ওয়ারেন্টির নামে অতিরিক্ত টাকা নিয়ে নতুন পণ্য দেওয়ার চুক্তি কি জায়েজ?
ইসলাম ও জীবন ডেস্ক
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ০৫:৫৪ পিএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
ইলেকট্রনিক পণ্য কেনার সময় অনেক প্রতিষ্ঠান নির্ধারিত ওয়ারেন্টির পাশাপাশি অতিরিক্ত অর্থের বিনিময়ে রিপ্লেসমেন্ট গ্যারান্টি বা নতুন পণ্য দেওয়ার সুবিধা দিয়ে থাকে। বিশেষ করে ব্যয়বহুল পণ্যের ক্ষেত্রে মেরামতের জন্য দীর্ঘ সময় অপেক্ষা এড়াতে অনেক ক্রেতাই এ ধরনের সেবা নিতে আগ্রহী হন। তবে অতিরিক্ত অর্থ দিয়ে এমন চুক্তি করা শরিয়াহসম্মত কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে।
ধরা যাক, কোনো ইলেকট্রনিক পণ্যের দাম ১ লাখ টাকা। পণ্যটির সঙ্গে এক বছরের সাধারণ ওয়ারেন্টি রয়েছে। তবে কোনো সমস্যা দেখা দিলে মেরামতের জন্য দেশের বাইরে পাঠাতে হয় বলে এক থেকে তিন মাস পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে। এ অবস্থায় বিক্রেতা অতিরিক্ত ৫ হাজার টাকা নিলে এক বছরের মধ্যে পণ্যটি নষ্ট হলে মেরামতের পরিবর্তে নতুন একটি পণ্য দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে। এই সুবিধা এক বছরে একবার নেওয়া যাবে।
শরিয়াহর দৃষ্টিতে এ ধরনের অতিরিক্ত অর্থের বিনিময়ে রিপ্লেসমেন্ট গ্যারান্টির চুক্তি বৈধ নয়। কারণ, এখানে অতিরিক্ত ৫ হাজার টাকা এমন একটি অনিশ্চিত ঝুঁকির বিপরীতে দেওয়া হচ্ছে, যার বাস্তবায়ন হবে কি না, তা আগে থেকে জানা সম্ভব নয়।
পণ্যটি এক বছরের মধ্যে নষ্ট হলে ক্রেতা অতিরিক্ত ৫ হাজার টাকার বিনিময়ে ১ লাখ টাকা মূল্যের নতুন পণ্য পেয়ে যাবেন। অন্যদিকে, পণ্যটি নষ্ট না হলে ওই অর্থের বিপরীতে ক্রেতা কোনো সেবা বা সুবিধা পাবেন না। ফলে চুক্তিতে অনিশ্চয়তা ও জুয়ার সাদৃশ্য তৈরি হয়, যা ইসলামী শরিয়তে নিষিদ্ধ।
তবে পণ্য কেনার সময় মূল দামের অন্তর্ভুক্ত হিসেবে প্রস্তুতকারক বা বিক্রেতা যে সাধারণ ওয়ারেন্টি ও মেরামতসেবা দিয়ে থাকে, তা বৈধ। কারণ, এ ক্ষেত্রে ক্রেতাকে আলাদা করে কোনো অনিশ্চিত সুবিধার জন্য অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে না।
তাই শরিয়াহর বিধান অনুযায়ী, সাধারণ ওয়ারেন্টির আওতায় পণ্য কেনা বৈধ হলেও অতিরিক্ত অর্থ দিয়ে এক বছরের মধ্যে পণ্য নষ্ট হলে নতুন পণ্য পাওয়ার এমন চুক্তি থেকে বিরত থাকা উচিত।

