ধান কুড়িয়ে চলে সংসার, সেই ধানেই পিঠা-ভাত
তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ১০:১৪ পিএম
ছবি: প্রবীর কুমার কাঞ্চন
ছবি: প্রবীর কুমার কাঞ্চন
ছবি: প্রবীর কুমার কাঞ্চন
|
ফলো করুন |
|
|---|---|
‘হামরা গরিব মানুষ বাবা। মেম্বার-চেয়ারম্যান হামাক কোনো কিছু দেয় না। কষ্ট করি খাবার নাগে। হামরা মাটিত পড়া ধান কুড়াই। এই ধান জোগাড় করিয়া ভাতো খামো, পিঠাও খামো বাবা।’ কথাগুলো বলছিলেন রংপুরের তারাগঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়নের ঝাকুয়াপাড়া গ্রামের আমেনা বেগম (৫২)।
হেমন্তের মাঠজুড়ে পাকা ধান। উপজেলার মাঠে মাঠে সোনালি ফসল কাটতে ব্যস্ত কৃষক। কৃষকেরা যখন বাড়ির উঠানে ধান তুলতে ব্যস্ত, তখন সেই ধানখেতেই অন্য এক সংগ্রামে নামেন দরিদ্র নারী ও শিশুরা। জমিতে পড়ে থাকা ধানের শিষ কুড়িয়ে জীবিকার সংস্থান করছেন তারা।
আরেক ধান কুড়ানি ছফিয়া বেওয়া (৬০) বলেন, কাজকাম তো নাই। বাড়িত বসি থাকি। এই তখনে ধান কুড়িবার আইছি।
এ সময় তার সঙ্গে ধান কুড়াতে আসা নাতনি জোবেয়া খাতুন (৭) ও জেবা ইয়াসমিন (৬) বলে, কুড়া ধান দিয়ে ভাপা পিঠা খামো।
কৃষক আবেদ আলী বলেন, আগে জমিতে ধানের শিষ পড়ে থাকত, এখন আর সেই দিন নেই। তবে কয়েক দিনের বৃষ্টির কারণে জমিতে পড়ে থাকা ধানের শিষ মচকে গিয়ে মাটিতে পড়েছে। এ কারণে দরিদ্র নারী ও শিশুরা এখন মাঠে মাঠে ধান কুড়াতে ব্যস্ত।
তারাগঞ্জের এনজিও কর্মী বিটুল রায় বলেন, দরিদ্র শ্রেণির নারী ও শিশুরা প্রতিদিন সকালে মাঠে ধান কুড়িয়ে জমা করেন। এই কুড়িয়ে পাওয়া ধানই তাদের দুঃসময়ে পেটের ভাত জোগায়।
