Logo
Logo
×

Advertisement

প্রথম পাতা

শেষ ভরসার অ্যান্টিবায়োটিকও বেহাল

কমছে প্রতিরোধ ক্ষমতা

জাহিদ হাসান

জাহিদ হাসান

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

কমছে প্রতিরোধ ক্ষমতা

ফাইল ছবি

Advertisement

জ্বর, কাশি, নিউমোনিয়া কিংবা ইউরিন ইনফেকশন। গুরুতর অসুস্থ হলে চিকিৎসক অ্যান্টিবায়োটিক দেন। এসব ওষুধের ওপর ভরসা করেই সুস্থ হয়ে ওঠেন অসংখ্য মানুষ। কিন্তু দুঃসংবাদ হলো-সেই অ্যান্টিবায়োটিকই এখন অনেক ক্ষেত্রে জীবাণুর বিরুদ্ধে কাজ করছে না। এমনকি গুরুতর সংক্রমণের চিকিৎসায় ব্যবহৃত শক্তিশালী অ্যান্টিবায়োটিকও হার মানছে জীবাণুর কাছে। ফলে বাড়ছে রোগীর মৃত্যুঝুঁকি। দীর্ঘ হচ্ছে হাসপাতালে থাকার সময়। বাড়ছে চিকিৎসার খরচ।

সম্প্রতি বাংলাদেশে অ্যান্টিবায়োটিকের কার্যকারিতা কমে যাওয়ার ভয়াবহ চিত্র উঠে এসেছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) এক গবেষণায়। বিএমইউ’র মাইক্রোবায়োলজি অ্যান্ড ইমিউনোলজি বিভাগ প্রকাশিত ‘অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স রিপোর্ট-২০২৫-২৬’-এ দেখা গেছে, গুরুতর সংক্রমণের চিকিৎসায় ব্যবহৃত কার্বাপেনেম গ্রুপের অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে জীবাণুর প্রতিরোধ ক্ষমতা বাড়ছে। কিছু ক্ষেত্রে এই প্রতিরোধের হার ৯৫ শতাংশ ছাড়িয়েছে। অর্থাৎ চিকিৎসায় অ্যান্টিবায়োটিক কার্যকারিতা উদ্বেগজনকভাবে কমছে। কার্বাপেনেম হলো-এক ধরনের শক্তিশালী অ্যান্টিবায়োটিক, যা মূলত গুরুতর ব্যাকটেরিয়াজনিত সংক্রমণের চিকিৎসায় ব্যবহৃত হয়।

বিশেষজ্ঞরা বলছেন, অ্যান্টিবায়োটিকের ভুল ব্যবহার, চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবন, প্রয়োজন ছাড়াই অ্যান্টিবায়োটিক গ্রহণ এবং নির্ধারিত নিয়ম না মানার কারণে এই পরিস্থিতি তৈরি হচ্ছে। এখনই কার্যকর ব্যবস্থা না নিলে সাধারণ সংক্রমণের চিকিৎসাও কঠিন হয়ে পড়তে পারে।

এক বছরে বেড়েছে অ্যান্টিবায়োটিক প্রতিরোধ : বিএমইউ’র গবেষণাটি করা হয়েছে ২০২৫ সালের জুলাই থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত প্রতিষ্ঠানটির বহির্বিভাগ ও অন্তর্বিভাগের রোগীদের নমুনা পরীক্ষা করে। এ সময়ে মোট ৫০ হাজার ৮৪৪টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১৩ হাজার ২৫১টি নমুনায় (২৬.৬ শতাংশ) ব্যাকটেরিয়ার উপস্থিতি পাওয়া গেছে। গবেষণার সবচেয়ে উদ্বেগজনক তথ্য হলো, কার্বাপেনেম গ্রুপের অ্যান্টিবায়োটিকের কার্যকারিতা কমে যাওয়া। কার্বাপেনেম এক ধরনের শক্তিশালী অ্যান্টিবায়োটিক, যা মূলত জটিল ব্যাকটেরিয়াজনিত সংক্রমণের চিকিৎসায় ব্যবহৃত হয়। বিশেষ করে অন্য অ্যান্টিবায়োটিক কাজ না করলে চিকিৎসকরা এগুলোর ওপর নির্ভর করেন।

গবেষণায় দেখা গেছে, ৬ ধরনের অন্যতম গ্রাম-নেগেটিভ ব্যাকটেরিয়ার (এক ধরনের ক্ষতিকর ব্যাকটেরিয়া) ৩৬ দশমিক ২ শতাংশ নমুনায় মেরোপেনেমের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়েছে। আগের বছর এই হার ছিল ২৮ দশমিক ২ শতাংশ। অর্থাৎ এক বছরের ব্যবধানে জীবাণুটির চিকিৎসায় মেরোপেনেম অ্যান্টিবায়োটিকটির কার্যকারিতা ক্ষমতা কমেছে ৬৩.৮ শতাংশ পর্যন্ত।

একইভাবে ক্লেবসিয়েলা ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কার্বাপেনেম প্রতিরোধের হার ৪০ শতাংশ। অর্থাৎ অ্যান্টিবায়োটিকটির কার্যকারিতা ক্ষমতা কমেছে ৬০ শতাংশ। ই.কোলাইয়ের ক্ষেত্রে প্রতিরোধের হার ২০.৭ শতাংশ হওয়ায় অ্যান্টিবায়োটিকের কার্যকারিতা কমেছে ৭৯.৩ শতাংশ। হাসপাতালে সংক্রমণ ছড়ানোর জন্য পরিচিত অ্যাসিনেটোব্যাক্টর ৫৭.৫ শতাংশ এবং সিউডোমোনাস ব্যাক্টেরিয়া ৫২.১ শতাংশ কার্বাপেনেম প্রতিরোধী। এ হিসাবে কার্বাপেনেমের কার্যকারিতা কমছে যথাক্রমে ৪২.৫ শতাংশ ও ৪৭.৯ শতাংশ।

আরও ভয়াবহ চিত্র পাওয়া গেছে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রোগীদের নমুনায়। আইসিইউ রোগীদের শ্বাসনালি থেকে পাওয়া ক্লেবসিয়েলা ও অ্যাসিনেটোব্যাক্টর ব্যাকটেরিয়ার ক্ষেত্রে প্রতিরোধের হার ৯৫ শতাংশ ছাড়িয়েছে। অর্থাৎ আইসিইউর রোগীর শরীরে অ্যান্টিবায়োটিকের কার্যকারিতা দেখা গেছে মাত্র ৫ শতাংশ।

চিকিৎসাবিজ্ঞানের পরিভাষায় ক্লেবসিয়েলা মূলত এক ধরনের গ্রাম-নেগেটিভ তথা দণ্ড আকৃতির ব্যাকটেরিয়া, যা মানুষের অন্ত্রে, ত্বকে বা মুখগহ্বরে কোনো ক্ষতি না করেই প্রাকৃতিকভাবে বসবাস করে। এটি যদি শরীরের অন্যান্য অংশে (যেমন : ফুসফুস, রক্তপ্রবাহ বা মূত্রনালি) প্রবেশ করে, তখন গুরুতর ইনফেকশন বা সংক্রমণের সৃষ্টি করতে পারে।

অন্যদিকে সিউডোমোনাসও গ্রাম-নেগেটিভ ব্যাকটেরিয়া যা মানুষের শরীরে বিভিন্ন ধরনের সংক্রমণ (যেমন : কানের ইনফেকশন, ত্বকে র‌্যাশ বা ফুসফুসের সংক্রমণ) সৃষ্টি করতে পারে, বিশেষ করে যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল করে।

সাধারণ ইউরিন ইনফেকশনেও কাজ করছে না ওষুধ 

প্রস্রাবে সংক্রমণ বা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন (ইউটিআই) খুব পরিচিত একটি সমস্যা। নারী-পুরুষ উভয়েই এতে আক্রান্ত হন। ই.কোলাই নামের ব্যাকটেরিয়া এ সংক্রমণের প্রধান কারণ। ই.কোলাই এক ধরনের গ্রাম-নেগেটিভ ব্যাকটেরিয়া (জীবাণু)। কিন্তু এই সংক্রমণের চিকিৎসায় ব্যবহৃত অনেক অ্যান্টিবায়োটিকের কার্যকারিতা কমে যাচ্ছে।

বিএমইউর গবেষণায় দেখা গেছে, ইউরিনের নমুনায় পাওয়া ই.কোলাই ব্যাকটেরিয়ার ৮২.৮ শতাংশ অ্যামোক্সিসিলিন অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে প্রতিরোধী। অর্থাৎ ই.কোলাই ব্যাকটেরিয়ার চিকিৎসায় অ্যামোক্সিসিলিনের কার্যকারিতা কমছে ১৭.২ শতাংশ।

সিপ্রোফ্লক্সাসিন অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রে ব্যাক্টেরিয়া প্রতিরোধের হার ৭৩.৫ শতাংশ হওয়ায় ওষুধটির কার্যকারিতা ২৬.৫ শতাংশ পর্যন্ত কমছে। সেফট্রিয়াক্সন অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রে ব্যাক্টেরিয়া প্রতিরোধের হার ৯২.২ শতাংশ ওষুধটির কার্যকারিতা কমছে ৭.৮ শতাংশ। এমনকি ইউরিন ইনফেকশনে বহুল ব্যবহৃত নাইট্রোফিউরানটয়িন অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধেও প্রতিরোধের হার এক বছরে ৩৩.৩ শতাংশ থেকে বেড়ে ৫০.১ শতাংশ হয়েছে। অ্যান্টিবায়োটিকের কার্যকারিতা কমেছে ৫০ শতাংশ।

শেষ ভরসার ওষুধও ঝুঁকিতে

অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জীবাণুর বিরুদ্ধে কোলিস্টিন অ্যান্টিবায়োটিককে শেষ ভরসার ওষুধগুলোর একটি হিসাবে বিবেচনা করা হয়। গবেষণায় দেখা গেছে, অধিকাংশ নমুনায় এই ওষুধ এখনো কার্যকর। তবে উদ্বেগের বিষয় হলো, রক্তের নমুনায় পাওয়া ক্লেবসিয়েলার ৩.৬ শতাংশ এবং অ্যাসিনেটোব্যাক্টরের ৩.১ শতাংশ কোলিস্টিন প্রতিরোধী। অর্থাৎ শেষ ভরসার ওষুধটির বিরুদ্ধেও কিছু জীবাণু প্রতিরোধী হয়ে উঠছে। অ্যান্টিবায়োটিকের কার্যকারিতা কমছে যথাক্রমে ৯৬.৬ ও ৯৬.৯ শতাংশ পর্যন্ত।

বাড়ছে টাইফয়েড ও অন্যান্য সংক্রমণের ঝুঁকি : গবেষণায় টাইফয়েডের জীবাণুর মধ্যেও অ্যান্টিবায়োটিক প্রতিরোধের প্রবণতা দেখা গেছে। টাইফয়েডের রোগীর রক্তের নমুনায় পাওয়া ১৪১টি টাইফয়েড জীবাণুর অর্ধেকের বেশি সিপ্রোফ্লক্সাসিন অ্যান্টিবায়োটিক কাজ করছে না। ন্যালিডিক্সিক অ্যাসিডের বিরুদ্ধে প্রতিরোধের হার ৬৯.৭ শতাংশ। অ্যান্টিবায়োটিকের কার্যকরিতা কমছে ৩০.৩ শতাংশ।

ক্ষত, পুঁজ, নাক ও কান থেকে পাওয়া নমুনায় এমআরএসএ এক ধরনের ব্যাকটেরিয়ার হারও বাড়ছে। ২০২২-২৩ সালে এই হার ছিল ৯.৭ শতাংশ। চলতি প্রতিবেদনে তা বেড়ে ২৬.৩ শতাংশ হয়েছে। অর্থাৎ অ্যান্টিবায়োটিকটির ক্ষমতা কমছে ৭৩.৭ শতাংশ। রক্তের নমুনায় ছত্রাক সংক্রমণের ক্ষেত্রেও নতুন উদ্বেগ দেখা দিয়েছে। ক্যান্ডিডা ফেরি নামের ছত্রাকের চিকিৎসায় ৭১.২ শতাংশ ফ্লুকোনাজল প্রতিরোধী। আগের বছর এ হার ছিল ৪০ শতাংশ। অ্যান্টিবায়োটিকের কাজ কমছে ২৮.৮ শতাংশ পর্যন্ত।

কেন বাড়ছে অ্যান্টিবায়োটিক প্রতিরোধ : অ্যান্টিবায়োটিক প্রতিরোধ বা অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স (এএমআর) এমন একটি অবস্থা, যখন ব্যাকটেরিয়া বা অন্য জীবাণু অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা তৈরি করে। ফলে ওষুধ প্রয়োগ করলেও জীবাণু ধ্বংস হয় না। বিএমইউ’র প্রতিবেদনে এ সমস্যার কয়েকটি কারণ চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে রয়েছে চিকিৎসকের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক খাওয়া, ভাইরাসজনিত রোগে অপ্রয়োজনে অ্যান্টিবায়োটিক ব্যবহার, ভুল মাত্রায় ওষুধ গ্রহণ এবং চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ বন্ধ করে দেওয়া।

বিশেষজ্ঞদের বক্তব্য

বিএমইউ উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী বলেন, যথেচ্ছভাবে অ্যান্টিবায়োটিক ব্যবহারের কারণে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে। ফলে একজন রোগী অসুস্থ হওয়ার পর সুস্থ হতে অ্যান্টিবায়োটিকের প্রয়োজন হলেও অনেক ক্ষেত্রে ওষুধ কাজ করছে না।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার বলেন, অ্যান্টিবায়োটিক ব্যবহারের নির্দিষ্ট নিয়ম ও মেয়াদ রয়েছে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করতে হবে। নিজের ইচ্ছায় অ্যান্টিবায়োটিক শুরু করা বা বন্ধ করা যাবে না।

মাইক্রোবায়োলজি অ্যান্ড ইমিউনোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. আবু নাসের ইবনে সাত্তার বলেন, অ্যান্টিবায়োটিকের অপব্যবহার ও অসচেতন ব্যবহারের কারণে জীবাণু প্রতিরোধী হয়ে উঠছে। ফলে অ্যান্টিবায়োটিকের কার্যকারিতা হারাচ্ছে। এতে সংক্রমণের চিকিৎসা সংকটের মুখে পড়ছে।

সচেতন না হলে বিপদ আরও বাড়বে

অ্যান্টিবায়োটিকের ক্ষমতা কমার কারণে নিউমোনিয়া, সেপসিস ও যক্ষ্মার মতো রোগের চিকিৎসা কঠিন হয়ে পড়তে পারে। বেড়ে যেতে পারে মৃত্যুঝুঁকি। বিএমইউ’র প্রতিবেদনে হাসপাতালভিত্তিক অ্যান্টিবায়োটিক নীতিমালা প্রণয়ন, সংক্রমণ নিয়ন্ত্রণ জোরদার, পরীক্ষাগারের সক্ষমতা বৃদ্ধি এবং অ্যান্টিবায়োটিক ব্যবহারে নজরদারি বাড়ানোর সুপারিশ করা হয়েছে। আইসিইউ’তে কার্বাপেনেম ব্যবহারে সতর্কতা এবং ২০৩০ সালের মধ্যে এএমআর মোকাবিলায় গবেষণা জোরদারের কথাও বলা হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

অ্যান্টিবায়োটিক বিক্রি ও অনিয়ন্ত্রিত ব্যবহার নিয়ে কড়া সতর্কতা ডিজিডিএ’র

অ্যান্টিবায়োটিক বিক্রি ও অনিয়ন্ত্রিত ব্যবহার নিয়ে কড়া সতর্কতা ডিজিডিএ’র

হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমানোর ওষুধে বিজ্ঞানীদের হতাশা

হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমানোর ওষুধে বিজ্ঞানীদের হতাশা

সকালে না রাতে—কখন ওষুধ খাওয়া ভালো?

সকালে না রাতে—কখন ওষুধ খাওয়া ভালো?

ক্যানসারের ১৩৭ ওষুধের দাম কমাচ্ছে ভারত

ক্যানসারের ১৩৭ ওষুধের দাম কমাচ্ছে ভারত

টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন,  নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট

টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট

ওষুধের দাম কমাতে সাশ্রয়ী উৎপাদনব্যবস্থার ওপর জোর ইউজিসি চেয়ারম্যানের

ওষুধের দাম কমাতে সাশ্রয়ী উৎপাদনব্যবস্থার ওপর জোর ইউজিসি চেয়ারম্যানের

আরও পড়ুন

শেষ ভরসার অ্যান্টিবায়োটিকও বেহাল কমছে প্রতিরোধ ক্ষমতা

কমছে প্রতিরোধ ক্ষমতা

প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ করে সন্তুষ্ট এনসিপি আ.লীগ ও ভারত ইস্যুতে রূপরেখা চান নাহিদ

আ.লীগ ও ভারত ইস্যুতে রূপরেখা চান নাহিদ

ঋণ বাড়ল ২০ হাজার কোটি টাকা বিদেশে পাচার হওয়া টাকাই এখন খেলাপি হচ্ছে

বিদেশে পাচার হওয়া টাকাই এখন খেলাপি হচ্ছে

ইন্দোনেশিয়ায় জাহাজ আটকে বাংলাদেশের নাম ষড়যন্ত্র মনে করছেন কর্মকর্তারা

ষড়যন্ত্র মনে করছেন কর্মকর্তারা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম