পুলিশের কাছ থেকে যুবলীগ নেতাকে ছিনিয়ে নেওয়া সেই যুবদল নেতা বহিষ্কার
কুমিল্লা উত্তর প্রতিনিধি
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ১০:৫৮ পিএম
আতাউর রহমান ভূঁইয়া
|
ফলো করুন |
|
|---|---|
পুলিশের কাছ থেকে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের এক নেতাকে ছাড়িয়ে নেওয়ার অভিযোগে কুমিল্লার মেঘনা উপজেলা যুবদলের আহ্বায়ক আতাউর রহমান ভূঁইয়াকে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর) জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এমপির নির্দেশনায় যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মো. মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বহিষ্কারাদেশের ওই বিজ্ঞপ্তি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও প্রচার করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আওয়ামী ফ্যাসিস্টদের রক্ষায় ভূমিকা রাখার সুস্পষ্ট অভিযোগে কুমিল্লা উত্তর জেলা আওতাধীন মেঘনা উপজেলা যুবদলের আহ্বায়ক আতাউর রহমান ভূঁইয়াকে প্রাথমিক সদস্য পদসহ সব পদ থেকে বহিষ্কার করা হলো। কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।
প্রসঙ্গত, মেঘনা থানার উপপরিদর্শক (এসআই) আকতার হোসেনের কাছ থেকে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের এক নেতাকে ছাড়িয়ে নেওয়ার ঘটনায় শুক্রবার (২৭ নভেম্বর) দৈনিক যুগান্তরে ‘যুবলীগ নেতাকে ছাড়িয়ে নিলেন যুবদল নেতা, এসআই পুলিশ লাইনসে সংযুক্ত’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।
এরপরই কেন্দ্রীয় যুবদলের পক্ষ থেকে আতাউর রহমানের বিরুদ্ধে এই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হলো।
