নেতানিয়াহুর প্রস্তাব মেনে নেবেন আইজেনকোট?
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ১১:২৯ এএম
আইজেনকোট এখন নেতানিয়াহুকে আলোচনায় ডাকছেন। সংগৃহীত ছবি
|
ফলো করুন |
|
|---|---|
ইসরাইলে ঐক্য সরকার গঠনের স্বার্থে সাময়িকভাবে প্রধানমন্ত্রীর পদ ছাড়তে রাজি হয়েছেন বেনিয়ামিন নেতানিয়াহু। বিরোধী নেতা ও সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকোটের নেতৃত্বে সরকার গঠিত হলে প্রথম মেয়াদে তাকে প্রধানমন্ত্রী করার প্রস্তাব দিয়েছেন নেতানিয়াহু।
শনিবার (২৮ নভেম্বর) দেওয়া এ ঘোষণায় দেশটির সরকার গঠন নিয়ে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছে। তবে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কিছু বলেননি আইজেনকোট।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৭ অক্টোবরের নির্বাচনে কোনো পক্ষই সরকার গঠনের জন্য স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা পায়নি। পরে ইসরাইলের প্রেসিডেন্ট আইজেনকোটকে সরকার গঠনের দায়িত্ব দেন। আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত তার হাতে সময় রয়েছে। প্রয়োজনে এই সময় আরও ১৪ দিন বাড়ানো যেতে পারে।
নেতানিয়াহুর প্রস্তাব অনুযায়ী, তার দল লিকুদ ও আইজেনকোটের দল ইয়াশার ঐক্য সরকার গঠন করলে প্রধানমন্ত্রী পদের মেয়াদ ভাগাভাগি করা হবে। প্রথমে আইজেনকট প্রধানমন্ত্রী হবেন। পরে দায়িত্ব নেবেন নেতানিয়াহু।
এদিকে সরকার গঠনের প্রচেষ্টায় অগ্রগতি হয়েছে আইজেনকোটের। চলতি সপ্তাহে তিনি বামপন্থি দল দ্য ডেমোক্র্যাটস এবং ডানপন্থি দল ইসরাইল বেইতেনুর সঙ্গে জোট চুক্তি করেছেন। এসব দলের সমর্থন তাকে সংসদে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পথে এগিয়ে নিতে পারে।
এক বিবৃতিতে নেতানিয়াহু বলেন, ইসরাইলি সরকারের নেতৃত্ব দেওয়ার অধিকার তারই রয়েছে। তবে দেশের অস্তিত্বের জন্য হুমকির মাত্রা এবং সেই বিপদ মোকাবিলায় অক্ষম সরকার গঠনের আশঙ্কার কথা বিবেচনায় নিয়ে তিনি নিজের সবকিছু পাশে সরিয়ে রাখতে প্রস্তুত।
তবে নেতানিয়াহুর প্রস্তাবের বিষয়ে পালটা বক্তব্য দিয়েছেন আইজেনকোট। তিনি বলেন, কয়েক সপ্তাহ ধরে তার দলের আলোচকরা লিকুদ পার্টির সঙ্গে আন্তরিক ও দ্রুত আলোচনা চালানোর চেষ্টা করছেন। কিন্তু নেতানিয়াহুর দল বারবার আলোচনা এড়িয়ে গেছে।
এ পরিস্থিতিতে নেতানিয়াহুকে আলোচনায় বসার আমন্ত্রণ জানিয়েছেন আইজেনকোট। দুই দলের মধ্যে সরকার গঠনের মূলনীতি ও নীতিগত বিষয়গুলো নিয়ে গুরুত্বের সঙ্গে আলোচনার আহ্বান জানিয়েছেন তিনি।
নেতানিয়াহুর এই প্রস্তাব এমন সময়ে এল, যখন বিরোধী দলগুলোর সমর্থনে তার দীর্ঘদিনের প্রধানমন্ত্রিত্বের অবসান ঘটানোর উদ্যোগ চলছে।

