Logo
Logo
×

Advertisement

রাজনীতি

ডিসেম্বর ঘিরে আ.লীগের নাশকতার বহুমুখী নীলনকশা ফাঁস

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ১০:৫০ এএম

ডিসেম্বর ঘিরে আ.লীগের নাশকতার বহুমুখী নীলনকশা ফাঁস

ফাইল ছবি।

Advertisement

ডিসেম্বর ঘিরে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সম্ভাব্য নাশকতার বহুমুখী পরিকল্পনার তথ্য সামনে এসেছে। যানবাহনে অগ্নিসংযোগ, লগি-বৈঠার মহড়া, সংখ্যালঘু ব্যবসায়ীদের টার্গেট করে হামলা, অর্থের জোগান ও পুলিশ বাহিনীর ভেতরে গোপন সহযোগিতার অভিযোগ ঘিরে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। নাশকতা ঠেকাতে গোয়েন্দা নজরদারি, সাইবার পর্যবেক্ষণ ও দেশজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড, পুলিশ বাহিনীর তথ্য পাচার ও ভেতর থেকে গোপনে ফ্যাসিস্টদের সহায়তার সঙ্গে জড়িত কর্মকর্তাদের শনাক্ত করে তাদের ওপর গোয়েন্দা নজরদারিও শুরু হয়েছে। চলছে শুদ্ধি অভিযানও। এরই মধ্যে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডসহ গুরুতর অভিযোগে পুলিশ সুপার জাহাঙ্গীর আলম, মো. আবুল কালাম আজাদ, অতিরিক্ত পুলিশ সুপার মো. আবুল হাসান ও মো. রকিবুল হাসানকে গ্রেফতার করে হেফাজতে নেওয়া হয়েছে। 

পুলিশ সদর দপ্তরের মুখপাত্র এআইজি (মিডিয়া) কামারুম মুনিরা বৃহস্পতিবার জানান, রাষ্ট্রের বিরুদ্ধে কাজ করার অভিযোগ রয়েছে ওই চার পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে। তিনি আরও জানান, যেসব পুলিশ সদস্যকে নিয়ে সন্দেহ রয়েছে, তাদের চলাফেরা ও কর্মকাণ্ডের ওপর কড়া নজরদারি চলছে।

এদিকে আগামী ১৬ ডিসেম্বর ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে ঘিরে লগি-বৈঠার মাধ্যমে দেশে অস্থিতিশীলতা তৈরি ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের নাশকতার বহুমুখী নীলনকশা তৈরি করা হয়েছে। তাদের এই পরিকল্পনা ঠেকাতে কঠোর অবস্থানে রয়েছে সরকার। সীমান্ত ও গুরুত্বপূর্ণ স্থানে নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা। 

সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব রুখতে জোরদার করা হয়েছে সাইবার নজরদারি। পুলিশ সদর দপ্তরের মুখপাত্র কামারুম মুনিরা বলেন, ডিসেম্বর ঘিরে যে কোনো ধরনের নাশকতা ও অপতৎপরতা ঠেকাতে সারা দেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। নিষিদ্ধ সংগঠনকে কোনো রাজনৈতিক কর্মসূচি পালন করতে দেওয়া হবে না। অন্যদিকে সাম্প্রতিক সময়ে রাজধানী ঢাকাসহ সাভার, আশুলিয়া ও দেশের বিভিন্ন স্থানে যানবাহনে অগ্নিসংযোগ, ককটেল হামলা, লগি-বৈঠার মহড়া এবং সংখ্যালঘু সম্প্রদায়ের ব্যবসায়ীদের লক্ষ্যবস্তু করে লুটপাট ও ভাঙচুরের বেশকিছু চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে। শীর্ষস্থানীয় অনেক নেতা দেশের বাইরে অবস্থান করে দেশে পাচার করে নেওয়া অর্থ হুন্ডি এবং মোবাইল ব্যাংকিংয়ের (বিকাশ, নগদ) মাধ্যমে দেশে পাঠাচ্ছেন। কেউ আবার দেশে থাকা সম্পত্তি ও ব্যবসাপ্রতিষ্ঠান বিক্রি করে অর্থের জোগান দিচ্ছে। এই অর্থ ব্যবহৃত হচ্ছে নাশকতা, বিশৃঙ্খলা ও অস্থিতিশীলতা তৈরির কাজে।

মাঠপর্যায়ে সক্রিয় রাজনৈতিক কর্মীর ঘাটতি থাকায় অর্থের বিনিময়ে মাদকসেবী, ছিনতাইকারী এবং কিশোর গ্যাংয়ের সদস্যদের ভাড়া করা হচ্ছে। টাকার বিনিময়ে এদের দিয়ে ককটেল বিস্ফোরণ এবং যানবাহনে অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটানোর তথ্য মিলেছে। পাশাপাশি বিগত সময়ে যারা সাধারণ কর্মী হিসাবে চিহ্নিত ছিলেন এবং যাদের প্রতি নমনীয় মনোভাব দেখানো হয়েছিল, তাদের একটি অংশ এখন শীর্ষ নেতাদের চাপে পড়ে বা পদ-পদবি রক্ষার স্বার্থে নাশকতায় জড়ানোর চেষ্টা করছে।

এদিকে সাম্প্রতিক অগ্নিসংযোগের ঘটনাগুলো বিশ্লেষণ করে গোয়েন্দারা এক বিস্ময়কর তথ্য পেয়েছেন। যেসব বাস বা যানবাহনে আগুন দেওয়া হচ্ছে, সেগুলোর অধিকাংশের মালিকানা আওয়ামী লীগের নেতা বা তাদের ঘনিষ্ঠজনদের। পুরোনো এসব গাড়ির মূল্যবান ইঞ্জিন ও যন্ত্রাংশ আগেভাগেই খুলে রেখে পরিত্যক্ত বডিতে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে। এর মূল উদ্দেশ্য হলো সরকারকে রাজনৈতিকভাবে চাপে রাখা ও জনমনে আতঙ্ক সৃষ্টি করা। 

গোয়েন্দারা জানিয়েছে, পুরোনো কায়দায় ‘লগি-বৈঠা’র রাজনীতি ফিরিয়ে আনার অপচেষ্টা চালাচ্ছে আওয়ামী লীগ। সাভার ও আশুলিয়ার জিরাবো এলাকায় পরিচালিত এক অভিযানে বিপুল পরিমাণ লগি-বৈঠাসহ সম্প্রতি ১৭ জনকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে জানা গেছে, একটি নির্দিষ্ট স্থান থেকে কেন্দ্রীয়ভাবে এসব লগি-বৈঠা তৈরি করে সারা দেশে সরবরাহ করা হচ্ছে।

গোয়েন্দা সূত্র বলছে, রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য এবারও ‘সংখ্যালঘু কার্ড’ বা ‘হিন্দু কার্ড’ খেলার অপচেষ্টা চালানো হচ্ছে। তবে কৌশলে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। আগে মন্দির বা উপাসনালয়কে লক্ষ্যবস্তু করা হলেও এবার সরাসরি হিন্দু সম্প্রদায়ের ব্যবসায়ী ও তাদের ব্যবসাপ্রতিষ্ঠানকে টার্গেট করা হচ্ছে। এর পেছনে দুটি উদ্দেশ্য কাজ করছে। প্রথমত, হিন্দু ব্যবসায়ীদের বাসা ও প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর এবং স্বর্ণালংকার ও নগদ অর্থ লুটপাট করে তা বিএনপিসহ প্রতিপক্ষ রাজনৈতিক দলের নেতাকর্মীদের ওপর চাপিয়ে দেওয়া। দ্বিতীয়ত, ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দেশের অর্থনীতি ও সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করা। এর মাধ্যমে একদিকে ‘মাইনরিটি কার্ড’ খেলে আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ ও পাশের দেশকে দিয়ে বয়ান তৈরি করা। এমন তথ্যের ভিত্তিতে মাঠপর্যায়ে সংখ্যালঘু অধ্যুষিত এলাকাগুলোতে পাহারা ও নজরদারির ব্যবস্থা নেওয়া হয়েছে। গোয়েন্দা প্রতিবেদনে কার্যক্রম নিষিদ্ধ দলটির নীলনকশা ঠেকাতে থানাভিত্তিক ব্যবসায়ীদের তালিকা প্রস্তুত, যৌথ সুরক্ষা বলয় এবং পাড়া-মহল্লায় সর্বদলীয় সম্প্রীতি কমিটি গঠনেরও সুপারিশ করা হয়েছে।

আরও পড়ুন
দেশে পা দিলেই গ্রেফতার

আইনশৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্ট সূত্র জানায়, ডিসেম্বর ঘিরে সম্ভাব্য নাশকতা রুখতে সারা দেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ হেডকোয়ার্টার্স থেকে প্রতিটি জেলা ও মেট্রোপলিটন পুলিশকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। সীমান্তবর্তী এলাকাসহ গুরুত্বপূর্ণ স্থানে বাড়তি সতর্কতা ও নজরদারি বাড়ানো হয়েছে। নাশকতাকারীদের অর্থের উৎস, মোবাইল ব্যাংকিং লেনদেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানো চক্র শনাক্ত করতে সাইবার ও গোয়েন্দা ইউনিট কাজ করছে। প্রতিটি থানা এলাকায় হিন্দু সম্প্রদায়ের ব্যবসায়ী, বাসাবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানের তালিকা তৈরি করে পুলিশি টহল, চেকপোস্ট ও সাদা পোশাকে নজরদারি জোরদার করা হয়েছে। পাশাপাশি স্থানীয় হিন্দু নেতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। সাভার, আশুলিয়া ও গাজীপুরের মতো শিল্পাঞ্চলে কারখানা সচল রাখতে এবং বহিরাগতদের উসকানি ঠেকাতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান ডিআইজি শফিকুল ইসলাম যুগান্তরকে বলেন, যে কোনো ধরনের নাশকতা ও অস্থিতিশীলতা তৈরির অপচেষ্টা রুখতে আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছি। সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানো চক্র শনাক্তে আমাদের সাইবার ইউনিট সার্বক্ষণিক কাজ করছে। জননিরাপত্তা বিঘ্নকারী কাউকেই ছাড় দেওয়া হবে না।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

‘ভারতও হাসিনার পাগলামি বুঝতে পারছে’

‘ভারতও হাসিনার পাগলামি বুঝতে পারছে’

‘শেখ হাসিনা ডিসেম্বরে আসবেন না’

‘শেখ হাসিনা ডিসেম্বরে আসবেন না’

‘সংবিধান সংশোধন করে আ.লীগ নিষিদ্ধকরণ সময়ের দাবি’

‘সংবিধান সংশোধন করে আ.লীগ নিষিদ্ধকরণ সময়ের দাবি’

‘রং-হেডেড’ শেখ হাসিনা কী বলছেন তাতে কিছু যায় আসে না

‘রং-হেডেড’ শেখ হাসিনা কী বলছেন তাতে কিছু যায় আসে না

আ.লীগ এলে সবচেয়ে বড় বিপদে পড়বে জামায়াত-এনসিপি: নুরুল হক নুর

আ.লীগ এলে সবচেয়ে বড় বিপদে পড়বে জামায়াত-এনসিপি: নুরুল হক নুর

হা‌সিনার দেশে ফেরা নিয়ে যে তথ্য দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

হা‌সিনার দেশে ফেরা নিয়ে যে তথ্য দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আরও পড়ুন

ডিসেম্বর ঘিরে আ.লীগের নাশকতার বহুমুখী নীলনকশা ফাঁস

ডিসেম্বর ঘিরে আ.লীগের নাশকতার বহুমুখী নীলনকশা ফাঁস

অর্জুন সিংয়ের হুমকি, ভারতকে যে সতর্কবার্তা দিলেন নাহিদ ইসলাম

অর্জুন সিংয়ের হুমকি, ভারতকে যে সতর্কবার্তা দিলেন নাহিদ ইসলাম

আজকের স্বর্ণের দাম: ২৭ নভেম্বর ২০২৬

আজকের স্বর্ণের দাম: ২৭ নভেম্বর ২০২৬

রাজনৈতিক ব্যস্ততার ফাঁকে শিক্ষকতায় হাসনাত আবদুল্লাহ

রাজনৈতিক ব্যস্ততার ফাঁকে শিক্ষকতায় হাসনাত আবদুল্লাহ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম