ইন্দোনেশিয়ায় জাহাজ আটকে বাংলাদেশের নাম
ষড়যন্ত্র মনে করছেন কর্মকর্তারা
বিশেষ প্রতিনিধি
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ইন্দোনেশিয়ায় আটক জাহাজ ঘিরে বাংলাদেশের নাম আসার বিষয়টিকে ষড়যন্ত্র মনে করছেন বাংলাদেশের কর্মকর্তারা। তাদের দাবি রহস্যজনকভাবে বিষয়টি বাংলাদেশের ওপর চাপানো হচ্ছে। নৌমন্ত্রণালয়ের সচিব আতাউর রহমান খান যুগান্তরকে জানিয়েছেন, এ ধরনের জাহাজ বাংলাদেশে আসার কোনো তথ্য তাদের কাছে নেই।
গত ৭ নভেম্বর ইন্দোনেশিয়ার উপকূলে ৪০৫ টন সোডিয়াম পারক্লোরাইড এবং কয়েক লাখ ফোরজি সিম কার্ড নিয়ে কমোরোসের পতাকাবাহী ‘স্টারলাইন’ নামের একটি জাহাজ আটক হয়। এর ১৩ দিন পর ২০ নভেম্বর ইন্দোনেশিয়ার নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, জাহাজটির গন্তব্য ছিল বাংলাদেশের মোংলা বন্দর। বিষয়টি ইন্দোনেশিয়ার গণমাধ্যমেও প্রচার হয়। এমন একটি জাহাজ ঘিরে মোংলা বন্দরের নাম আসায় বিস্মিত বাংলাদেশের কর্মকর্তারা।
বিদেশি কোনো জাহাজ বাংলাদেশে আসার অনুমতি দেয় নৌ-বাণিজ্য অধিদপ্তর। সেই দপ্তরের নটিক্যাল সার্ভেয়ার ক্যাপ্টেন শেখ জালাল উদ্দিন গাজী যুগান্তরকে বলেন, ‘বিদেশি জাহাজ বাংলাদেশে আসার আগে আমাদের কাছ থেকে অনুমতি নেয়। কিন্তু স্টারলাইন নামের কোনো জাহাজ বাংলাদেশের জলসীমা বা কোনো বন্দরে আসতে আমাদের কাছে অনুমতি চায়নি।’
মোংলা বন্দর কর্তৃপক্ষের উপপরিচালক সালাউদ্দিন কবিরও জানান, তাদের বন্দরে (মোংলায়) আসার জন্য এ ধরনের কোনো জাহাজ অনুমতি চায়নি।
মোংলা বন্দর শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ক্যাপ্টেন রফিকুল ইসলাম জানান, স্টারলাইন মোংলায় আসার নামগন্ধ নেই। তারপরও কেন বাংলাদেশের নাম এলো তা রহস্যজনক। এটি বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র ছাড়া কিছুই নয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন সিনিয়র কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে যুগান্তরকে বলেন, ‘কীভাবে মোংলা বন্দরের নাম এলো, তা আমরা খতিয়ে দেখছি।’
জাহাজের জিপিএস ট্র্যাকিং মেরিন ট্র্যাফিক ডটকমের তথ্য অনুযায়ী, জাহাজটি চীনের লিয়াংইয়ংগেন বন্দর থেকে ১২ সেপ্টেম্বর রওয়ানা দেয়। ৬ নভেম্বর ইন্দোনেশিয়া জলসীমার বেলাওয়ান এলাকায় পৌঁছে। ৭ নভেম্বর সেটি আটক করা হয়। ১৩ দিন পর বিষয়টি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করে ইন্দোনেশিয়ার নৌবাহিনী। এমভি স্টারলাইন আটকের ঘটনা বেশ আলোচিত। কারণ ৪০৫ টন রাসায়নিক উদ্ধার ছাড়াও সেই জাহাজে কয়েক লাখ অনিবন্ধিত ফোর-জি সিম আটক করা হয়েছে।
দেশের অন্যতম মোবাইল অপারেট রবির হেড অব করপোরেট অ্যাফেয়ার্স সাহেদ আলম জানান, দেশের কোনো অপারেটর বিদেশ থেকে সিম আমদানি করে না। স্থানীয় ছয়টি প্রতিষ্ঠান অপারেটরদের চাহিদা অনুযায়ী সিম বানিয়ে দেয়। তিনি বলেন, ‘সিমে সংশ্লিষ্ট অপারেটরের চিফ থাকতে হয়। কিন্তু ওই জাহাজে আটক সিমে কোনো অপারেটরের চিফ নেই।’
এমভি স্টারলাইন নামের জাহাজটিতে থাকা ৩৬টি কনটেইনারের মধ্যে ১৫টিতে মোট ৪০৫ টন সোডিয়াম পারক্লোরাইড পাওয়া গেছে বলে দাবি করেছে ইন্দোনেশিয়ার নৌবাহিনী। ওই বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা রিয়ার অ্যাডমিরাল ডেনি সেপতিয়ানা বলেছেন, ‘উদ্ধার করা সোডিয়াম পারক্লোরাইড অন্য উপাদানের সঙ্গে মিশিয়ে রকেট ও মিসাইল তৈরি হয়। প্রতিটি মিসাইলের জন্য চার টন উপাদান ধরে হিসাব করলে উদ্ধার করা ৪০০ টন কেমিক্যাল দিয়ে ১০০টি মিসাইল তৈরি করা সম্ভব।’
ওই কর্মকর্তা আরও জানান, চীন থেকে বাংলাদেশে যাওয়ার পথে স্টারলাইন জাহাজটি বেলাওয়ান জলসীমায় জ্বালানি নেওয়ার জন্য অবস্থান করছিল। এ সময় তাদের টহল জাহাজ কেআরআই সিগালু-৮৫৭-এর সদস্যরা জাহাজটির অস্বাভাবিক গতিবিধি লক্ষ্য করেন। জাহাজটি নির্ধারিত পথের বাইরে চলাচল করায় সন্দেহ হলে সেটির সঙ্গে যোগাযোগ করেন তারা। পরে জাহাজের নথিপত্র ও পণ্যসামগ্রীতে অসংগতি পাওয়ায় তল্লাশির উদ্যোগ নেওয়া হয়।
এ বিষয়ে বাংলাদেশের বিস্ফোরক অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ মোহসীন উদ্দিন সোমবার যুগান্তরকে বলেন, ‘সোডিয়াম পারক্লোরাইড আমদানির অনুমতি দেওয়ার ক্ষমতা বিস্ফোরক অধিদপ্তরের নেই। তাই এ ধরনের বিস্ফোরক কাউকে আমদানির অনুমতি দেওয়ার প্রশ্নই আসে না।’
