মসজিদের পাশে কবর দিলে কি আজাব কম হয়, সওয়াব পাওয়া যায়?
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ১২:৪৯ পিএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
মৃত্যু প্রতিটি প্রাণীর জন্য অবধারিত। পৃথিবীতে মানুষের আগমন যেমন স্বাভাবিক, তেমনি নির্ধারিত সময় শেষে মৃত্যুবরণ করাও জীবনের চিরন্তন বাস্তবতা। কেউই মৃত্যুকে এড়িয়ে যেতে পারে না। নির্ধারিত সময়ের এক মুহূর্ত আগেও নয়, পরেও নয়—প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, ‘প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে।’ (সুরা আলে ইমরান, আয়াত: ১৮৫)
মৃত্যু থেকে পালিয়ে বাঁচার কোনো সুযোগ নেই। মানুষ পৃথিবীর যে প্রান্তেই থাকুক কিংবা যত নিরাপদ আশ্রয়েই অবস্থান করুক, নির্ধারিত সময়ে মৃত্যুর মুখোমুখি হতেই হবে। এ বিষয়ে পবিত্র কোরআনে বলা হয়েছে, ‘তোমরা যেখানেই থাক না কেন, মৃত্যু তোমাদের নাগাল পাবেই, চাই তোমরা সুরক্ষিত কোনো দুর্গেই অবস্থান করো না কেন।’ (সুরা নিসা, আয়াত: ৭৮)
ইসলামি বিধান অনুযায়ী, কোনো মুসলমানের মৃত্যু হলে তাকে দাফন করতে হয়। আমাদের সমাজে মসজিদের পাশে কিংবা আঙিনায় কবর দেওয়ার প্রচলন রয়েছে। অনেকেই চান, তাদের স্বজনদের কবর যেন মসজিদের কাছাকাছি হয়। তাদের ধারণা, মসজিদের আজান, নামাজ, কোরআন তেলাওয়াত ও জিকিরের বরকতে মৃত ব্যক্তি উপকৃত হন। এমনকি কেউ কেউ মনে করেন, মৃত ব্যক্তি মসজিদের আজান ও কোরআন তেলাওয়াত শুনতে পান।
তবে ইসলামি শরিয়তে মসজিদের পাশে বা আঙিনায় কবর দেওয়ার বিশেষ কোনো ফজিলতের কথা উল্লেখ নেই। সেখানে কবর দিলে মৃত ব্যক্তির কবরের আজাব কমে যায় কিংবা বেশি সওয়াব পাওয়া যায়—এমন কোনো প্রমাণও কোরআন-হাদিসে পাওয়া যায় না। বরং একজন মানুষ জীবদ্দশায় সদকায়ে জারিয়া বা এমন কোনো কল্যাণকর কাজ করে গেলে, তিনি যেখানেই দাফন হন না কেন, তার সওয়াব পেতে থাকবেন।
এ প্রসঙ্গে মহানবী হজরত মুহাম্মদ (সা.) বলেছেন, ‘যখন মানুষ মারা যায়, তখন তার আমল বন্ধ হয়ে যায়। তবে তিনটি আমলের সওয়াব অব্যাহত থাকে—সদকায়ে জারিয়া, এমন জ্ঞান যা থেকে মানুষ উপকৃত হয় এবং নেক সন্তান, যে তার জন্য দোয়া করে।’ (সহিহ মুসলিম, হাদিস: ১৬৩১)
এ ছাড়া কোনো ব্যক্তিকে কেন্দ্র করে কবরকে বিশেষ মর্যাদা দেওয়ার প্রবণতা থেকে শিরকের মতো গুরুতর অপরাধের আশঙ্কা তৈরি হতে পারে। এ বিষয়ে রাসুলুল্লাহ (সা.) সতর্ক করে বলেছেন, ‘সাবধান! তোমাদের আগে যারা ছিল, তারা তাদের নবী ও নেককার ব্যক্তিদের কবরকে মসজিদে পরিণত করেছিল। তোমরা কবরকে মসজিদে পরিণত করো না। আমি তোমাদের এ থেকে কঠোরভাবে নিষেধ করছি।’ (সহিহ মুসলিম, হাদিস: ৫৩২)
আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ এ বিষয়ে বলেন, মসজিদের পাশে বা আঙিনায় কবর দিলে কবরের আজাব কমে কিংবা বেশি সওয়াব পাওয়া যায়—এমন কোনো বক্তব্য কোরআন-হাদিসে নেই। সেখানে দাফন করলে বিশেষ সওয়াব হবে বা কবরের আজাব মাফ হয়ে যাবে, এমন ধারণারও কোনো ভিত্তি নেই।
তবে তার মতে, মসজিদের আশপাশে কবরস্থান থাকা ভালো। এতে মুসল্লিরা নিয়মিত কবর জিয়ারত করতে পারেন এবং কবরবাসীদের জন্য দোয়া করার সুযোগ পান। কিন্তু মসজিদের পাশে বা আঙিনায় আলাদাভাবে একটি-দুটি কবর তৈরি করা সুন্নাহসম্মত নয়। বরং সাধারণ কবরস্থানে দাফন করাই সুন্নত।
পারিবারিক কবরস্থান তৈরির প্রবণতা নিয়েও সতর্ক করেছেন শায়খ আহমাদুল্লাহ। তিনি বলেন, অনেক সময় অহংকার বা সামাজিক মর্যাদা প্রদর্শনের উদ্দেশ্যে পারিবারিক কবরস্থান তৈরি করা হয়। তবে অহংকারের উদ্দেশ্য না থাকলে পারিবারিক কবরস্থান করতে কোনো বাধা নেই। অনেক সাহাবি ও বিশিষ্ট ইমামকেও সাধারণ কবরস্থানে দাফন করা হয়েছে। কবরস্থানে কেউ সালাম দিলে সেই সালামের সঙ্গে সব কবরবাসীই সম্পৃক্ত হন।

-6af58b5f34627.jpg)