কবরে মাটি দেওয়ার সময় কোন দোয়া পড়বেন?
ইসলাম ও জীবন ডেস্ক
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ০৬:২০ পিএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
মৃত্যু অবধারিত, আর কবর হলো পরকালীন জীবনের প্রথম ধাপ। পৃথিবীর মায়া ত্যাগ করে প্রিয় মানুষটি যখন চিরবিদায়ের পথে পাড়ি জমান, তখন তার জন্য জীবিত স্বজনদের সবচেয়ে বড় উপহার হলো দোয়া, ক্ষমা প্রার্থনা ও নেক আমল। বিশেষ করে দাফন সম্পন্ন হওয়ার পর মৃত ব্যক্তির জন্য আল্লাহর কাছে ক্ষমা ও কবরের প্রশ্নের উত্তর দেওয়ার সময় অবিচল থাকার প্রার্থনা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ইসলাম মৃত ব্যক্তিকে সম্মান ও মর্যাদার সঙ্গে দাফনের নির্দেশ দিয়েছে। শুধু জানাজা ও দাফন সম্পন্ন করেই দায়িত্ব শেষ হয় না; বরং দাফনের প্রতিটি পর্যায়ে রয়েছে কিছু গুরুত্বপূর্ণ আদব ও সুন্নত। কবরে মাটি দেওয়ার সময় কী পড়তে হয়, তিন মুঠো মাটি দেওয়ার নিয়ম কী, সুরা ত্বহার কোন আয়াত পড়া হয় এবং দাফন শেষে মৃত ব্যক্তির জন্য কীভাবে দোয়া করতে হয়—এসব বিষয়ে অনেকেরই জানার আগ্রহ রয়েছে।
কুরআন ও নির্ভরযোগ্য হাদিসের আলোকে কবরে মাটি দেওয়ার নিয়ম, প্রচলিত দোয়া এবং দাফন-পরবর্তী গুরুত্বপূর্ণ আমলগুলো নিচে তুলে ধরা হলো—
১. দাফনের আগে ও দাফনের সময় যেসব বিষয় খেয়াল রাখতে হবে
ইসলামে মৃত ব্যক্তির প্রতি সম্মান প্রদর্শন এবং যথাযথভাবে দাফন সম্পন্ন করা মুসলমানদের সম্মিলিত দায়িত্ব। দাফনের আগে মৃত ব্যক্তিকে গোসল করানো, কাফন পরানো এবং জানাজার নামাজ আদায় করা হয়।
এরপর তাকে কবরে শায়িত করা হয়। প্রচলিত শরিয়তসম্মত নিয়ম অনুযায়ী মৃত ব্যক্তিকে ডান কাতে শুইয়ে কিবলামুখী করে রাখা হয়। কবরের ভেতরে লাহদ বা প্রয়োজন অনুযায়ী উপযুক্ত ব্যবস্থা করে মৃতদেহকে নিরাপদে রাখা হয়। এরপর কবর মাটি দিয়ে ঢেকে দেওয়া হয়। আল্লাহ তাআলা বলেন—
مِنْهَا خَلَقْنَاكُمْ وَفِيهَا نُعِيدُكُمْ وَمِنْهَا نُخْرِجُكُمْ تَارَةً أُخْرَىٰ
উচ্চারণ: মিনহা খালাকনাকুম, ওয়া ফীহা নুঈদুকুম, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা।
‘এ মাটি থেকেই আমি তোমাদের সৃষ্টি করেছি, এর মধ্যেই তোমাদের ফিরিয়ে দেব এবং এ মাটি থেকেই তোমাদের পুনরায় বের করব।’ (সুরা ত্বহা: আয়াত ৫৫)
এই আয়াত মানুষকে তার সৃষ্টির উৎস, মৃত্যুর পর মাটিতে ফিরে যাওয়া এবং কিয়ামতের দিন পুনরুত্থানের কথা স্মরণ করিয়ে দেয়।
২. কবরে মাটি দেওয়ার নিয়ম ও তিন মুঠো মাটির আমল
মৃত ব্যক্তিকে কবরে শায়িত করার পর কবরের ওপর মাটি দেওয়ার কাজ সম্পন্ন করা হয়। এ বিষয়ে রাসুলুল্লাহ (সা.)-এর একটি হাদিস রয়েছে।
হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) এক ব্যক্তির জানাজার নামাজ আদায় করার পর তার কবরে গিয়ে মাথার দিক থেকে তিনবার মাটি নিক্ষেপ করেছিলেন।
أَنَّ رَسُولَ اللَّهِ ﷺ صَلَّى عَلَى جَنَازَةٍ ثُمَّ أَتَى قَبْرَ الْمَيِّتِ فَحَثَى عَلَيْهِ مِنْ قِبَلِ رَأْسِهِ ثَلَاثًا
রাসুলুল্লাহ (সা.) একটি জানাজার নামাজ আদায় করলেন। এরপর মৃত ব্যক্তির কবরে এসে তার মাথার দিক থেকে তিনবার মাটি নিক্ষেপ করলেন। (ইবনে মাজাহ ১৫৬৫)
এই হাদিস থেকে বোঝা যায়, কবরে তিনবার মাটি নিক্ষেপ করার আমলের ভিত্তি রয়েছে। তবে হাদিসে প্রত্যেক উপস্থিত ব্যক্তিকে তিন মুঠো মাটি দেওয়ার নির্দেশ দেওয়া হয়নি; বরং রাসুলুল্লাহ (সা.)-এর নিজের তিনবার মাটি নিক্ষেপের কথা বর্ণিত হয়েছে।
৩. তিন মুঠো মাটি দেওয়ার সময় সুরা ত্বহার যে আয়াত পড়া হয়
আমাদের সমাজে কবরে মাটি দেওয়ার সময় তিন মুঠো মাটির সঙ্গে সুরা ত্বহার ৫৫ নম্বর আয়াতের তিনটি অংশ আলাদাভাবে পড়ার প্রচলন রয়েছে। কিছু ফকিহও এ পদ্ধতিকে মুস্তাহাব বলেছেন।
তিনবার মাটি দেওয়ার সময় আয়াতের অংশগুলো এভাবে পড়া হয়—
প্রথম মুঠো মাটি দেওয়ার সময়
مِنْهَا خَلَقْنَاكُمْ
উচ্চারণ: মিনহা খালাকনাকুম।
অর্থ: এ মাটি থেকেই আমি তোমাদের সৃষ্টি করেছি।
দ্বিতীয় মুঠো মাটি দেওয়ার সময়
وَفِيهَا نُعِيدُكُمْ
উচ্চারণ: ওয়া ফীহা নুঈদুকুম।
অর্থ: এবং এর মধ্যেই তোমাদের ফিরিয়ে দেব।
তৃতীয় মুঠো মাটি দেওয়ার সময়
وَمِنْهَا نُخْرِجُكُمْ تَارَةً أُخْرَىٰ
উচ্চারণ: ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা।
অর্থ: এবং এ মাটি থেকেই তোমাদের পুনরায় বের করব।
হাদিসের সূত্র ও গ্রহণযোগ্যতা
হজরত আবু উমামা (রা.) থেকে বর্ণিত একটি বর্ণনায় এসেছে, রাসুলুল্লাহ (সা.) তার কন্যা উম্মে কুলসুমকে কবরে রাখার সময় এই আয়াত পাঠ করেছিলেন। বর্ণনাটি মুসনাদে আহমাদ (২২১৮৭), আল-মুস্তাদরাক ও সুনানে বায়হাকিতে রয়েছে।
৪. দাফন শেষে মৃত ব্যক্তির জন্য যে দোয়া করতে হবে
দাফন সম্পন্ন হওয়ার পরপরই কবরস্থান থেকে চলে না গিয়ে কিছুক্ষণ মৃত ব্যক্তির কবরের পাশে অবস্থান করে তার জন্য ক্ষমা ও দৃঢ়তার দোয়া করা অত্যন্ত গুরুত্বপূর্ণ সুন্নত। হজরত উসমান ইবনে আফফান (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) যখন কোনো মৃত ব্যক্তির দাফন শেষ করতেন, তখন তার কবরের পাশে দাঁড়িয়ে সাহাবিদের বলতেন—
اسْتَغْفِرُوا لِأَخِيكُمْ، وَسَلُوا لَهُ التَّثْبِيتَ، فَإِنَّهُ الْآنَ يُسْأَلُ
‘তোমরা তোমাদের ভাইয়ের জন্য ক্ষমা প্রার্থনা করো এবং তার জন্য অবিচলতা কামনা করো। কারণ, এখনই তাকে প্রশ্ন করা হচ্ছে।’ (আবু দাউদ ৩২২১)
৫. মৃত ব্যক্তির জন্য পড়ার মতো গুরুত্বপূর্ণ দোয়া
দাফন শেষে মৃত ব্যক্তির জন্য নিজের ভাষায়ও আল্লাহর কাছে ক্ষমা ও রহমত প্রার্থনা করা যায়। পাশাপাশি নিচের দোয়াটি পড়া যেতে পারে—
اللَّهُمَّ اغْفِرْ لَهُ، اللَّهُمَّ ثَبِّتْهُ، اللَّهُمَّ ارْحَمْهُ
উচ্চারণ: ‘আল্লাহুম্মাগফির লাহু, আল্লাহুম্মা সাব্বিতহু, আল্লাহুম্মারহামহু।’
অর্থ: ‘হে আল্লাহ! তাকে ক্ষমা করুন, তাকে অবিচল রাখুন এবং তার প্রতি রহম করুন।’
আরও একটি সুন্দর দোয়া হলো—
اللَّهُمَّ اغْفِرْ لَهُ وَارْحَمْهُ وَعَافِهِ وَاعْفُ عَنْهُ
উচ্চারণ: ‘আল্লাহুম্মাগফির লাহু, ওয়ারহামহু, ওয়া আফিহি, ওয়াফু আনহু।’
অর্থ: ‘হে আল্লাহ! তাকে ক্ষমা করুন, তার প্রতি দয়া করুন, তাকে নিরাপত্তা ও শান্তি দান করুন এবং তার অপরাধগুলো মার্জনা করুন।’ (মুসলিম ৯৬৩)
মৃত ব্যক্তি নারী হলে দোয়ায় পুরুষবাচক সর্বনামের পরিবর্তে স্ত্রীবাচক সর্বনাম ব্যবহার করতে হবে। যেমন, ‘লাহু’-এর পরিবর্তে ‘লাহা’।
৬. মৃত্যু ও পুনরুত্থান সম্পর্কে কুরআনের গুরুত্বপূর্ণ স্মরণবাণী
মৃত্যু যে প্রতিটি মানুষের জন্য অবধারিত, তা আল্লাহ তাআলা পবিত্র কুরআনে স্পষ্টভাবে ঘোষণা করেছেন। আল্লাহ তাআলা বলেন—
كُلُّ نَفْسٍ ذَائِقَةُ الْمَوْتِ ۗ وَإِنَّمَا تُوَفَّوْنَ أُجُورَكُمْ يَوْمَ الْقِيَامَةِ
‘প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। আর কিয়ামতের দিনই তোমাদের কর্মফল পূর্ণভাবে দেওয়া হবে।’ (সুরা আল-ইমরান: আয়াত ১৮৫)
এই আয়াত আমাদের স্মরণ করিয়ে দেয়, দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী। একদিন প্রত্যেক মানুষকেই আল্লাহর কাছে ফিরে যেতে হবে। তাই মৃত ব্যক্তির জন্য দোয়া করার পাশাপাশি জীবিতদেরও নিজেদের আখিরাতের প্রস্তুতি গ্রহণ করা প্রয়োজন।

