Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বাস থামিয়ে ছাত্রদল নেতাকে তুলে নিয়ে নির্যাতনের অভিযোগ আ.লীগ নেতাদের বিরুদ্ধে

Icon

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ০৩:২৭ পিএম

বাস থামিয়ে ছাত্রদল নেতাকে তুলে নিয়ে নির্যাতনের অভিযোগ আ.লীগ নেতাদের বিরুদ্ধে

মোহাম্মদ সাব্বির খান। ছবি: সংগৃহীত

Advertisement

ঢাকা থেকে পিরোজপুর আসার পথে গোপালগঞ্জে বাস থামিয়ে ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের এক নেতাকে তুলে নিয়ে নির্যাতন, পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি এবং জোর করে রাজনৈতিক বক্তব্যের ভিডিও ধারণ করে তার ফেসবুক আইডিতে প্রকাশের অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। 

হামলাকারীদের কাছ থেকে পালিয়ে পিরোজপুরে পৌঁছানোর পর জেলা ছাত্রদলের নেতাকর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ।

আহত ওই নেতার নাম মোহাম্মদ সাব্বির খান। তিনি ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহসাধারণ সম্পাদক। তার গ্রামের বাড়ি ঝালকাঠির রাজাপুর উপজেলায়। তিনি মৃত মো. আলকাস খানের ছেলে। বর্তমানে তিনি পিরোজপুর জেলা হাসপাতালে চিকিৎসাধীন।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত ৮টার দিকে গোপালগঞ্জের পুলিশ লাইন ও বেদগ্রাম এলাকার মাঝামাঝি এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেন সাব্বির।

সাব্বিরের ভাষ্য, বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে ঢাকার নর্দা থেকে ইমাদ পরিবহণের একটি বাসে পিরোজপুরের উদ্দেশে রওনা হন তিনি। বাসে পাশের আসনে বসা এক ব্যক্তির সঙ্গে কথোপকথনের একপর্যায়ে নিজেকে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলে পরিচয় দেন। এ সময় ওই ব্যক্তি তার ফেসবুকের পোস্ট দেখে ছাত্রদলের সঙ্গে সম্পৃক্ততার বিষয়টি জানতে পারেন। পরে তিনি বাসের পেছনের দিকে গিয়ে মোবাইলে কারও সঙ্গে কথা বলেন।

সাব্বিরের অভিযোগ, এর কিছুক্ষণ পর রাত ৮টার দিকে গোপালগঞ্জের পুলিশ লাইন ও বেদগ্রাম এলাকার মাঝামাঝি স্থানে বাসটি থামানো হয়। এরপর প্রায় ২০ জনের একটি দল বাসে উঠে তাকে নামিয়ে নিয়ে যায়। তাদের কয়েকজনের কাছে অস্ত্র ছিল। পরে অস্ত্রের মুখে জিম্মি করে লাঠি ও হকিস্টিক দিয়ে তাকে মারধর করা হয়। এ সময় তার কাছে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।

তিনি আরও অভিযোগ করেন, হামলাকারীরা তার পিঠে অস্ত্র ঠেকিয়ে বিএনপি ও ছাত্রদলকে নিয়ে গালাগালমূলক বক্তব্য দিতে বাধ্য করেন। সেই বক্তব্যের ভিডিও ধারণ করে তার নিজের ফেসবুক আইডি থেকে প্রকাশ করা হয়। এ সময় তার মোবাইল ও পকেটে থাকা প্রায় ১৩ হাজার টাকা নিয়ে যায় হামলাকারীরা।

একপর্যায়ে তাদের কাছ থেকে পালিয়ে একটি মাঠ পেরিয়ে অন্য পথ দিয়ে মূল সড়কে ফিরে আসেন সাব্বির। পরে অন্য একটি বাসে করে পিরোজপুরের উদ্দেশে রওনা হন। রাত সাড়ে ১২টার দিকে পিরোজপুরে পৌঁছালে জেলা ছাত্রদলের নেতাকর্মীরা সি-অফিস চত্বর থেকে তাকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে যান।

খবর পেয়ে জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমার, সাধারণ সম্পাদক মাহমুদ হাসান শাহিনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী হাসপাতালে উপস্থিত হন। এ সময় কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির ভিডিও কলে সাব্বিরের খোঁজখবর নেন।

কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব সাব্বিরকে বলেন, সাব্বির, তুমি ধৈর্য ধরো। ওদের বিচার হবে। ওরা গোপালগঞ্জে বসে তোমার সঙ্গে যা করেছে, ওই এলাকায় বসে ক্যামেরার সামনে আসার সাহস পায়নি। তোমাকে দিয়ে অশ্লীল বক্তব্য দেওয়ানোর ভিডিও করেছে। যদি এতই সাহস থাকত, তাহলে ভিডিওতে নিজেরা ক্যামেরার সামনে আসত। তুমি চিন্তা করো না, এর বিচার হবে। তুমি সুস্থ হও। জেলা ছাত্রদলের নেতাকর্মীরা তোমার সার্বক্ষণিক খেয়াল রাখবে। আমরাও আছি তোমার পাশে। এ সময় তিনি জেলা ছাত্রদলের নেতাদের ঘটনার সঙ্গে কারা জড়িত, তা খুঁজে বের করার নির্দেশনা দেন।

কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেন, তোমার ওপর আঘাত শুধু তোমার একার ওপর আঘাত নয়, এটা ছাত্রদলের ওপর আঘাত। তুমি সুস্থ হও। তোমার এই ঘটনার বিচার আমরা সম্মিলিতভাবে করব।

পিরোজপুর জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমার বলেন, গোপালগঞ্জে সাব্বিরকে বাস থেকে নামিয়ে মারধর, মুক্তিপণ দাবি ও জোর করে ফেসবুকে বক্তব্য প্রকাশের ঘটনায় তারা ক্ষুব্ধ। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। কেন্দ্রীয় ছাত্রদলের নেতারাও তার খোঁজখবর নিয়েছেন। কেন্দ্রীয় নির্দেশনা পেলে হাজারো নেতাকর্মী নিয়ে গোপালগঞ্জে যাওয়ার জন্য তারা প্রস্তুত রয়েছেন।

জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান শাহিন বলেন, এ ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে। আমরা আইনের প্রতি আস্থাশীল এবং গণতন্ত্রে বিশ্বাসী। বাস থামানোর ঘটনায় বাসচালক বা পরিবহণ শ্রমিকদের কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। কেন্দ্রীয় ছাত্রদলের নির্দেশে আমরা এ ঘটনায় কারা জড়িতদের বের করে ছাড়ব।

পিরোজপুর সদর থানার ওসি শরিফুল ইসলাম জানান, গোপালগঞ্জে বাস থেকে ছাত্রদল নেতাকে তুলে নিয়ে নির্যাতনের বিষয়টি তিনি জেনেছেন। সাব্বির খান পিরোজপুর জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন জানতে পেরে পুলিশ পাঠিয়ে তার সঙ্গে কথা বলে ঘটনার বিস্তারিত জেনেছেন। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ডিসেম্বর ঘিরে আ.লীগের নাশকতার বহুমুখী নীলনকশা ফাঁস

ডিসেম্বর ঘিরে আ.লীগের নাশকতার বহুমুখী নীলনকশা ফাঁস

প্রবাসের চাকরি ছেড়ে কমলা চাষে ভাগ্যবদল ফিরোজের

প্রবাসের চাকরি ছেড়ে কমলা চাষে ভাগ্যবদল ফিরোজের

ইউটিউব দেখে চাষ, ফিরোজের বাগানে ঝুলছে থোকায় থোকায় কমলা

ইউটিউব দেখে চাষ, ফিরোজের বাগানে ঝুলছে থোকায় থোকায় কমলা

‘সংবিধান সংশোধন করে আ.লীগ নিষিদ্ধকরণ সময়ের দাবি’

‘সংবিধান সংশোধন করে আ.লীগ নিষিদ্ধকরণ সময়ের দাবি’

আ.লীগ এলে সবচেয়ে বড় বিপদে পড়বে জামায়াত-এনসিপি: নুরুল হক নুর

আ.লীগ এলে সবচেয়ে বড় বিপদে পড়বে জামায়াত-এনসিপি: নুরুল হক নুর

আ.লীগের কার্যক্রম নিষিদ্ধ করে সরকার ভুল করেনি: আইনমন্ত্রী

আ.লীগের কার্যক্রম নিষিদ্ধ করে সরকার ভুল করেনি: আইনমন্ত্রী

আরও পড়ুন

চাঁদাবাজি করবেন আর বদনাম ছড়াবে বিএনপির: আইনমন্ত্রী

চাঁদাবাজি করবেন আর বদনাম ছড়াবে বিএনপির: আইনমন্ত্রী

বাস থামিয়ে ছাত্রদল নেতাকে তুলে নিয়ে নির্যাতনের অভিযোগ আ.লীগ নেতাদের বিরুদ্ধে

বাস থামিয়ে ছাত্রদল নেতাকে তুলে নিয়ে নির্যাতনের অভিযোগ আ.লীগ নেতাদের বিরুদ্ধে

তাহেরপুত্র বিপ্লবের কল রেকর্ডিং ভাইরাল ‘গেরিলা দিয়ে বিএনপি-জামায়াতের গোটা দশেক মারি হালাইতে হইবো’

‘গেরিলা দিয়ে বিএনপি-জামায়াতের গোটা দশেক মারি হালাইতে হইবো’

কুমিল্লায় তাহেরীর মাহফিল বন্ধ ঘোষণা

কুমিল্লায় তাহেরীর মাহফিল বন্ধ ঘোষণা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম