Logo
Logo
×

Advertisement

ইসলাম ও জীবন

যে নামাজে মুছে যায় গুনাহের কালিমা

Icon

ইসলাম ও জীবন ডেস্ক

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ০৬:৫১ পিএম

যে নামাজে মুছে যায় গুনাহের কালিমা

ছবি: সংগৃহীত

Advertisement

মানুষ মাত্রই ভুল করে। চলার পথে হাজারো প্রলোভন আর শয়তানের চতুর ধোঁকায় পা পিছলে অনেক সময় এমন কিছু কাজ হয়ে যায়, যা আমাদের রবের কাছে অপছন্দনীয়। কিন্তু একজন প্রকৃত বিশ্বাসীর হৃদয় তো পাথর নয়; ভুল হয়ে গেলে তার বুকটা মোচড় দিয়ে ওঠে, ভেতরে জমে এক গভীর অনুশোচনা। ঠিক এই অনুশোচনার ভেতর দিয়েই শুরু হয় রবের দিকে ফেরার এক পরম সুন্দর যাত্রা—যেখানে হাতিয়ার হলো পবিত্র ওজু, বিনম্র সেজদা আর চোখের জলে ভেজা দুই রাকাত নামাজ।

অনুশোচনা যখন ঈমানের আয়না

একজন মুমিনের সার্বক্ষণিক চেষ্টা থাকে গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখার। তবু শয়তানের ধোঁকায় পড়ে যখন কোনো গুনাহ হয়েই যায়, তখন তার আফসোসের সীমা থাকে না। আর এই আফসোসই আসলে তার ভেতরের ইমানের জীবন্ত সাক্ষ্য। রাসুলুল্লাহ (সা.) এই অনুভূতির কথা কত সুন্দরভাবে তুলে ধরেছেন—

إِذَا سَرَّتْكَ حَسَنَتُكَ وَسَاءَتْكَ سَيِّئَتُكَ فَأَنْتَ مُؤْمِنٌ

‘যখন তোমার নেক আমল তোমাকে আনন্দিত করবে এবং তোমার গুনাহ তোমাকে কষ্টে নিপতিত করবে, তাহলে (বুঝবে) তুমি মুমিন।’ (মুসনাদে আহমদ ২২১৬৬, মুসতাদরাকে হাকেম ৩৩)

ক্ষমার দুয়ারে অশ্রুসিক্ত বান্দা

গুনাহ হয়ে যাওয়ার সেই কষ্ট আর ভার বয়ে বেড়াতে বেড়াতে মুমিন ছুটে যায় একমাত্র আল্লাহর দুয়ারে, ক্ষমার ভিখারি হয়ে। কারণ, পরম করুণাময় আল্লাহ ছাড়া গুনাহ মাফ করার তো আর কেউ নেই। যখনই সেই বান্দা উত্তমরূপে ওজু করে নামাজের পাটিতে দাঁড়িয়ে যায় এবং ইসতেগফারের অশ্রুতে নিজের গাল ভেজায়, তখন পরম ক্ষমাশীল গাফুরুর রাহিম তার সব গুনাহ ধুয়েমুছে সাফ করে দেন।

হজরত আবু বকর (রা.) বর্ণিত হাদিসে রাসুলুল্লাহ (সা.) এই সুসংবাদ দিয়েছেন যে, মুসলিম যখন কোনো গুনাহ করে ফেলে, অতঃপর সুন্দরভাবে ওজু করে দুই রাকাত নামাজ আদায় করে এবং সেই পাপের জন্য আল্লাহর কাছে ক্ষমা চায়, তখন আল্লাহ তাকে ক্ষমা করে দেন। এরপর নবীজি (সা.) পবিত্র কুরআনের এই আয়াত তেলাওয়াত করেন—

وَمَنْ يَعْمَلْ سُوءًا أَوْ يَظْلِمْ نَفْسَهُ ثُمَّ يَسْتَغْفِرِ اللَّهَ يَجِدِ اللَّهَ غَفُورًا رَّحِيمًا

‘যে ব্যক্তি কোনো মন্দ কাজ করে ফেলে বা নিজের প্রতি জুলুম করে বসে, তারপর আল্লাহর কাছে ক্ষমা চায়, সে অবশ্যই আল্লাহকে অতি ক্ষমাশীল, পরম দয়ালুই পাবে।’ (সুরা নিসা: আয়াত ১১০)


মনোযোগ দিয়ে ওজু করে দুই রাকাত নামাজ আদায় করার ফজিলত এতই বিশাল যে, অন্য এক হাদিসে এসেছে—

مَنْ تَوَضَّأَ فَأَحْسَنَ الْوُضُوءَ ثُمَّ صَلَّى رَكْعَتَيْنِ... وَجَبَتْ لَهُ الْجَنَّةُ

‘যে সুন্দর করে অজু করে এবং অজুর পর মনোযোগ দিয়ে দুই রাকাত নামাজ পড়ে; তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়।’ (মুসলিম ২৩৪)

প্রতিটি সেজদায় মর্যাদা ও ক্ষমার পরশ

নামাজের সবচেয়ে কাছাকাছি এবং বিনয়ী মুহূর্ত হলো সেজদা। হজরত আবু উমামা (রা.) থেকে বর্ণিত, একবার নবীজি (স.) তাকে বলেছেন—

اعْلَمْ أَنَّكَ لَا تَسْجُدُ لِلَّهِ سَجْدَةً إِلَّا رَفَعَ اللَّهُ لَكَ بِهَا دَرَجَةً وَحَطَّ عَنْكَ بِهَا خَطِيئَةً

‘জেনে রাখো, তোমার প্রতিটি সেজদার বিনিময়ে আল্লাহ তোমার একটি মর্যাদা বৃদ্ধি করবেন এবং একটি গুনাহ মিটিয়ে দেবেন।’ (মুসনাদে আহমদ ২২২০)

বিপদে-আপদে নামাজের আশ্রয়

মুমিনের অন্যতম বড় বৈশিষ্ট্য হলো, যে কোনো বিষয়ে সে একমাত্র আল্লাহ তাআলার সাহায্য প্রার্থনা করে এবং সেই সাহায্য প্রার্থনায় নামাজকে মাধ্যম বানায়। কারণ আল্লাহ তাআলাই মুমিনদের এভাবে সাহায্য চাইতে শিখিয়েছেন। পবিত্র কুরআনে সে প্রসঙ্গটি এসেছে এভাবে—

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اسْتَعِينُوا بِالصَّبْرِ وَالصَّلَاةِ ۚ إِنَّ اللَّهَ مَعَ الصَّابِرِينَ

‘হে মুমিনগণ, ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য চাও; নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন।’ (সুরা বাকারা: আয়াত ১৫৩)

জীবনের প্রতিটি বাঁকে ভুল করা অস্বাভাবিক নয়, কিন্তু ভুলের পর হতাশ হয়ে দূরে সরে যাওয়া কোনো মুমিনের কাজ হতে পারে না। ক্ষমার দরজা সবসময় খোলা, আর সেই দরজায় কড়া নাড়ার সবচেয়ে পবিত্র ও সুন্দর উপায় হলো ওজু করে দুই রাকাত নামাজে দাঁড়িয়ে যাওয়া। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে গুনাহ থেকে পরিষ্কার থাকার জন্য নফল নামাজের মাধ্যমে আল্লাহর শরণাপন্ন হওয়ার তৌফিক দান করুন। আমিন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

হাত বাড়ালেই দান-সদকার নগদ ৯ পুরস্কার

হাত বাড়ালেই দান-সদকার নগদ ৯ পুরস্কার

যে ৩ শ্রেণির মানুষ সবার আগে জান্নাতে প্রবেশ করবেন

যে ৩ শ্রেণির মানুষ সবার আগে জান্নাতে প্রবেশ করবেন

মাগরিব না পড়লে এশার নামাজ হবে না যে ব্যক্তির

মাগরিব না পড়লে এশার নামাজ হবে না যে ব্যক্তির

রাগের মাথায় ‘ব্রেকআপ’ বললে কি সত্যিই সংসার ভেঙে যাবে?

রাগের মাথায় ‘ব্রেকআপ’ বললে কি সত্যিই সংসার ভেঙে যাবে?

নিয়মিত তাহাজ্জুদ পড়ার ৪ অনন্য উপকার

নিয়মিত তাহাজ্জুদ পড়ার ৪ অনন্য উপকার

শীতে ফরজ গোসলের সুন্নাহসম্মত উপায় ও ৬ সতর্কতা

শীতে ফরজ গোসলের সুন্নাহসম্মত উপায় ও ৬ সতর্কতা

আরও পড়ুন

যে নামাজে মুছে যায় গুনাহের কালিমা

যে নামাজে মুছে যায় গুনাহের কালিমা

হাত বাড়ালেই দান-সদকার নগদ ৯ পুরস্কার

হাত বাড়ালেই দান-সদকার নগদ ৯ পুরস্কার

হাসিমুখে কারো মন ভালো করে দেওয়াও কি সদকা?

হাসিমুখে কারো মন ভালো করে দেওয়াও কি সদকা?

যে ৩ শ্রেণির মানুষ সবার আগে জান্নাতে প্রবেশ করবেন

যে ৩ শ্রেণির মানুষ সবার আগে জান্নাতে প্রবেশ করবেন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম