Logo
Logo
×

Advertisement

প্রথম পাতা

হাসিনার ডিসেম্বর পলিটিক্স : ভুল ব্যাখ্যায় দিল্লি

দেশে পা দিলেই গ্রেফতার

Icon

হক ফারুক আহমেদ

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

শেখ হাসিনা ভারতের যে কোনো সীমানা বা ইমিগ্রেশন পার হয়ে বাংলাদেশের সীমার ভেতরে প্রবেশ করলেই তাকে গ্রেফতার করা সম্ভব। একজন দণ্ডপ্রাপ্ত আসামি হিসাবে তিনি যদি নোম্যানস ল্যান্ডেও অবস্থান নেন এবং কোনোভাবে বাংলাদেশের সীমানায় পা রাখেন তাহলে তাকে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা গ্রেফতার করতে পারবে। দেশের প্রচলিত আইন অনুযায়ী অন্য সব আসামির মতোই তাকে গ্রেফতার করা যাবে। শেখ হাসিনার ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণায় এমনটাই বলছেন আইন বিশেষজ্ঞরা। তারা জানিয়েছেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্দি প্রত্যর্পণ অনুযায়ী দণ্ডপ্রাপ্ত একজন আসামিকে গ্রেফতার করে তার নিজ দেশে ফেরত পাঠানোই নিয়ম। কিন্তু ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাজাপ্রাপ্ত আসামি হওয়ার পরও ভারত তাকে গ্রেফতার করেনি। বরং তার ক্ষেত্রে প্রত্যর্পণ নীতির ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে। ভারতের মাটিতে বসেই শেখ হাসিনা ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা দিয়ে রাজনৈতিক অরাজকতা সৃষ্টির চেষ্টা করছেন। দেশটির প্রত্যক্ষ বা পরোক্ষ ইন্ধন ছাড়া যা সম্ভব নয়।

বিশ্লেষকরা মনে করেন, বিষয়টি নিয়ে রাজনৈতিক ক্যাম্পেইন বা যতই কূটচাল চলুক না কেন শেখ হাসিনা দেশে পা রাখামাত্রই গ্রেফতার হবেন। সরকারের কাছে এর বাইরে আর কোনো বিকল্প নেই।

প্রসঙ্গত, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল আগামী ১৬ ডিসেম্বর শেখ হাসিনার বাংলাদেশে ফেরা প্রসঙ্গে বলেছেন, এটি সাবেক প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ সরকারের মধ্যকার বিষয়। গত বুধবার অনুষ্ঠিত সাপ্তাহিক এক ব্রিফিংয়ে শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে ঢাকার অনুরোধ প্রসঙ্গে জানতে চাওয়া হলে জয়সওয়াল বলেন, প্রত্যর্পণ অনুরোধটি আমাদের প্রচলিত নিয়ম অনুযায়ী খতিয়ে দেখা হচ্ছে। তবে ভ্রমণ নথিসহ স্বেচ্ছায় দেশে ফিরতে ইচ্ছুক কোনো নাগরিকের বিষয়টি প্রত্যর্পণ অনুরোধ থেকে আলাদা বিষয়।

রণধীর জয়সওয়ালের এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে ঢাকার কূটনৈতিক মহল মনে করছে, শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির মাধ্যমে ফেরত দেবে না ভারত। এটি শুধুই বলার মধ্যে রয়ে যাবে। অন্যদিকে আইন বিশেষজ্ঞরা বলছেন, ভারত শেখ হাসিনার ক্ষেত্রে দুই দেশের মধ্যকার প্রত্যর্পণ নীতির ভুল ব্যাখ্যা দিচ্ছে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসকিউটর অ্যাডভোকেট মোহাম্মদ তাজুল ইসলাম যুগান্তরকে বলেন, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে মুখপাত্র রণধীর জয়সওয়াল প্রত্যর্পণ আইনের সম্পূর্ণ ভুল ব্যাখ্যা দিয়েছেন। প্রত্যর্পণ আইনের ক্ষেত্রে যদি কোনো আসামি নিজ দেশে ফিরে যেতে চায় তাহলে তাকে এই আইনের নিয়ম-কানুন মেনেই নিজ দেশে আসতে হবে। শেখ হাসিনা পালিয়ে গিয়ে ভারতের আশ্রয়-প্রশ্রয়ে আছেন। তার বিরুদ্ধে সাজা হয়েছে। তাই ভারত থেকে স্বেচ্ছায় তার আসা-যাওয়ার কোনো আইনগত সুযোগ নেই।

তিনি বলেন, ভারতের আইনগত বাধ্যবাধকতা এই যে, তারা শেখ হাসিনাকে গ্রেফতার করে প্রত্যর্পণ করতে বাধ্য। স্বেচ্ছায় তিনি ফেরত যেতে চান এই কথা বলারও সুযোগ নেই। তিনি যদি তৃতীয় কোনো দেশেও যেতে চান তাহলে ভারতের সে অনুমতি দেওয়া উচিত নয়। একজন দণ্ডপ্রাপ্ত আসামি হিসাবে তৃতীয় কোনো দেশে যাওয়ার সুযোগ দিলে সেটিও প্রত্যর্পণ চুক্তিবিরোধী, সিভিক সেন্সবিরোধী। তাই রণধীর জয়সওয়াল যা বলছেন তা কূটনৈতিক শিষ্টাচারের মধ্যেও পড়ে না।শেখ হাসিনা ভারতে থেকে স্বেচ্ছায় সীমানা পার হয়ে বাংলাদেশে প্রবেশ করতে চাইলে বা নোম্যানস ল্যান্ডে অবস্থান নিলে বাংলাদেশের করণীয় প্রসঙ্গে এই আইনজীবী বলেন, শেখ হাসিনা যদি বাংলাদেশে প্রবেশের চেষ্টা করেন বা যদি এমন হয় তিনি নোম্যানস ল্যান্ডে অবস্থান নিয়েছেন তাহলে তাকে বাংলাদেশের সীমানার মধ্যে পেলেই গ্রেফতার করা হবে। ভারত খুব ভালো করে জানে, তিনি একজন সাজাপ্রাপ্ত আসামি। এজন্য তারা শেখ হাসিনাকে ফেরত দিতে বাধ্য। কিন্তু সেটা না করে তারা নানা বাহানা ও অজুহাত তৈরি করছে।

এদিকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বৃহস্পতিবার গণমাধ্যমকে শেখ হাসিনার দেশে ফেরা প্রসঙ্গে বলেন, ডিসেম্বর চলে যাবে, শেখ হাসিনা আসবে না। প্রত্যর্পণ চুক্তির মাধ্যমে তাকে হাতকড়া পরিয়ে অথবা কঠোর নজরদারির মধ্যে দেশে আনা হবে। এটিই একমাত্র পথ। তিনি বলেন, শেখ হাসিনাসহ যারা বাংলাদেশে লুটপাট ও মানুষ হত্যা করে পালিয়ে গেছেন, প্রত্যর্পণ চুক্তির আওতায় তাদের ফেরত চাই। তাদের বাংলাদেশের কাছে হস্তান্তর করতে হবে।

এ সময় তিনি বলেন, শেখ হাসিনাকে ভারতে রাখা দেশটির জন্যও বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। একজন সন্ত্রাসীকে নিজেদের ভূখণ্ডে রাখার চ্যালেঞ্জ ও অসুবিধা তারাও বুঝতে পারছে। প্রত্যর্পণের বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আমরা ভারতকে চিঠি দিয়েছি। এখন তাদের জবাব দেওয়ার পালা। আমাদের জায়গা থেকে যা করার, আমরা করছি।

বিশিষ্ট সংবিধান বিশেষজ্ঞ এবং সুপ্রিমকোর্টের জ্যেষ্ঠ আইনজীবী শাহদীন মালিক শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গে বলেন, সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে যে, শেখ হাসিনা শুধু প্রত্যর্পণ চুক্তির মাধ্যমে দেশে আসতে পারেন। সরকারের দিক থেকে এছাড়া আর কোনো বিকল্পের কথা বলা হয়নি।

শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যুতে ভারতের অবস্থান প্রসঙ্গে সাবেক রাষ্ট্রদূত মুন্সী ফয়েজ আহমদ বলেন, একটি বিষয় পরিষ্কার-ভারত শেখ হাসিনার প্রত্যর্পণের কথা চিন্তা করছে না। তাদের দিক থেকে যেসব বক্তব্য আসছে তাতে মনে হয়েছে এক ধরনের ‘ফাঁক’ আছে। এটা কেন করছে তা জানি না। ভারত বলেছে, বাংলাদেশের দিক থেকে প্রত্যর্পণের বিষয়ে যে অনুরোধ এসেছে সেটি তারা আইনগতভাবে প্রক্রিয়া করছেন। তিনি মনে করেন, এসব শুধু তাদের বলার মধ্যেই থাকবে। কিন্তু শেখ হাসিনা যখন আসবেন তখন নিজের মতো করেই আসবেন।

তবে শেখ হাসিনা বাংলাদেশে যে কোনোভাবে এলেই তাকে ইমিগ্রেশনের মুখোমুখি হতে হবে। সাবেক রাষ্ট্রদূত মাহফুজুর রহমান বলেন, বাংলাদেশে আসতে হলে শেখ হাসিনাকে দুটি ইমিগ্রেশন পার হতে হবে। একটি ভারতের আরেকটি বাংলাদেশের। শেখ হাসিনাকে যেহেতু ভারতে বন্দি করে রাখা হয়নি। তাহলে যদি কোনোভাবে বাংলাদেশের ইমিগ্রেশন পর্যন্ত পৌঁছেও যান তাহলে বাংলাদেশের সরকার চাইলেই তাকে গ্রেফতার করতে পারে। সাবেক রাষ্টদূত মাহবুব হাসান সালেহ বলেন, শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যুতে ভারত সরকারের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। প্রথম থেকেই তারা বলে আসছে যে, এটি আইনি প্রক্রিয়া ও আদালতের বিষয় এবং বাংলাদেশ সরকারের এ সংক্রান্ত অনুরোধ ভারত সরকার খতিয়ে দেখছে। তবে এই আইনি প্রক্রিয়া শুরু হয়েছে কিনা, হলে তা কী অবস্থায় আছে, সে বিষয়ে কোনো তথ্য ভারত সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত জানানো হয়নি। অন্যদিকে দেশে ফিরে আসার কথা বলে শেখ হাসিনার পাসপোর্ট বা ট্রাভেল ডকুমেন্টের আবেদন প্রসঙ্গে বাংলাদেশ সরকার ইতোমধ্যে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যে, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হিসাবে তাকে পাসপোর্ট বা ট্রাভেল ডকুমেন্ট দেওয়ার আইনগত কোনো সুযোগ নেই।

Advertisement

Advertisement

আরও পড়ুন

হাসিনার ডিসেম্বর পলিটিক্স : ভুল ব্যাখ্যায় দিল্লি দেশে পা দিলেই গ্রেফতার

দেশে পা দিলেই গ্রেফতার

সুন্দরবনে অপরাধ সাম্রাজ্য, অরক্ষিত বন (১) দস্যুর দাপটে অসহায় চার সংস্থা

দস্যুর দাপটে অসহায় চার সংস্থা

বিনা খরচে মালয়েশিয়া গেলেন ১১২ জন শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করা হবে: প্রধানমন্ত্রী

শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করা হবে: প্রধানমন্ত্রী

নতুন মার্কিন শুল্কের প্রস্তাব চাপে রপ্তানি খাত ঝুঁকিতে অর্থনীতি

চাপে রপ্তানি খাত ঝুঁকিতে অর্থনীতি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম