ফেসবুকে ভিডিও বার্তা দিয়ে ছাত্রদল নেতার পদত্যাগ
কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ১০:৪৬ পিএম
শামীম হোসেন
|
ফলো করুন |
|
|---|---|
ফেসবুকে নিজের একটি ভিডিও বক্তব্য পোস্ট করে রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার রায়গ্রাম ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক শামীম হোসেন।
শুক্রবার (২৭ নভেম্বর) দুপুর ১২টার দিকে ৮ মিনিট ২০ সেকেন্ডের ওই ভিডিওটি তিনি নিজের ফেসবুক পেজে পোস্ট করেন।
ক্যাপশনে তিনি লেখেন- ‘দালালে ভরা হাইব্রিড বিএনপির রাজনীতি থেকে স্বেচ্ছায় পদত্যাগ করলাম, আল্লাহ হাফেজ।’
পদত্যাগের ঘোষণা দেওয়া শামীম হোসেন রায়গ্রাম ইউনিয়নের ভাটাডাঙ্গা গ্রামের মোফাজ্জেল হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সরকার নতুন উদ্যোক্তাদের জন্য স্বল্প সুদে ২০ লাখ টাকা ঋণ প্রদানের লক্ষ্যে আবেদন আহ্বান করে। শামীম ওই ঋণের জন্য আবেদন করেন এবং প্রাথমিকভাবে নির্বাচিত হয়ে বাংলাদেশ ব্যাংকের খুলনা শাখায় মৌখিক পরীক্ষা দেন। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় এ ঋণের জন্য কালীগঞ্জ উপজেলা থেকে চূড়ান্তভাবে নির্বাচিত ছয়জনের তালিকা প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক। তালিকায় নিজের নাম না থাকায় হতাশ ও ক্ষুব্ধ হয়ে তিনি ভিডিও বার্তার মাধ্যমে রাজনীতি ছাড়ার ঘোষণা দেন।
ভিডিও বক্তব্যে শামীম বলেন, ‘বৃহস্পতিবার রাতে দেখলাম তরুণ উদ্যোক্তাদের একটি চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। কালীগঞ্জ থেকে পাঁচ শতাধিক উদ্যোক্তা আবেদন করেছিলেন, সেখানে আমিও করেছিলাম। প্রাথমিকভাবে ৫০ জনকে বাছাই করা হয়েছিল, সেখানে আমি ছিলাম। খুলনায় ভাইভা দিয়ে এসেছি। এই ৫০ জনের মধ্যে আমরা মাত্র দুজন ছিলাম ছাত্রদলের পদধারী—আমি এবং কালীগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি তৌহিদ। ভেবেছিলাম যেহেতু আমরা উদ্যোক্তা ও ছাত্রদল করি, যোগ্যতায় আমরা নির্বাচিত হব।’
তিনি আরও বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রী খুবই সুন্দর একটি উদ্যোগ নিয়েছেন। কিন্তু তিনি থানা বা জেলাকেন্দ্রিক কাদের নিয়োগ দিয়েছেন, আমি জানি না। আমার মনে হয় দালালদের নিয়োগ দিয়েছেন। অতীতের দুর্দিনে ও সংগ্রামে আমরা সামনের সারিতে থেকে ছাত্রদল করেছি। এই দল করতে গিয়ে চারটি মামলা খেয়েছি, শিক্ষাজীবনের দুটি বছর নষ্ট হয়েছে এবং ৮৭ দিন জেল খেটেছি। অথচ এমন একটি সুন্দর উদ্যোগ থেকে আমাদের বাদ দেওয়া হয়েছে। নির্বাচিত করা হয়েছে আওয়ামী পরিবারের সন্তানদের, যাদের অনেকেই নিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিল।’
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি আহ্বান জানিয়ে শামীম বলেন, ‘আপনি কাদের নিয়োগ দিয়েছেন একটু খতিয়ে দেখুন। এই দল দালালরাই ভোগ করবে, আমার মতো ছাত্রনেতাদের কিছুই হবে না। তাই এখনো যারা ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত আছেন, তাদের কাছে অনুরোধ করব আপনারা এই রাজনীতি থেকে বের হয়ে নিজের ক্যারিয়ারের দিকে মনোযোগ দিন।’
নিজের খামারের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমার পাখি ও কবুতরের একটি খামার রয়েছে। পাশাপাশি গরুর খামার শুরু করেছি। এই ঋণটা পেলে ভালো কিছু করার আশা ছিল।’
বক্তব্যের শেষ অংশে তিনি বলেন, ‘আমি আমার দলীয় পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করছি। আর বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কোনো মিছিল-মিটিং ও কর্মসূচিতে সম্পৃক্ত থাকব না। দলীয় কোনো কারণে আমাকে কেউ ফোন দেবেন না বা ডাকবেন না। আজ থেকে চিরসমাপ্তি।’
যোগাযোগ করা হলে শামীম হোসেন বলেন, ‘কারও প্ররোচনা বা কাউকে ছোট করার জন্য ভিডিওটি পোস্ট করিনি। দলের জন্য নিজের ক্যারিয়ার শেষ করেছি, কিন্তু ক্ষমতায় আসার পর শুধু অবহেলা পেয়েছি। এই হতাশা থেকেই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।’
এ বিষয়ে ঝিনাইদহ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শাহরিয়ার রাসেল বলেন, ছাত্রনেতা শামীমের ভিডিও পোস্টটি দেখেছি। ব্যস্ততার কারণে এখনো তার সঙ্গে যোগাযোগ করতে পারিনি, তবে যোগাযোগের চেষ্টা করছি।
