নেতানিয়াহুকে ২৪ ঘণ্টার আলটিমেটাম আইজেনকোটের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ১১:৩৩ এএম
বেনিয়ামিন নেতানিয়াহু ও গাদি আইজেনকোট। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
ইসরাইলে জাতীয় ঐক্যের সরকার গঠন নিয়ে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ২৪ ঘণ্টার সময় বেঁধে দিয়েছেন বিরোধীদলীয় নেতা গাদি আইজেনকোট। নেতানিয়াহু সত্যিই ঐক্যের সরকার গঠনে আন্তরিক কি না, তা আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যাচাই করতে চান তিনি।
শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এসব কথা জানান আইজেনকোট।
এর আগে নেতানিয়াহু ঘোষণা দিয়েছিলেন, প্রস্তাবিত জাতীয় ঐক্যের সরকারে বিরোধীদলীয় নেতা আইজেনকোটকে প্রথমে প্রধানমন্ত্রীর দায়িত্ব দিতে রাজি আছেন তিনি। বিনিময়ে সরকার গঠনের শুরুতে নিজে বিকল্প প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন।
নেতানিয়াহুর এ ঘোষণার জবাবে আইজেনকোট বলেন, ঐক্যের সরকার গঠনের বিষয়ে আলোচনা শুরু করতে তিনি প্রস্তুত। এ জন্য শনিবার রাত থেকেই নেতানিয়াহুর লিকুদ পার্টির আলোচক দলকে প্রকৃত ও দ্রুতগতির আলোচনা শুরুর আহ্বান জানান তিনি।
আইজেনকোট বলেন, সরকারের মূলনীতি এবং গুরুত্বপূর্ণ নীতিগত বিষয়গুলো নিয়ে আলোচনা হওয়া প্রয়োজন।
তিনি জানান, নেতানিয়াহুর অনুরোধে গোপন একটি যোগাযোগমাধ্যমের মাধ্যমে রোববার তার কাছে বিভিন্ন গুরুত্বপূর্ণ নীতিগত বিষয়ে বিস্তারিত প্রস্তাব পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত ওই প্রস্তাবের কোনো জবাব পাননি তিনি।
আইজেনকোট বলেন, ‘প্রায় তিন সপ্তাহ ধরে আমরা প্রকৃত, আন্তরিক ও দ্রুতগতির আলোচনার প্রস্তাব দিয়ে আসছি। কিন্তু বারবার প্রত্যাখ্যান ও টালবাহানার মুখে পড়তে হয়েছে।’
জাতীয় ঐক্যের সরকার গঠনের স্বার্থে রাজনৈতিক ছাড় দিতেও তিনি প্রস্তুত বলে জানান। তার মতে, ইসরাইলের জাতীয় নিরাপত্তার অন্যতম মৌলিক ভিত্তি হলো জনগণের ঐক্য ও সংহতি।
চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
এর আগে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে নেতানিয়াহু জানান, জাতীয় ঐক্যের সরকার গঠনের স্বার্থে তিনি বড় দলের নেতাকেই প্রধানমন্ত্রী হতে হবে—এমন নীতি থেকে সরে আসতে প্রস্তুত।
ইসরাইলের নির্বাচনে নেতানিয়াহুর লিকুদ পার্টি আইজেনকোটের ইয়াশার পার্টির চেয়ে প্রায় আড়াই লাখ বেশি ভোট পেয়েছে। তারপরও ক্ষমতা ভাগাভাগির প্রস্তাবে আইজেনকোটকে প্রথমে প্রধানমন্ত্রী করার বিষয়ে সম্মতি দিয়েছেন তিনি।
নেতানিয়াহু দ্রুত ঐক্যের সরকার গঠনের জন্য আলোচনা শুরুর আহ্বান জানান। একই সঙ্গে আশা প্রকাশ করেন, অন্য পক্ষও সমঝোতার স্বার্থে একইভাবে ছাড় দেবে।
তিনি আরও বলেন, সামরিক বাহিনীতে বাধ্যতামূলক নিয়োগসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে দুই পক্ষের মধ্যে সমঝোতা প্রয়োজন।
তথ্যসূত্র: গলফ নিউজ


