নড়াইলের সেই বেন্দারচরে হিন্দু বসতিই নেই
সংখ্যালঘুদের বাড়িতে আগুনের অভিযোগ গুজব, মিথ্যাচার
বিপ্লব রহমান, কালিয়া (নড়াইল) থেকে
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
নড়াইলের কালিয়ায় বিএনপির দুই নেতাকে হত্যার জেরে বেন্দারচর গ্রাম ও ঘোষপাড়ায় আওয়ামী লীগ নেতাকর্মীদের কমপক্ষে ৩০টি বাড়িতে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। তবে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে কোনো হামলার ঘটনা ঘটেনি। সরেজমিন দেখা গেছে, ওই গ্রামে কোনো হিন্দু বসতিই নেই। তবুও পুরোনো এবং কৃত্রিম বুদ্ধিমত্তার এআই ভিডিও ছড়িয়ে প্রচার করা হচ্ছে-সংখ্যালঘুদের বাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাট হয়েছে। এমন গায়েবি অভিযোগ নিয়ে স্থানীয়দের মাঝে ক্ষোভ ও বিভ্রান্তি দেখা দিয়েছে। স্থানীয়দের দাবি-বিএনপির দুই নেতাকে হত্যায় আওয়ামী লীগের বেশ কয়েক নেতাকর্মীর বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। সেখানে হিন্দু সম্প্রদায়ের কারও বাড়িতে আগুনের ঘটনা ঘটেনি। শুধু উপজেলা আওয়ামী লীগের সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান কৃষ্ণপদ ঘোষের বাড়িতে আগুন দেওয়া হয়েছে। স্থানীয়দের দাবি-সেটি সম্পূর্ণ রাজনৈতিক প্রতিহিংসার কারণে হয়েছে। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ওই নেতার দাপটে অতিষ্ঠ ছিলেন বিএনপি নেতাকর্মীরা।
সরেজমিন কালিয়ার বেন্দারচর গ্রামে দেখা যায়, আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়ি পুরুষশূন্য হয়ে আছে। বেন্দারচর গ্রামে কোনো হিন্দু সম্প্রদায় না থাকলেও পাশের বেন্দা গ্রামে অর্ধশতাধিক হিন্দু বসতি রয়েছে। বেন্দা গ্রামের বাসিন্দা জেলা পূজা উদ্যাপন পরিষদের সাবেক সভাপতি কমল আখি বিশ্বাস ও সর্বজনিন চণ্ডিপূজা মণ্ডপের সভাপতি গোবিন্দ চন্দ্র পাল বলেন, এ এলাকায় হিন্দুদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। যা শোনা যাচ্ছে সব গুজব।
উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সম্পাদক শঙ্খ কুমার ঘোষ বলেন, কালিয়ায় হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর ভাঙচুরের ঘটনা ঘটেনি। সামাজিক যোগাযোগমাধ্যমে যা ছড়ানো হচ্ছে তা সে ফ গুজব। শুধু আওয়ামী লীগ নেতা সাবেক উপজেলা চেয়ারম্যান কৃষ্ণপদ ঘোষের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
তবে সেটি রাজনৈতিক কারণে হয়েছে। এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রয়েছে। উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি অশোক ঘোষ বলেন, গত শুক্রবার রাতে ঘোষপাড়ায় আমাদের হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা কিংবা অগ্নিসংযোগ হয়নি। এ নিয়ে গুজব ছড়ানো হচ্ছে।
ঘোষপাড়ার সাবেক কাউন্সিলর অসিত ঘোষ ও অরুপ ঘোষ বলেন, ঘোষপাড়ায় শুধু কৃষ্ণপদ ঘোষের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা হয়েছে। এখানে আর কোনো বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেনি। সংবাদমাধ্যমে যা প্রচার হয়েছে তা অপপ্রচার ও গুজব।
এদিকে, হামলার ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ‘হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িঘরে হামলা ও লুটপাট’-সংক্রান্ত প্রচারিত তথ্যকে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত বলে জানিয়েছে জেলা পুলিশ। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীরা আগে ধারণকৃত ও এআই নির্মিত ভিডিও বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা চালাছে। পুলিশ স্পষ্ট জানিয়েছে, বেন্দারচরে কোনো হিন্দু বসতি নেই এবং এ ঘটনায় হিন্দু পরিবার বা ব্যবসা প্রতিষ্ঠানের ওপর হামলার ঘটনা ঘটেনি।
কালিয়া উপজেলা বিএনপির সম্পাদক স. ম. ওয়াহিদুজ্জামান মিলু বলেন, গত ১৮ নভেম্বর সন্ধ্যায় আমাদের শান্তিপূর্ণ মিছিলে পতিত স্বৈরাচারের দোসররা হামলা চালিয়ে দুই নেতাকে হত্যা করেছে। বাড়িঘরে হামলা-অগ্নিসংযোগে বিএনপির কোনো নেতাকর্মী জড়িত আছে কিনা তা তদন্ত করে দেখা হবে। ওসি ইদ্রিস আলী জানান, দুটি হত্যাকাণ্ডের জেরে বিক্ষুব্ধ জনতা কয়েকটি বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক আছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিন্নাতুল ইসলাম জানান, সাবেক এমপি কবিরুল হক মুক্তি, উপজেলা আওয়ামী লীগের সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান কৃষ্ণপদ ঘোষ এবং সাবেক মেয়র ফকির মুশফিকুর রহমান লিটনের বাড়িসহ কয়েকটি বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের কথা শুনেছি। এখানে কোনো হিন্দু বাড়িতে কোনো হামলা বা অগ্নিসংযোগ হয়নি।
