কোনও পরিস্থিতিতেই ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ চায় না ইরান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১২ আগস্ট ২০২৫, ০৭:৪৩ পিএম
ইরানের নতুন প্রজন্মের IR-6 সেন্ট্রিফিউজ। ফাইল ছবি।
|
ফলো করুন |
|
|---|---|
ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী মাজিদ তাকত-এ রাভাঞ্চি বলেছেন, ইরান সমৃদ্ধকরণের ক্ষমতা ও সীমা নিয়ে নমনীয় হতে পারে, কিন্তু যে কোনও পরিস্থিতিতেই ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সম্পূর্ণভাবে বন্ধে সম্মত নয়, কারণ এটি দেশের জন্য অপরিহার্য।
সম্প্রতি জাপানের কিয়োডো নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে রাভাঞ্চি বলেন, ‘আমাদের নিজেদের ওপর নির্ভর করতে হবে, ফাঁকা প্রতিশ্রুতির ওপর নয়। এটা একেবারেই স্পষ্ট—যদি যুক্তরাষ্ট্র শূন্য সমৃদ্ধকরণের ওপর জোর দেয়, তবে কোনও চুক্তিই হবে না।’
তিনি আরও জানান, আলোচনার ধারাবাহিকতা বজায় রাখতে হলে ওয়াশিংটনকে নিশ্চয়তা দিতে হবে যে, আলোচনা পুনরায় শুরু হলে তারা আর ইরানকে আক্রমণ করবে না।
রাভাঞ্চি জোর দিয়ে বলেন, শূন্য সমৃদ্ধকরণ এবং ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে বিধিনিষেধ আরোপের বিষয়টি ‘একেবারেই আলোচনার বাইরে’, যদিও শান্তিপূর্ণ পারমাণবিক কার্যক্রমে সাময়িক সীমাবদ্ধতা আরোপে তেহরান সম্মত হতে পারে একটি ‘উভয়পক্ষের জয়-জয়, ন্যায্য চুক্তি’-র অংশ হিসেবে।

তিনি যুক্তরাষ্ট্রকে অভিযুক্ত করেন আলোচনায় অংশ নেওয়ার পাশাপাশি সামরিক পদক্ষেপ নিয়ে তেহরানকে ‘প্রতারিত’ করেছেন।
রাভাঞ্চি বলেন, ‘যুক্তরাষ্ট্রকে স্পষ্ট করতে হবে, তারা কি সত্যিই জয়-জয় ভিত্তিক সংলাপে আগ্রহী, নাকি নিজেদের ইচ্ছা চাপিয়ে দিতে চায়’।
যদিও ভবিষ্যৎ আলোচনার শর্ত হিসেবে ক্ষতিপূরণের দাবি তিনি তোলেননি, তবুও সাম্প্রতিক হামলার কারণে ক্ষয়ক্ষতির বিষয়ে আলোচনা হবে বলে জানান। তার ভাষায়, ‘যুক্তরাষ্ট্রের হামলা অবৈধ ছিল এবং গুরুতর ক্ষতি করেছে। ক্ষতিপূরণ দাবি করার পূর্ণ অধিকার আমাদের আছে।’
উত্তেজনা সত্ত্বেও রাভাঞ্চি বলেন, মধ্যস্থতাকারীদের মাধ্যমে কূটনৈতিক চ্যানেল খোলা রয়েছে এবং ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপে প্রস্তুত। তবে তিনি সতর্ক করে দেন, নতুন করে যুক্তরাষ্ট্রের হুমকি দিলে তার কঠোর জবাব দেওয়া হবে।
তিনি একতরফা সময়সীমাকে ‘গ্রহণযোগ্য নয়’ বলে আখ্যা দিলেও ইউরোপীয় শক্তিগুলোর সঙ্গে আলোচনার ইচ্ছা পুনর্ব্যক্ত করেন।
রাভাঞ্চি পুনরায় নিশ্চিত করেন, ইরানের পারমাণবিক কর্মসূচি ‘শান্তিপূর্ণ’ থাকবে এবং জাতিসংঘের পারমাণবিক সংস্থা (আইএইএ)-র সঙ্গে সহযোগিতায় তেহরান প্রস্তুত—যার মধ্যে সাম্প্রতিক হামলায় ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলোতেও নিরাপদ ও স্বচ্ছ পরিদর্শনের সুযোগ দেওয়া হবে, যা নিয়ে নতুন নির্দেশিকা অনুযায়ী সমঝোতা হবে।

