কিভাবে বুঝবেন আপনার কলব জিন্দা?
Advertisement
মুহাম্মাদ রুহুল্লাহ শাজুলি
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৪১ পিএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
মানুষের শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ হলো তার হৃদয় বা ‘কলব’। বাহ্যিকভাবে এই কলব সচল থাকলে যেমন মানুষ শারীরিকভাবে বেঁচে থাকে, তেমনি আত্মিকভাবে কলব সচল থাকলে মানুষের ইমান ও আত্মা জীবিত থাকে। ইসলামি আত্মশুদ্ধির ভাবনায়— যে হৃদয়ে আল্লাহর স্মরণ, ভয় ও ভালোবাসা সদা জাগ্রত থাকে, তাকেই বলা হয় ‘জিন্দা কলব’ বা জীবন্ত হৃদয়। কিন্তু কীভাবে বোঝা যাবে এই হৃদয় সত্যি জীবিত নাকি অলক্ষ্যে তা মরে গেছে? জীবনচক্রের ভালো-মন্দ, আনন্দ-বেদনায় যে হৃদয় একমাত্র আল্লাহর ওপর আস্থা রাখে এবং সর্বদা তাকেই স্মরণ করে, সেই কলবই হলো প্রকৃতপক্ষে জিন্দা।
জিন্দা কলবের উদাহরণ ও চেনার উপায়
একজন মানুষের কলব বা হৃদয় যে জীবিত, তা বোঝা যায় তার জীবনের বিভিন্ন মোড়ে ও পরিস্থিতিতে তার আচরণ এবং মানসিক অনুভূতির মাধ্যমে।
সুখ-দুঃখের সব ঋতুতে রবের স্মরণ: জিন্দা কলবের বড় প্রমাণ হলো জীবনের গতিপথ যেদিকেই যাক না কেন, আল্লাহর সঙ্গে সম্পর্কের সূতা কখনো ছিন্ন হয় না। তাই হে মুমিন—
- জীবন যখন অনুকূলে চলে— অহংকারী না হয়ে আল্লাহর শোকর বা কৃতজ্ঞতা আদায় করুন।
- জীবন যখন ভেঙে পড়ে— হতাশ না হয়ে আল্লাহর ওপর তাওয়াক্কুল বা ভরসা করুন এবং ধৈর্য ধারণ করুন।
- অপেক্ষার প্রহরে— অস্থির না হয়ে রবের উত্তম ফয়সালার জন্য ধৈর্য ধারণ করুন।
- সুস্থ হওয়ার পথে— আল্লাহকে স্মরণ করে নিরাময়ের শুকরিয়া জানান।
- জয়ের মুহূর্তে— বিনম্র হয়ে রবের দরবারে মাথা নত করে শুকরিয়া আদায় করুন।
- পরাজয়ের সময়েও— হতাশ না হয়ে নিজের ভুল শুধরে রবের করুণা কামনা করুন।
আমলের বিষয় হচ্ছে—
গুনাহ হয়ে গেলে অনুশোচনা করুন। কেননা কোনো ভুল বা পাপ হয়ে গেলে জিন্দা কলব সঙ্গে সঙ্গে অপরাধবোধে ছটফট করে ওঠে এবং তওবা করে আল্লাহর কাছে ফিরে আসতে ব্যকুল হয়ে ওঠে।
আর যখনই মুমিন বান্দা ইবাদতে মনোনিবেশ করে তখনই প্রশান্তি লাভ করে। জিন্দা কলব জিকির, নামাজ ও কুরআন তিলাওয়াতের মধ্যে পরম প্রশান্তি খুঁজে পায়, যা তাকে দুনিয়ার যাবতীয় অস্থিরতা থেকে মুক্ত রাখে।
কুরআনের আলোকে জীবন্ত হৃদয়
মহান আল্লাহ তাআলা পবিত্র কুরআনে জানিয়ে দিয়েছেন যে, কেবল আল্লাহর জিকির ও স্মরণের মাধ্যমেই জিন্দা কলব তার প্রকৃত প্রশান্তি খুঁজে পায়। কুরআন মজিদে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন—
الَّذِيْنَ آمَنُوْا وَتَطْمَئِنُّ قُلُوْبُهُمْ بِذِكْرِ اللّٰهِ ؕ أَلَا بِذِكْرِ اللّٰهِ تَطْمَئِنُّ الْقُلُوْبُ
‘যারা ইমান এনেছেন এবং আল্লাহর স্মরণে যাদের হৃদয় প্রশান্ত হয়; জেনে রাখো, আল্লাহর স্মরণের মাধ্যমেই কেবল হৃদয়সমূহ প্রশান্তি লাভ করে।’ (সুরা আর-রা’দ: আয়াত ২৮)
কিভাবে মুমিনদের জিন্দা কলব আল্লাহর নাম শুনলে কেঁপে ওঠে এবং তার আয়াত শুনে ইমান বৃদ্ধি পায়, এ বিষয়ে আল্লাহ তাআলা আরও বর্ণনা করেছেন—
إِنَّمَا الْمُؤْمِنُوْنَ الَّذِيْنَ إِذَا ذُكِرَ اللّٰهُ وَجِلَتْ قُلُوْبُهُمْ وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهٗ زَادَتْهُمْ إِيْمَانًا وََّعَلٰى رَبِّهِمْ يَتَوَكَّلُوْنَ
‘প্রকৃত মুমিন তো তারাই, যাদের সামনে যখন আল্লাহর নাম স্মরণ করা হয়, তখন তাদের হৃদয় ভীত-কম্পিত হয়। আর যখন তাদের সামনে তার আয়াতসমূহ তিলাওয়াত করা হয়, তখন তা তাদের ইমান বাড়িয়ে দেয় এবং তারা তাদের রবের ওপরই ভরসা রাখে।’ (সুরা আল-আনফাল: আয়াত ২)
হাদিসের দৃষ্টিতে জিন্দা ও মুর্দা কলব
রাসুলুল্লাহ (সা.) এক চমৎকার উপমার মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন— যে হৃদয়ে আল্লাহর জিকির আছে তা কীভাবে জীবিত, আর যেখানে জিকির নেই তা কীভাবে মৃত। প্রিয়নবী (সা.) ইরশাদ করেছেন—
مَثَلُ الَّذِي يَذْكُرُ رَبَّهُ وَالَّذِي لاَ يَذْكُرُ رَبَّهُ مَثَلُ الْحَيِّ وَالْمَيِّتِ
‘যে ব্যক্তি তার রবের জিকির বা স্মরণ করে আর যে ব্যক্তি তার রবের জিকির করে না, তাদের উদাহরণ হলো জীবিত ও মৃত ব্যক্তির মতো।’ (বুখারি ৬৪০৭)
অন্য এক হাদিসে মনের কলুষতা দূর করে কলবকে জিন্দা ও পরিচ্ছন্ন রাখার উপায় বর্ণনা করতে গিয়ে রাসুলুল্লাহ (সা.) বলেছেন—
إِنَّ هٰذِهِ الْقُلُوْبَ تَصْدَأُ كَمَا يَصْدَأُ الْحَدِيْدُ إِذَا أَصَابَهُ الْمَاءُ، قِيْلَ: يَا رَسُوْلَ اللّٰهِ، وَمَا جِلَاؤُهَا؟ قَالَ: كَثْرَةُ ذِكْرِ الْمَوْتِ وَتِلَاوَةُ الْقُرْآنِ
‘লোহায় যেমন পানি লাগলে জং বা মরচে ধরে, তেমনি এই হৃদয়গুলোতেও মরচে ধরে। জিজ্ঞাসা করা হলো— হে আল্লাহর রাসুল! তা দূর করার ও হৃদয়কে উজ্জ্বল করার উপায় কী? তিনি বললেন: বেশি বেশি মৃত্যুকে স্মরণ করা এবং কুরআন তিলাওয়াত করা।’ (বাইহাকি ফি শুআবুল ঈমান ১৮৫৯)
জীবন সবসময় এক গতিতে চলে না; আলো-ছায়া, জয়-পরাজয়, সুখ-দুঃখের মধ্য দিয়েই আমাদের পথ চলতে হয়। কিন্তু পরিস্থিতির ওঠানামা যেন আমাদের আত্মাকে মৃত বানিয়ে না ফেলে। যেকোনো হালতেই ঠোঁটে ও অন্তরে আল্লাহর স্মরণ জিইয়ে রাখাই হলো জিন্দা কলবের মূল পরিচয়।
আসুন, আমরা জীবনের সব ঋতুতে রবের দরবারে শোকর ও ধৈর্যের মাধ্যমে নিজেদের কলবকে জিন্দা রাখি। এ জন্য আল্লামা ফয়জুল্লাহ শাজুলি (রহ.) বলতেন— ‘হাতে হাতের কাম, পায়ে পায়ের কাম; দিলে (অন্তরে) মুখে আল্লাহ তাআলার নাম-কালাম।’ আমরা শাজুলি (রহ.) এর এ উপদেশে নিজেদের জীবনকে গড়ে তুলি। কারণ, যে হৃদয় জীবনের প্রতিটি মুহূর্তে আল্লাহকে স্মরণ করে, সেই হৃদয়ই প্রকৃত অর্থে জীবন্ত। আলহামদুলিল্লাহ! তিনি যেন আমাদের সবাইকে জিন্দা কলবের অধিকারী হওয়ার তৌফিক দান করেন। আমিন।
লেখক: ইসলামিক স্কলার, মুফাচ্ছিরে কুরআন ও পীরসাহেব, শাজুলিয়া দরবার শরিফ


