‘স্বর্ণের ভরি হতে পারে পৌনে ৫ লাখ টাকা’
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ০৫:০২ পিএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
টানা কয়েক মাসের দরপতনের পর স্বর্ণের বাজারে নতুন করে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত মিলছে। বাজার বিশ্লেষণধর্মী প্রতিষ্ঠান এফএক্সএম্পায়ারের কারিগরি বিশ্লেষক এজি থরসন পূর্বাভাস দিয়েছেন, সবকিছু ঠিক থাকলে ২০৩০ সাল নাগাদ বিশ্ববাজারে স্বর্ণের দাম আউন্সপ্রতি ১০ হাজার ডলার বা তারও বেশি হতে পারে। হিসাব অনুযায়ী, এই দর বাংলাদেশের বাজারে ভরিপ্রতি পৌনে ৫ লাখ টাকার কাছাকাছি পৌঁছাতে পারে।
গত ২৭ নভেম্বর প্রকাশিত বিশ্লেষণে থরসন জানান, ২৫ নভেম্বর স্বর্ণের দরপতন থেমে দাম একটি বড় সর্বনিম্ন অবস্থানে পৌঁছেছে। ২০২৫ সালের বড় উত্থানের পর পরবর্তী বাজারচক্রের সামঞ্জস্যতা দেখে তিনি এই সিদ্ধান্তে পৌঁছেছেন। তবে এই পূর্বাভাস সম্পূর্ণ কারিগরি বিশ্লেষণনির্ভর এবং দাম যে এখান থেকেই নিশ্চিতভাবে বাড়বে, তা এখনো পুরোপুরি নিশ্চিত নয়।
থরসনের মতে, স্বর্ণের দামের ওঠানামা একটি নির্দিষ্ট ছন্দ মেনে চলছে। ২০২৫ সালের সেপ্টেম্বরে শুরু হওয়া বড় উত্থানটি চলেছিল ১০৪ কার্যদিবস। এরপর ২০২৬ সালের মাঝামাঝি সময়ে দেখা দেওয়া দরপতনও ছিল ঠিক ১০৪ কার্যদিবসের। সর্বশেষ দরপতনটিও একই ছন্দ অনুসরণ করেছে; জুনের শেষ দিকের সর্বনিম্ন দামের ঠিক ১০৪ কার্যদিবস পর গত ২৫ নভেম্বর স্বর্ণের দাম আবারও সর্বনিম্ন পর্যায়ে পৌঁছায়। এই সামঞ্জস্যতার কারণেই দীর্ঘ দরপতনের শেষ ও নতুন উত্থানের সম্ভাবনা দেখছেন তিনি। ২০০৮ সালের আর্থিক সংকটের পরবর্তী চক্রের সাথে মিলিয়ে ২০২৬ সালের এই দরপতনকে তিনি ছয় বছরের দীর্ঘ তেজি বাজারের মাঝামাঝি বিরতি হিসেবে দেখছেন।
স্বর্ণের পাশাপাশি রুপা ও প্লাটিনামের দরপতনও প্রায় শেষের পথে বলে মনে করেন থরসন। তার মতে, এই দশকের শেষ নাগাদ রুপা আউন্সপ্রতি ৩০০ ডলারে পৌঁছাতে পারে। এ ছাড়া খনি কোম্পানির শেয়ারেও ভালো সম্ভাবনা দেখছেন তিনি। তবে আগামী ৯ ডিসেম্বর মার্কিন ফেডারেল রিজার্ভের সিদ্ধান্তের আগে বাজারে অস্থিরতা থাকতে পারে বলে সতর্ক করেছেন থরসন। তাই একবারে বড় বিনিয়োগ না করে ধাপে ধাপে কেনাই নিরাপদ।
সূত্র: লাইভমিন্ট

