Logo
Logo
×

Advertisement

প্রথম পাতা

সুন্দরবনে অপরাধ সাম্রাজ্য, অরক্ষিত বন (১)

দস্যুর দাপটে অসহায় চার সংস্থা

Icon

নেসারুল হক খোকন, খুলনা থেকে ফিরে

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

সুন্দরবনের নদী-খালে দাপিয়ে বেড়াচ্ছে ১০০ বনদস্যু। তাদের মোকাবিলায় মাঠে রয়েছে রাষ্ট্রের চারটি সংস্থা-পুলিশ, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি), কোস্ট গার্ড ও বন বিভাগ। প্রায় হাজার সদস্যের বিশাল আয়োজন, আধুনিক অস্ত্র, দ্রুতগতির নৌযান, বিশেষ যৌথ অভিযান-কোনো কিছুরই কমতি নেই। নিরাপত্তার পেছনে ব্যয় হচ্ছে বিপুল সরকারি অর্থ। অথচ এত আয়োজনের পরও সুন্দরবনে থামছে না অপহরণ, মুক্তিপণ ও চাঁদাবাজি। জেলে, বাওয়ালি ও মৌয়ালদের জিম্মি করে চলছে দস্যুতা। বাদ যাচ্ছেন না পর্যটক ও রিসোর্ট মালিকরাও। প্রশ্ন উঠেছে, রাষ্ট্রের চারটি সংস্থার সম্মিলিত শক্তির সামনে মাত্র ১০০ দস্যু এতটা দুর্ধর্ষ হয়ে উঠল কীভাবে? নাকি সুন্দরবনের দস্যুতা এখন আর শুধু বনের ভেতরের অপরাধ নয়, এর শিকড় ছড়িয়ে আছে বনের বাইরেও।

কোস্ট গার্ড ও এসআরবির তথ্য অনুযায়ী, সুন্দরবনে দস্যুদের ১১টি গ্রুপ রয়েছে। দুর্গম বনাঞ্চল, দস্যুদের ছদ্মবেশ এবং গোয়েন্দা তথ্যের ঘাটতি অভিযান পরিচালনায় বড় চ্যালেঞ্জ। তবে খুলনা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল করিমের দাবি, ‘সততার সঙ্গে দায়িত্ব পালন করলে চার সংস্থার সামনে এক ঘণ্টাও টিকবে না দস্যুরা।’ এতে দস্যুদের অস্ত্র ও অর্থের উৎস, বনের বাইরের সহযোগী এবং নিরাপত্তার দায়িত্বে থাকা সংস্থাগুলোর জবাবদিহি নিয়ে বড় প্রশ্ন দেখা দিয়েছে।

তথ্যানুসন্ধানে জানা যায়, সুন্দরবনে বনদস্যুতা নির্মূলে ২০১৮ সালে বড় ধরনের উদ্যোগ নেওয়া হয়। ওই বছরের মে থেকে নভেম্বর পর্যন্ত ৩২৮ জন দস্যু আত্মসমর্পণ করে অস্ত্র জমা দিলে সরকার সুন্দরবনকে জলদস্যুমুক্ত ঘোষণা করে। কিন্তু সেই ঘোষণা দীর্ঘস্থায়ী হয়নি। সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০২০ সালের পর আইনশৃঙ্খলা পরিস্থিতির পরিবর্তন ও নজরদারির দুর্বলতার সুযোগে পুরোনো অপরাধীদের একটি অংশ আবার বনে ফিরে যায়। পাশাপাশি শরীফ বাহিনী, রহমত বাহিনী, সাত্তার বাহিনী, ডন বাহিনীসহ নতুন অপরাধীচক্র গড়ে ওঠে। স্থানীয় ছোট ছোট অপরাধী দলও একত্র হয়ে দস্যুদের নেটওয়ার্ক শক্তিশালী করে।

বিশেষ করে ঈদুল ফিতর ও ঈদুল আজহার মতো উৎসবের সময় তাদের তৎপরতা বেড়ে যায়। জেলে, বাওয়ালি ও মৌয়ালদের জিম্মি করে মুক্তিপণ ও চাঁদা আদায়ের ঘটনা ঘটছে নিয়মিত। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, চোরাচালান ও অপরাধীচক্রের মাধ্যমে দস্যুদের হাতে দেশীয় পাইপগানের পাশাপাশি কারখানায় তৈরি আধুনিক আগ্নেয়াস্ত্রও পৌঁছে যাচ্ছে।

যৌথ অভিযানেও ভাঙছে না দস্যুদের নেটওয়ার্ক : দস্যুদের তৎপরতা বাড়ায় ২০২৬ সালের মার্চ থেকে সুন্দরবনে বিশেষ যৌথ অভিযান পরিচালনার নির্দেশ দেওয়া হয়। কোস্ট গার্ডের অগ্রণী ভূমিকায় এই অভিযানে অংশ নিচ্ছে এসআরবি, থানা পুলিশ, নৌপুলিশ, বন বিভাগ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থা।

এসআরবি জানায়, অভিযানের প্রথম পর্যায়ে ৫৯ দস্যুর কাছ থেকে ৫৯টি অস্ত্র ও ৫৪১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরবর্তী অভিযানে আরও ১৫ জনের কাছ থেকে ১৪টি অস্ত্র ও ২৭৪ রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। সব মিলিয়ে ৭৪টি অস্ত্র এবং ৮১৫ রাউন্ড গুলি উদ্ধার হলেও সেগুলো কারা সরবরাহ করেছে, তা উদ্ঘাটন করা হয়নি।

কোস্ট গার্ডের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে দস্যুবিরোধী ২৭টি অভিযানে ৪৯ জনকে গ্রেফতার এবং ৫২ জিম্মিকে উদ্ধার করা হয়। এ সময় ৩৮টি আগ্নেয়াস্ত্র, ৭৪টি দেশীয় অস্ত্র, দুটি হ্যান্ড গ্রেনেড এবং বিপুল গোলাবারুদ উদ্ধার হয়। এরপরও ২০২৬ সালের ২ জানুয়ারি কচিখালীসংলগ্ন এলাকায় পর্যটক এবং এক রিসোর্ট মালিককে জিম্মি করে মুক্তিপণ দাবি করে দস্যুরা। পরে যৌথ অভিযানে তাদের উদ্ধার করা হয়। কোস্ট গার্ডের আরেক হিসাব অনুযায়ী, ৬৩টি অভিযানে ৭৮ জনকে আটক ও ১৩৫ জন জিম্মিকে মুক্ত করা হয়েছে; আত্মসমর্পণ করেছে ৬৪ দস্যু এবং উদ্ধার হয়েছে ১১৩টি আগ্নেয়াস্ত্র। তবে এই হিসাবেও অস্ত্র সরবরাহকারীদের কোনো তথ্য নেই।

ভুক্তভোগীদের মতে, শুধু অভিযান চালিয়ে অপরাধীদের সাময়িকভাবে নিয়ন্ত্রণ করা গেলেও অস্ত্র সরবরাহকারী, অর্থের জোগানদাতা এবং বনের বাইরের সহযোগীদের শনাক্ত করা না গেলে দস্যুতা নির্মূল সম্ভব নয়।

দস্যু দমনে ব্যর্থতা খতিয়ে দেখা হবে-প্রতিমন্ত্রী : সুন্দরবনের নিরাপত্তায় এত রাষ্ট্রীয় সংস্থা নিয়োজিত থাকার পরও অল্পসংখ্যক দস্যুকে দমন করা যাচ্ছে না কেন, তা খতিয়ে দেখার কথা জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। তিনি যুগান্তরকে বলেন, দায়িত্বে অবহেলা করলে কাউকে ছাড় দেওয়া হবে না। সুন্দরবনের প্রাণপ্রকৃতি ধ্বংসকারী বনদস্যু এবং বনে বিষ প্রয়োগকারীদের বিরুদ্ধে সরকার অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে। সম্প্রতি সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ঢাংমারী ও তালবাড়ি বা কাকড়ামারি এলাকায় বন বিভাগের কর্মীদের ওপর হামলা ও কোপানোর ঘটনার তীব্র নিন্দা জানান প্রতিমন্ত্রী। ৪ নভেম্বরের ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পরও স্থানীয় থানা পুলিশ ও প্রশাসন তাৎক্ষণিকভাবে মামলা নিতে গড়িমসি করেছে বলে অভিযোগ করেন তিনি।

প্রতিমন্ত্রী জানান, পরে তিনি নিজে ডিআইজি ও সংশ্লিষ্ট থানার ওসিকে নির্দেশ দিয়ে মামলা গ্রহণ এবং আসামিদের গ্রেফতারের ব্যবস্থা করেন। এ ঘটনার জেরে মোংলা ও আশপাশের এলাকা থেকে বিষ বিক্রেতা ও সরবরাহকারীসহ বেশ কয়েকজনকে আটক করা হয়েছে।

প্রতিমন্ত্রী আরও বলেন, সুন্দরবন রক্ষায় প্রতিবছর বিপুল অঙ্কের টাকা ব্যয় করা হলেও মুষ্টিমেয় কিছু দস্যু ও অপরাধীর দৌরাত্ম্য কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তিনি এ বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে সব সংস্থার প্রধানদের নিয়ে বৈঠক করে স্থায়ী সমাধানের আশ্বাস দিয়েছেন।

সততা থাকলে এক ঘণ্টাও টিকবে না দস্যুরা-ডিআইজি : খুলনা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল করিম যুগান্তরকে বলেন, সুন্দরবন রক্ষায় চারটি সংস্থার যার যার দায়িত্ব, সততার সঙ্গে তা পালন করা হলে সুন্দরবনকে দস্যুমুক্ত করা কঠিন কোনো বিষয় নয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্ষমতার সামনে এসব অপরাধী এক ঘণ্টাও টিকতে পারবে না। তিনি বলেন, দস্যুমুক্ত করতে সবার আগে প্রয়োজন সততা বজায় রাখা। রাষ্ট্রীয় দায়িত্ব পালনের যে শপথ নেওয়া হয়, তার বাস্তবায়ন কাজে প্রকাশ করতে হবে।

দস্যুদের যত দাবি : বনদস্যুতা বন্ধে আত্মসমর্পণের পাশাপাশি দস্যুদের পুনর্বাসনের উদ্যোগও নেওয়া হয়েছে। আত্মসমর্পণকারী সদস্যদের এসআরবির কল্যাণ তহবিল থেকে ৫০ হাজার টাকা করে দেওয়া হয় বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নিস্তার আহমেদ চৌধুরী। তিনি জানান, আত্মসমর্পণকারীদের কেউ অটোরিকশা, কেউ জমি, আবার কেউ বাড়ি চেয়েছেন। তাদের চাহিদা অনুযায়ী একটি তালিকা তৈরি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। তবে পুনর্বাসনের উদ্যোগ কতটা কার্যকর হয়েছে, আত্মসমর্পণকারীদের কতজন স্বাভাবিক জীবনে ফিরেছেন এবং কতজন আবার অপরাধে জড়িয়েছেন, তার পূর্ণাঙ্গ মূল্যায়ন জরুরি। কারণ, আত্মসমর্পণের পরও নতুন ও পুরোনো অপরাধীচক্রের তৎপরতা দেখা যাচ্ছে।

অসহায় বন বিভাগ : সুন্দরবনের নিরাপত্তার দায়িত্বে থাকা চারটি সংস্থার মধ্যে সবচেয়ে বেশি সীমাবদ্ধতায় রয়েছে বন বিভাগ। বিশাল বনাঞ্চল, দুর্গম নদী-খাল, অপরাধীদের দ্রুতগতির নৌযান এবং আধুনিক অস্ত্রের বিপরীতে বনরক্ষীদের সক্ষমতা নিয়ে উদ্বেগ রয়েছে। খুলনার বিভাগীয় বন কর্মকর্তা এজেডএম হাছানুর রহমান যুগান্তরকে বলেন, সুন্দরবনের আয়তন ৬ হাজার বর্গকিলোমিটারের বেশি। অথচ সে তুলনায় বন বিভাগের জনবল ও সুযোগ-সুবিধা পর্যাপ্ত নয়। সুন্দরবনে প্রায় ৭৬টি ক্যাম্প ও স্টেশন রয়েছে। এর অনেকেরই অবকাঠামো ও আবাসনব্যবস্থা পুরোনো ও জরাজীর্ণ। কোথাও বিদ্যুতের ব্যবস্থা নেই। সোলার প্যানেলের ওপর নির্ভর করে কার্যক্রম চালাতে হয়। তিনি জানান, বন বিভাগের অনুমোদিত পদ ৬৪৪টি। এর বিপরীতে বর্তমানে কর্মরত ৪১৫ জন। ফলে বিপুলসংখ্যক পদ শূন্য রয়েছে।

লক্ষ্যে পৌঁছাতে পারছে না কোস্ট গার্ড : আধুনিক নৌযান, অস্ত্র ও যোগাযোগব্যবস্থা থাকার পরও কোস্ট গার্ডের উপস্থিতিতে সুন্দরবনে দস্যুদের দৌরাত্ম্য অব্যাহত থাকায় বাহিনীটির গোয়েন্দা নজরদারি ও টহলের কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে। সুন্দরবনসংলগ্ন একটি থানার ওসি নাম প্রকাশ না করার শর্তে যুগান্তরকে বলেন, কোস্ট গার্ড চাইলে সুন্দরবনকে দস্যুমুক্ত করা সম্ভব। সেই সক্ষমতা তাদের রয়েছে। তবে দস্যুদের অস্ত্র ও অর্থের উৎস বন্ধ এবং বনের ভেতরে-বাইরে সহযোগীদের শনাক্ত করতে না পারলে শুধু অভিযান চালিয়ে স্থায়ী নিরাপত্তা নিশ্চিত করা কঠিন। এজন্য পুলিশ, এসআরবি, বন বিভাগসহ সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

ছদ্মবেশে দস্যু, দুর্গম বন ও গোয়েন্দা তথ্যের ঘাটতি-কোস্ট গার্ড : অভিযানে নিজেদের সীমাবদ্ধতার কথা তুলে ধরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুক্তির স্বাক্ষরিত লিখিত বক্তব্যে জানানো হয়েছে, সুন্দরবনের দুর্গম ভৌগোলিক পরিবেশ, দস্যুদের ছদ্মবেশে চলাফেরা এবং পর্যাপ্ত গোয়েন্দা তথ্যের ঘাটতি অভিযান পরিচালনায় বড় চ্যালেঞ্জ। পাশাপাশি জনবল সংকটের কথাও উল্লেখ করেছে বাহিনীটি। তবে দস্যুদের অর্থ ও অস্ত্রের উৎস কিংবা বনের বাইরের সহযোগীদের শনাক্তে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, সে বিষয়ে কোস্ট গার্ডের বক্তব্যে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।

সমন্বিত অভিযানের ঘোষণা, তবু নিয়ন্ত্রণহীনতা : ২০২৬ সালের ২৭ আগস্ট জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছিলেন, সুন্দরবন ও উপকূলীয় এলাকার নিরাপত্তায় পুলিশ, কোস্ট গার্ড, বিজিবি ও বন বিভাগ সমন্বিতভাবে কাজ করছে এবং এসআরবিসহ বিশেষ অভিযানও চলছে। এরপরও দস্যুদের তৎপরতা অব্যাহত থাকায় সংস্থাগুলোর মধ্যে কার্যকর সমন্বয় নিয়ে প্রশ্ন উঠেছে।

আত্মসমর্পণকারী একজন দস্যু নাম প্রকাশ না করার শর্তে যুগান্তরকে বলেন, বনজীবীদের নিরাপত্তা নিশ্চিত করতে হলে অপরাধীদের শুধু গ্রেফতার করলেই হবে না; তাদের সহযোগী, অর্থের জোগানদাতা ও অস্ত্র সরবরাহকারীদেরও চিহ্নিত করতে হবে। একই সঙ্গে আত্মসমর্পণকারীদের প্রকৃত পুনর্বাসন এবং বন বিভাগের সক্ষমতা বাড়াতে হবে।

সংশ্লিষ্টদের মতে, রাষ্ট্রের বিপুল বিনিয়োগ ও চার বাহিনীর সম্মিলিত আয়োজন সত্ত্বেও অস্ত্র কে সরবরাহ করছে, মুক্তিপণের টাকা কারা সংগ্রহ করছে এবং বনের বাইরে কারা দস্যুদের আশ্রয় দিচ্ছে-এসব প্রশ্নের উত্তর খুঁজে বের করে মূল নেটওয়ার্ক ভাঙতে না পারলে সুন্দরবনকে স্থায়ীভাবে নিরাপদ করা কঠিন হবে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

হাসিনার ডিসেম্বর পলিটিক্স : ভুল ব্যাখ্যায় দিল্লি দেশে পা দিলেই গ্রেফতার

দেশে পা দিলেই গ্রেফতার

সুন্দরবনে অপরাধ সাম্রাজ্য, অরক্ষিত বন (১) দস্যুর দাপটে অসহায় চার সংস্থা

দস্যুর দাপটে অসহায় চার সংস্থা

বিনা খরচে মালয়েশিয়া গেলেন ১১২ জন শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করা হবে: প্রধানমন্ত্রী

শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করা হবে: প্রধানমন্ত্রী

নতুন মার্কিন শুল্কের প্রস্তাব চাপে রপ্তানি খাত ঝুঁকিতে অর্থনীতি

চাপে রপ্তানি খাত ঝুঁকিতে অর্থনীতি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম