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে ফরহাদ মোল্যা নিজের জমিতে ধান কাটতে গেলে আগে থেকে পাশের একটি বাগানে ওতপেতে থাকা দাউদ মোল্যা ও তার লোকজন লাঠি দিয়ে তাকে পিটিয়ে গুরুতর আহত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহতের মেজো ভাই জাফর মোল্যা অভিযোগ করে বলেন, শুক্রবার সকালে আমার ভাই ফরহাদ জমিতে কিষান নিয়ে ধান কাটতে যান। এ সময় প্রতিপক্ষ দাউদ মোল্যা, ইলিয়াস, সোহাগ, নূর মিয়া ও আমিনুরসহ ৮ থেকে ১০ জন মিলে তাকে পিটিয়ে হত্যা করেন। পুলিশের উপস্থিতিতেই আমার ভাইকে পিটিয়ে হত্যা করা হয়েছে। আমি এর বিচার চাই।
তবে এসব অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত দাউদ মোল্যা বলেন, ফরহাদ মোল্যা স্ট্রোকজনিত কারণে মারা গেছেন। তাকে কোনো আঘাত করা হয়নি।
পুলিশের উপস্থিতিতে হত্যাকাণ্ডের অভিযোগ অস্বীকার করে লাহুড়িয়া তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) জুয়েল রানা বলেন, ঘটনার পর ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। প্রতিপক্ষের লোকজন তাকে পিটিয়ে হত্যা করেছে বলে স্থানীয়দের অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এ হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
