নতুন মার্কিন শুল্কের প্রস্তাব
চাপে রপ্তানি খাত ঝুঁকিতে অর্থনীতি
বাংলাদেশের ক্ষেত্রে প্রযোজ্য হবে না -আশাবাদ বাণিজ্যমন্ত্রীর * সরকারের উচ্চপর্যায় থেকে এখনই সমন্বিত উদ্যোগ নেওয়া প্রয়োজন -জাতীয় অধ্যাপক ড. মাহবুব উল্লাহ্ * কার্যকর হলে মোট শুল্ক গুনতে হবে ৪৩ শতাংশ -সিপিডির সম্মাননীয় ফেলো ড. মুস্তাফিজুর রহমান
এম শাহজাহান
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
যুক্তরাষ্ট্রের নতুন করে শুল্ক আরোপের উদ্যোগ বাংলাদেশের রপ্তানি খাতে আরেক দফা অনিশ্চয়তা তৈরি করেছে। বিশেষ করে তৈরি পোশাক, চামড়া ও সিমেন্টশিল্প নিয়ে অতিরিক্ত উৎপাদন সক্ষমতার অভিযোগে যুক্তরাষ্ট্রের তদন্ত এবং সম্ভাব্য বাড়তি শুল্কের আশঙ্কা দেশের রপ্তানি আয়, শিল্পের বিনিয়োগ, কর্মসংস্থান ও সামগ্রিক অর্থনীতির ওপর চাপ বাড়াতে পারে। এ পরিস্থিতিতে শুধু কূটনৈতিক যোগাযোগ নয়, শ্রমমান ও পরিবেশগত কমপ্লায়েন্স নিশ্চিত করা, উৎপাদন ব্যবস্থার স্বচ্ছতা বাড়ানো এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে কার্যকর দরকষাকষির মাধ্যমে শুল্কের ঝুঁকি মোকাবিলার পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদ ও রপ্তানিকারকরা। তবে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির যুগান্তরকে বলেন, নতুন শুল্ক আরোপের প্রস্তাব করা হয়েছে, কার্যকর হয়নি। বৃহস্পতিবারও পূর্বের নির্ধারিত শুল্পে পণ্য রপ্তানি করা হয়েছে। তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ ক্রমে বৃদ্ধি পাচ্ছে। ফলে নতুন শুল্কারোপের প্রস্তাব বাংলাদেশের ক্ষেত্রে প্রযোজ্য হবে না বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
জানা যায়, ইউএসটিআর-এর ২৫ নভেম্বর প্রকাশিত সিদ্ধান্ত অনুযায়ী, বাংলাদেশের সব পণ্যের ওপর বিদ্যমান সেকশন ৩০১ শুল্কের অতিরিক্ত হিসাব সমন্বয় করে সর্বোচ্চ ১৮ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব করা হয়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনা ও বাণিজ্যচুক্তির প্রতিশ্রুতিগুলো সন্তোষজনক না হলে শুল্কের প্রস্তাবিত হার ২০ শতাংশ পর্যন্ত বিবেচনা করার কথাও বলেছে ইউনাইটেড স্টেট অব ট্রেড রিপ্রেজেন্টিটিভ (ইউএসটিআর)। বর্তমানে বাংলাদেশি পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের গড়ে ১৫ শতাংশ শুল্ক আরোপ করা হয়। জুলাইয়ে জোরপূর্বক শ্রমে উৎপাদিত পণ্যের ওপর নিষেধাজ্ঞা যথাযথভাবে কার্যকর না করার অভিযোগ এনে বাংলাদেশি পণ্যের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপ করে ট্রাম্প প্রশাসন। এর ফলে এখন মোট শুল্ক ২৫ শতাংশ। ট্রাম্প প্রশাসনের নতুন করে ১৮ শতাংশ শুল্ক বসানোর প্রস্তাব কার্যকর হলে তা যুক্ত হবে। এর ফলে যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানিতে মোট শুল্ক গুনতে হবে ৪৩ শতাংশ। ফলে নতুন শুল্ক প্রস্তাব কার্যকর হলে তা অর্থনীতিতে নতুন চাপ তৈরি করবে বলে আশঙ্কা করছেন অর্থনীতিবিদরা।
এ প্রসঙ্গে জাতীয় অধ্যাপক ও বিশিষ্ট অর্থনীতিবিদ ড. মাহবুব উল্লাহ্ যুগান্তরকে বলেন, বর্তমান সংকট মোকাবিলায় বাণিজ্য মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়কে বিশেষ উদ্যোগ নিতে হবে। আরোপিত শুল্ক কমানোর জন্য সরকারকেই কার্যকর ভূমিকা পালন করতে হবে। যুক্তরাষ্ট্রকে বোঝাতে হবে, বাংলাদেশের শ্রমমান খারাপ নয় এবং এ দেশের শিল্পকারখানাগুলো আন্তর্জাতিক মান অনুসরণ করে পণ্য উৎপাদনে সক্ষম। এজন্য ওয়াশিংটনের সঙ্গে নতুন করে আলোচনা ও দরকষাকষির কৌশল নির্ধারণ করা জরুরি। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের নীতিনির্ধারকদের কাছে বাংলাদেশের অবস্থান যথাযথভাবে তুলে ধরতে হবে। ইতোমধ্যে বোয়িং ও কৃষিপণ্য কেনাসহ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক চুক্তি হয়েছে। এসব উদ্যোগের মাধ্যমে আগের শুল্ক সংক্রান্ত চাপ কিছুটা সামাল দেওয়া সম্ভব হয়েছিল। কিন্তু নতুন করে শুল্ক আরোপের প্রস্তাব আসায় আবারও আলোচনায় বসতে হবে। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, শুল্ক কমানো সম্ভব না হলে বাংলাদেশের রপ্তানি খাতের অর্থনীতি ঝুঁকিতে পড়তে পারে। তাই এই সংকট উত্তরণে সরকারের উচ্চপর্যায় থেকে সমন্বিত উদ্যোগ নেওয়া প্রয়োজন। তিনি বলেন, বাংলাদেশের ৮০ থেকে ৯০ শতাংশ কারখানা কমপ্লায়েন্স হয়েছে বলে দাবি করা হয়। সেই দাবি বাস্তবে কতটা কার্যকর, তা প্রমাণের উদ্যোগ নিতে হবে। শুধু কাগজে-কলমে কমপ্লায়েন্স দেখালে হবে না। কারখানার কর্মপরিবেশ, শ্রমিকের অধিকার, মজুরি এবং পরিবেশগত মান আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য পর্যায়ে রয়েছে-সেটি তথ্যপ্রমাণের মাধ্যমে তুলে ধরতে হবে।
দরকষাকষি ও আলোচনার উদ্যোগ নেওয়ার তাগিদ : নতুন প্রস্তাবিত এই শুল্কহারে বাংলাদেশের রপ্তানি যাতে ব্যাহত না হয়, সেজন্য এখনই প্রস্তুতি নেওয়ার তাগিদ দেওয়া হয়েছে। ইউএসটিআর ২০২৭ সালের ৫ জানুয়ারির মধ্যে লিখিত মতামত ও শুনানিতে অংশ নেওয়ার আবেদন জমা দিতে বলেছে। ২৫ জানুয়ারি থেকে এ বিষয়ে গণশুনানি শুরু হবে। এজন্য বাণিজ্য মন্ত্রণালয়ের নেতৃত্বে অর্থ মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং রপ্তানিকারক সংগঠনগুলোর সমন্বয়ে একটি বিশেষ আলোচক দল গঠন করা প্রয়োজন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। দলটির কাজ হবে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির কার্যালয় এবং সংশ্লিষ্ট নীতিনির্ধারকদের কাছে বাংলাদেশের অবস্থান তুলে ধরা। এছাড়া যুক্তরাষ্ট্রের তদন্ত প্রতিবেদনে উত্থাপিত অভিযোগগুলোর তথ্যভিত্তিক জবাব দিতে হবে। বিশেষ করে শ্রম অধিকার, কারখানার কর্মপরিবেশ, মজুরি, উৎপাদন প্রণোদনা, চীনা কাঁচামাল আমদানি এবং বিদেশি বিনিয়োগের বিষয়ে বাংলাদেশের বাস্তব অগ্রগতি তুলে ধরতে হবে। এরপরই প্রস্তাবিত শুল্কের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।
এ প্রসঙ্গে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো ড. মুস্তাফিজুর রহমান যুগান্তরকে বলেন, নতুন করে শুল্ক আরোপের উদ্যোগ বাংলাদেশের রপ্তানি প্রতিযোগিতা সক্ষমতার জন্য উদ্বেগজনক। নতুন প্রস্তাব কার্যকর হলে যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানিতে মোট শুল্ক গুনতে হবে ৪৩ শতাংশ পর্যন্ত। তিনি বলেন, একটি কারখানার মালিক তার রপ্তানি চাহিদা ও বাজারের সম্ভাবনা বিবেচনা করে বিনিয়োগ বাড়িয়ে উৎপাদন সক্ষমতা তৈরি করেন। কিন্তু পরবর্তী সময়ে চাহিদা কমে গেলে সেই সক্ষমতা অব্যবহৃত থাকতে পারে। এটিকে এককভাবে অন্যায্য বাণিজ্যচর্চা হিসাবে বিবেচনা করা অর্থনীতির বৈজ্ঞানিক ভিত্তি ও বাণিজ্যিক নিয়মের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের দ্রুত আলোচনায় বসা প্রয়োজন। নতুন এই শুল্কহার কার্যকর হলে রপ্তানি কমে যাওয়ার ঝুঁকিসহ রপ্তানিকৃত পণ্যের দাম কমে যেতে পারে। এটিও অর্থনীতিতে বাড়তি চাপ তৈরি করবে।
রপ্তানি ও অর্থনীতিতে বহুমুখী ঝুঁকি : যুক্তরাষ্ট্র বাংলাদেশের একক বৃহত্তম রপ্তানি বাজার। সদ্যসমাপ্ত ২০২৫-২৬ অর্থবছরে দেশটিতে বাংলাদেশের পণ্য রপ্তানি হয়েছে ৯০৪ কোটি ডলারের। এর প্রায় ৮৫ শতাংশই তৈরি পোশাক। ফলে নতুন শুল্ক কার্যকর হলে সবচেয়ে বেশি চাপে পড়তে পারে এ খাত। শুল্ক বাড়লে যুক্তরাষ্ট্রের আমদানিকারকদের পণ্য কেনার ব্যয় বাড়বে। সাধারণত আমদানিকারক প্রতিষ্ঠানই শুল্ক পরিশোধ করে। কিন্তু বাড়তি ব্যয়ের পুরোটা তারা নিজেরা বহন করতে চাইবে না। দরকষাকষির মাধ্যমে বাংলাদেশের রপ্তানিকারকদের কাছ থেকে পণ্যের দাম কমানোর চেষ্টা করতে পারে। এ প্রসঙ্গে নিট পোশাকশিল্প মালিকদের সংগঠন বিকেএমইএ-এর সভাপতি মো. হাতেম বলেন, যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপের উদ্যোগ অন্যায় ও অযৌক্তিক। এ ধরনের সিদ্ধান্তের কারণে বাংলাদেশের রপ্তানিকারকদের ওপর বাড়তি চাপ তৈরি হবে। তবে প্রতিযোগী দেশগুলোর ওপরও কাছাকাছি হারে শুল্ক আরোপের বিষয়টি বিবেচনায় রাখতে হবে। কিন্তু নতুন করে শুল্ক আরোপের প্রস্তাব সেই সম্ভাবনাকে বাধাগ্রস্ত করতে পারে। বিশেষ করে যেসব কারখানা যুক্তরাষ্ট্রের বাজারের ওপর বেশি নির্ভরশীল, তাদের উৎপাদন পরিকল্পনা, নগদ প্রবাহ ও বিনিয়োগ সিদ্ধান্তে নেতিবাচক প্রভাব পড়তে পারে। শুধু তৈরি পোশাক নয়, চামড়াজাত পণ্য, জুতা, হোম টেক্সটাইলসহ অন্যান্য রপ্তানি পণ্যও ঝুঁকিতে পড়বে।
