Logo
Logo
×

Advertisement

সারাদেশ

শিক্ষক পরিবারের চারজন হত্যা: পুলিশের ব্যাখ্যা মানছেন না স্বজনরা

Icon

মাহবুব রহমান, রংপুর ব্যুরো

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ১০:৪৬ পিএম

শিক্ষক পরিবারের চারজন হত্যা: পুলিশের ব্যাখ্যা মানছেন না স্বজনরা

শিক্ষক পরিবারের চারজন হত্যা

Advertisement

রংপুরে আলোচিত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ পরিবারের চার সদস্য হত্যার ঘটনায় আদালতে দাখিল করা অভিযোগপত্রে (চার্জশিট) চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। খুনিরা চুরির উদ্দেশ্যে বাড়িতে প্রবেশের পর গৃহকর্তা শিক্ষক গণপতি চক্রবর্তী দেখে ফেলায় তাকেসহ পরিবারের চার সদস্যকে একে একে হত্যা করে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে নিজ কার্যালয়ের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মু. মাহবুবুর রশীদ।

তবে পুলিশের দেওয়া হত্যাকাণ্ডের এ ব্যাখ্যা মেনে নিতে নারাজ নিহতদের স্বজনরা।

হত্যার মোটিভ:

মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের ওসি জিন্নাত আলী গত ২২ নভেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এর পাঁচ দিন পর সংবাদ সম্মেলনে পুলিশ কমিশনার জানান, হত্যাকাণ্ডের পেছনে চুরির পরিকল্পনা ছিল। ঘটনার রাতে শিক্ষক গণপতি চক্রবর্তীর বাড়িতে বিপুল পরিমাণ টাকা ও স্বর্ণালংকার রয়েছে জেনে চুরির উদ্দেশ্যে ছাদে ওঠেন সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাস। ছাদে ওঠার পর গণপতি চক্রবর্তীর কাছে ধরা পড়ে যাওয়ায় প্রথমে তাকে হত্যা করেন তারা। এরপর একে একে পরিবারের অন্য তিন সদস্যকেও হত্যা করা হয়।

পুলিশ কমিশনার জানান, হত্যাকাণ্ডের পরপরই অভিযুক্ত সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসকে গ্রেফতার করে ডিবি পুলিশ। বর্তমানে তারা রংপুর কেন্দ্রীয় কারাগারে রয়েছেন। দুই আসামিই আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি হওয়া স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে। এছাড়া ঘটনাস্থল থেকে সংগ্রহ করা আলামতের ডিএনএ পরীক্ষায় দুই আসামির ডিএনএর উপস্থিতি পাওয়া গেছে। তদন্তে পাওয়া সাক্ষ্যপ্রমাণ ও অন্যান্য তথ্যের সঙ্গেও তাদের স্বীকারোক্তির মিল রয়েছে।

আগেও চুরির চেষ্টা ব্যর্থ:

হত্যাকাণ্ডের বিস্তারিত তথ্য তুলে ধরে গোয়েন্দা শাখার (ডিবি) উপপুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী বলেন, গণপতি চক্রবর্তীর বাড়িতে বিপুল পরিমাণ নগদ টাকা ও স্বর্ণালংকার রয়েছে—এমন আলোচনা এলাকায় প্রচলিত ছিল। তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তীও নিয়মিত স্বর্ণালংকার পরতেন। এসব তথ্য থেকেই বাড়িটিতে চুরির পরিকল্পনা করেন সিদ্ধার্থ ও মুগ্ধ। তদন্তে আরও জানা গেছে, ঘটনার ১৫ থেকে ১৭ দিন আগেও সিদ্ধার্থ ওই বাড়িতে চুরির উদ্দেশ্যে প্রবেশ করেছিলেন। সেই সময় পরিবারের সদস্যদের হাতে ধরা পড়লে তার সঙ্গে কথা-কাটাকাটি হয়। এর আগে পাশের তাঁতিপাড়া এলাকায় চুরি করতে গিয়ে ধরা পড়ার ঘটনাও তদন্তে উঠে এসেছে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, গত ২১ আগস্ট রাতে চুরির উদ্দেশ্যে দুই আসামি গণপতি চক্রবর্তীর বাড়িতে প্রবেশ করেন। তারা বাড়ির বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করে ছাদে অপেক্ষা করছিলেন এবং সেখানে ইয়াবা সেবনও করেন। একপর্যায়ে শব্দ পেয়ে ছাদে যান গণপতি চক্রবর্তী। তিনি দুজনকে দেখে ফেলায় শ্বাসরোধে তাকে হত্যা করে অভিযুক্ত দুজন। পরে শব্দ শুনে ছাদে এলে তার স্ত্রী প্রীতিলতা ও মেয়ে আগমী চক্রবর্তীকেও হত্যা করেন তারা। এরপর বাড়ির ভেতরে গিয়ে ১২ বছর বয়সি ছেলে আয়ুশ চক্রবর্তীকে হত্যা করা হয়।

৩৫টি নমুনায় দুই আসামির ডিএনএ পাওয়ার দাবি:

পুলিশ জানায়, হত্যাকাণ্ডের পর বাড়ির বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে স্বর্ণালংকার, ইমিটেশনের গয়না ও নগদ প্রায় ১৫ হাজার টাকা নিয়ে যান আসামিরা। পরে সিদ্ধার্থের কাকা বিনয়ের বাড়ি থেকে তাদের দেখানো মতে চুরি হওয়া স্বর্ণালংকার উদ্ধার করা হয়।

ঘটনাস্থল থেকে সংগ্রহ করা প্রায় ৩৫টি নমুনা ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। পুলিশের দাবি, খেজুর, শসা, সিগারেটের অবশিষ্টাংশ, বোতলের ক্যাপসহ বিভিন্ন আলামতে দুই আসামির ডিএনএর উপস্থিতি পাওয়া গেছে। পরীক্ষায় পরিবারের সদস্য ও দুই আসামি ছাড়া অন্য কোনো ব্যক্তির ডিএনএ পাওয়া যায়নি বলেও জানিয়েছে পুলিশ।

৫৩ সাক্ষী ও ৬৬ আলামত নিয়ে চার্জশিট:

তদন্ত শেষে আদালতে জমা দেওয়া অভিযোগপত্রে ৫৩ জন সাক্ষী এবং ৬৬টি আলামত অন্তর্ভুক্ত করা হয়েছে। অভিযোগপত্রের বিষয়ে আদালতের কোনো পর্যবেক্ষণ রয়েছে কিনা, এমন প্রশ্নের জবাবে পুলিশ কমিশনার মাহবুবুর রশীদ বলেন, এখনো বিচার কার্যক্রম শুরু হয়নি। প্রথমে অভিযোগপত্রের ওপর শুনানি হবে। এরপর অভিযোগ গঠন করা হলে বিচার কার্যক্রম শুরু হবে; তখন আদালতের পর্যবেক্ষণ জানা যাবে।

পুলিশের তদন্তে সন্তুষ্ট নন স্বজনরা:

তবে পুলিশের দেওয়া হত্যাকাণ্ডের এ ব্যাখ্যা মেনে নিতে নারাজ নিহত গণপতি চক্রবর্তীর বড় ভাই ও মামলার বাদী গোপীনাথ চক্রবর্তী। তিনি বলেন, ‘শুধু টাকা ও স্বর্ণালংকার চুরির জন্য একই পরিবারের চারজনকে হত্যা করা হয়েছে—এমন ব্যাখ্যা বিশ্বাসযোগ্য নয়। এর পেছনে আরও শক্তিশালী কেউ জড়িত থাকতে পারে। শুরু থেকেই বলে আসছি, দুজনের পক্ষে চারজনকে হত্যা করা সম্ভব নয়। আমরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত ও গ্রেফতারের দাবি জানিয়ে আসছি; কিন্তু আমাদের বক্তব্য যথাযথ গুরুত্ব পায়নি।’

আগের পুলিশ কমিশনারের বক্তব্যেও ছিল একই তথ্য:

গত ২২ আগস্ট রাতে রংপুর নগরীর মাছুয়াপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী, মেয়ে ও ছেলের লাশ উদ্ধার করে পুলিশ। পরদিন ২৩ আগস্ট সংবাদ সম্মেলনে তৎকালীন পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ জানিয়েছিলেন, পাশের একটি ভবন দিয়ে মুগ্ধ ও সিদ্ধার্থ গণপতি চক্রবর্তীর বাড়ির ছাদে প্রবেশ করেন। সেখানে ইয়াবা সেবনের সময় শব্দ পেয়ে ছাদে আসেন গণপতি। তাদের দেখে ছাদে অবস্থানের কারণ জানতে চাওয়ায় তাৎক্ষণিকভাবে তার গলায় গামছা পেঁচিয়ে হত্যা করা হয়।

তৎকালীন পুলিশ কমিশনারের ভাষ্য অনুযায়ী, গণপতির চিৎকার শুনে স্ত্রী প্রীতিলতা সিঁড়ি দিয়ে ওপরে উঠতে গেলে তাকেও হত্যা করেন দুই আসামি। পরে মেয়ে আগমী চক্রবর্তী এগিয়ে এলে তার সঙ্গে ধস্তাধস্তির একপর্যায়ে তাকেও হত্যা করা হয়। এরপর ঘুমন্ত অবস্থায় ছোট ছেলে আয়ুশকে গলায় গামছা পেঁচিয়ে ও বালিশ চাপা দিয়ে হত্যা করে আলমারির ড্রয়ার ভেঙে স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যান তারা।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

গণপতি চক্রবর্তীকে সপরিবারে হত্যার নেপথ্যে কী ছিল, জানাল পুলিশ

গণপতি চক্রবর্তীকে সপরিবারে হত্যার নেপথ্যে কী ছিল, জানাল পুলিশ

পদত্যাগ করে পুলিশ পাহারায় ক্যাম্পাস ছাড়লেন রংপুর পলিটেকনিক অধ্যক্ষ

১৪ ঘণ্টা অবরুদ্ধ পদত্যাগ করে পুলিশ পাহারায় ক্যাম্পাস ছাড়লেন রংপুর পলিটেকনিক অধ্যক্ষ

জনগণকে সঙ্গে নিয়ে আ.লীগ সন্ত্রাসীদের রুখে দেবে এনসিপি: আখতার হোসেন

জনগণকে সঙ্গে নিয়ে আ.লীগ সন্ত্রাসীদের রুখে দেবে এনসিপি: আখতার হোসেন

রংপুর পলিটেকনিকে অধ্যক্ষকে ১২ ঘণ্টা অবরুদ্ধ, পদত্যাগে আলটিমেটাম

রংপুর পলিটেকনিকে অধ্যক্ষকে ১২ ঘণ্টা অবরুদ্ধ, পদত্যাগে আলটিমেটাম

শিক্ষক গণপতিসহ চার খুনের মামলাকে ‘চুরির ঘটনা’ দেখিয়ে চার্জশিট, অতঃপর...

শিক্ষক গণপতিসহ চার খুনের মামলাকে ‘চুরির ঘটনা’ দেখিয়ে চার্জশিট, অতঃপর...

‘স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী হিসেবে পরিচয় দেওয়া যাবে না’

‘স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী হিসেবে পরিচয় দেওয়া যাবে না’

আরও পড়ুন

হত্যার পর নিহতের মোবাইল ফোন থেকেই মুক্তিপণ দাবি, রংপুরে ধরা পড়ল

হত্যার পর নিহতের মোবাইল ফোন থেকেই মুক্তিপণ দাবি, রংপুরে ধরা পড়ল

নরসিংদীতে গণপিটুনিতে জেল পলাতক আসামি নিহত

নরসিংদীতে গণপিটুনিতে জেল পলাতক আসামি নিহত

আলোচনাসভায় মন্ত্রী আজম খান ‘গুম-খুন কল্যাণ অধিদপ্তর’ করছে সরকার

‘গুম-খুন কল্যাণ অধিদপ্তর’ করছে সরকার

শিক্ষক পরিবারের চারজন হত্যা: পুলিশের ব্যাখ্যা মানছেন না স্বজনরা

শিক্ষক পরিবারের চারজন হত্যা: পুলিশের ব্যাখ্যা মানছেন না স্বজনরা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম