Logo
Logo
×

Advertisement

ইসলাম ও জীবন

উস্তাদকে নিয়ে আজহারীর আবেগঘন স্মৃতিচারণ, জানালেন সাত বছরের স্মৃতি

জাহেদুল ইসলাম আল রাইয়ান

জাহেদুল ইসলাম আল রাইয়ান

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ১০:৩০ পিএম

উস্তাদকে নিয়ে আজহারীর আবেগঘন স্মৃতিচারণ, জানালেন সাত বছরের স্মৃতি

দারুননাজাত সিদ্দিকীয়া কামিল মাদ্রাসার প্রিন্সিপাল আ খ ম আবু বক্কর সিদ্দিকের সঙ্গে মিজানুর রহমান আজহারী।

Advertisement

দীর্ঘ সাত বছরের শিক্ষক-শিক্ষার্থী সম্পর্ক, স্নেহ, শাসন, নসিহত ও একসঙ্গে কাটানো নানা স্মৃতির কথা তুলে ধরেছেন বিশিষ্ট ইসলামি আলোচক শাইখ মিজানুর রহমান আজহারী।

দারুননাজাত সিদ্দিকীয়া কামিল মাদ্রাসার প্রিন্সিপাল আ খ ম আবু বক্কর সিদ্দিককে নিয়ে তার স্মৃতিচারণে উঠে এসেছে একজন আদর্শ শিক্ষকের অনন্য প্রতিচ্ছবি।

একজন শিক্ষকের সঙ্গে শিক্ষার্থীর সম্পর্ক কেবল পাঠদান আর প্রাতিষ্ঠানিক শৃঙ্খলার মধ্যে সীমাবদ্ধ থাকে না। কোনো কোনো শিক্ষক শিক্ষার্থীর চিন্তা, মনন ও জীবন গঠনে এমন প্রভাব রাখেন, যা সময় ও দূরত্ব পেরিয়েও অমলিন থাকে। 

তেমনই এক শিক্ষকের সঙ্গে নিজের দীর্ঘ সাত বছরের স্মৃতি ও অভিজ্ঞতা তুলে ধরেছেন শাইখ মিজানুর রহমান আজহারী। তার সঙ্গে এ বিষয়ে কথা বলেছেন আল-আজহার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও তরুণ লেখক জাহেদুল ইসলাম আল রাইয়ান। 

দারুননাজাত সিদ্দিকীয়া কামিল মাদ্রাসার প্রিন্সিপাল আ খ ম আবু বক্কর সিদ্দিককে নিয়ে স্মৃতিচারণ করতে গিয়ে আজহারী তাকে অভিহিত করেছেন ‘Unparalleled Personality’ বা অতুলনীয় ব্যক্তিত্ব হিসেবে। 

তার মতে, হুজুরের ব্যক্তিত্ব, নেতৃত্ব, কথাবার্তা, কর্ম, সহকর্মী ও শিক্ষার্থীদের সঙ্গে আচরণ এবং প্রতিটি কাজে ইখলাসের এক অসাধারণ সমন্বয় রয়েছে।

আজহারীর ভাষায়, ‘হুজুরের কথাবার্তা ও কাজের মধ্যে রয়েছে অসাধারণ ভারসাম্য। তার নেতৃত্ব ও ব্যক্তিত্ব যেমন আকর্ষণীয়, তেমনি সহকর্মীদের সঙ্গে আচরণ এবং শিক্ষার্থীদের প্রতি আন্তরিকতাও মুগ্ধ করার মতো। প্রতিটি কাজে ইখলাসের প্রতিফলন দেখা যায়।

তার নসিহতেরও রয়েছে স্বতন্ত্র আবেদন। তিনি এমনভাবে কথা বলেন, যা শুধু শ্রোতার কানে পৌঁছায় না, হৃদয়েও গভীরভাবে রেখাপাত করে। তার আধ্যাত্মিকতা ব্যক্তিত্বকে দিয়েছে ভিন্ন এক উচ্চতা। তাকে দেখলে কিংবা তার সঙ্গে কথা বললে একজন আল্লাহওয়ালা, পরোপকারী ও কল্যাণকামী মানুষের প্রতিচ্ছবি ফুটে ওঠে।

চাইলে তিনি বড় বক্তা, লেখক কিংবা গণমাধ্যম ব্যক্তিত্ব হতে পারতেন। কিন্তু সেসব পরিচয়ের মোহে না জড়িয়ে নিজেকে নিবেদিত রেখেছেন শিক্ষা অঙ্গনের বৃহত্তর মিশনে। নীরবে-নিভৃতে সেই মিশনে তার অবিচল পথচলাই তাকে অনন্য করেছে।’

দারুননাজাতের অগ্রযাত্রায় তার অবদান কীভাবে দেখেন?

নব্বইয়ের দশক থেকে ২০২০ সাল পর্যন্ত দারুননাজাত সিদ্দিকীয়া কামিল মাদ্রাসাকে যে অবস্থানে নিয়ে আসা হয়েছে, তা প্রিন্সিপাল আ খ ম আবু বক্কর সিদ্দিকের দীর্ঘ শ্রম, দূরদর্শিতা, প্রজ্ঞা ও নিবেদনের ফল বলে মনে করেন আজহারী।

একটি শিক্ষাপ্রতিষ্ঠানকে সমৃদ্ধ করা মানে শুধু অবকাঠামোগত উন্নয়ন নয়। এর সঙ্গে জড়িয়ে থাকে শিক্ষার পরিবেশ, শৃঙ্খলা, শিক্ষক-শিক্ষার্থীর সম্পর্ক এবং আদর্শ প্রজন্ম গড়ে তোলার প্রত্যয়। 

দারুননাজাতের অগ্রযাত্রায় এসবের সমন্বয় ঘটেছে বলেই প্রতিষ্ঠানটি স্বতন্ত্র পরিচিতি অর্জন করেছে।

শিক্ষার্থী থাকাকালে হুজুরের সঙ্গে সম্পর্ক কেমন ছিল?

আজহারীর স্মৃতিচারণে সবচেয়ে আবেগঘন হয়ে উঠেছে শিক্ষক-শিক্ষার্থীর সম্পর্কের ব্যক্তিগত অধ্যায়। শিক্ষার্থী থাকাকালে প্রিন্সিপাল হুজুর তাকে বিশেষ স্নেহ করতেন। বিভিন্ন বিষয়ে ডাকতেন, মতামত জানতে চাইতেন এবং অতিথিদের সামনে বক্তব্য দেওয়ার সুযোগ করে দিতেন।

শুধু পড়াশোনার খোঁজই নিতেন না, তার শারীরিক অবস্থা, ব্যক্তিগত জীবন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও কথা বলতেন। কীভাবে আরও ভালো করা যায়, কীভাবে জাতীয় পর্যায়ে অবদান রাখা যায়, সেসব বিষয়ে পরামর্শ দিতেন।

একজন শিক্ষার্থীর ভেতরে সুপ্ত সম্ভাবনা আবিষ্কার করে তাকে বিকশিত করার যে বিরল দক্ষতা একজন আদর্শ শিক্ষকের থাকা প্রয়োজন, হুজুরের মধ্যে আজহারী তারই প্রতিফলন দেখেছেন।

হুজুরের ডাক পেলে ভয় লাগত

আজহারীর স্মৃতিতে রয়েছে মজার এক অভিজ্ঞতা। হুজুরের ডাক পেলে একসময় তার মনে ভয় কাজ করত। মাগরিবের পর পড়তে বসেছেন, এমন সময় খবর আসত প্রিন্সিপাল হুজুর ডাকছেন। মনে নানা আশঙ্কা জাগত।

অথচ সেই ভয়ের আড়ালেই ছিল একধরনের আনন্দ। কারণ, হুজুর তাকে কাছে রাখতে চাইতেন, তার সঙ্গে কথা বলতে চাইতেন। কখনো কখনো দীর্ঘ সময় দাঁড়িয়ে দাঁড়িয়েই চলত আলোচনা ও নসিহত। এশার আজান হয়ে গেলেও কথোপকথন শেষ হতো না।

একপর্যায়ে হুজুর নিজেই বলতেন, ‘অনেক কথা বলে ফেললাম। ঠিক আছে মিজান, এখন যাও।’ আজহারীর স্মৃতিতে এসব মুহূর্ত আজও অমলিন।

হুজুরের শাসনের ধরন কেমন ছিল?

দারুননাজাত সিদ্দিকীয়া কামিল মাদ্রাসার প্রিন্সিপাল আ খ ম আবু বক্কর সিদ্দিকের শাসনের মধ্যেও ছিল স্নেহের গভীর পরশ। ভুল করলে ধরিয়ে দিতেন, প্রয়োজনীয় সংশোধন করতেন। তবে সেই শাসনের অন্তরালে থাকত শিক্ষার্থীর কল্যাণের আকাঙ্ক্ষা।

নসিহতের পর তিনি বুঝিয়ে দিতেন, তার কথাকে অন্যভাবে নেওয়ার সুযোগ নেই। ভালোবেসেই শিক্ষার্থীর মঙ্গলের জন্য কথাগুলো বলেছেন। এই মমত্ববোধই তাঁর শাসনকে পরিণত করেছিল ভালোবাসার ভাষায়।

কোনো বিশেষ স্মৃতি কি এখনো মনে দাগ কাটে?

আজহারীর স্মৃতিতে বিশেষ স্থান দখল করে আছে প্রিন্সিপাল আ খ ম আবু বক্কর সিদ্দিকের একটি আবেগঘন কথা।

কামারখোলায় ছারছিনার নতুন খানকার একটি অনুষ্ঠানে পরীক্ষার কারণে তারা যেতে পারেননি। পরে হুজুর তাকে জানিয়েছিলেন, মাহফিলের রাতে তাহাজ্জুদে কিংবা মোনাজাতে হাত তুললেই তার চেহারা চোখের সামনে ভেসে ওঠে।

একজন শিক্ষকের মুখে এমন স্নেহমাখা স্বীকারোক্তি একজন শিক্ষার্থীর কাছে কত বড় প্রাপ্তি, তা সহজেই অনুমেয়। আজহারীর কাছে এটি ছিল জীবনের অন্যতম সৌভাগ্যময় স্মৃতি।

শিক্ষাসফরের স্মৃতিও আজহারীর বর্ণনায় পেয়েছে ভিন্ন মাত্রা। আনুষ্ঠানিকতার আবরণ সরিয়ে তখন হুজুর হয়ে উঠতেন আরও সহজ, আন্তরিক ও স্নেহশীল।

পাহাড়ে ওঠার সময় শিক্ষার্থীদের হাত ধরতেন, তাদের সঙ্গে আনন্দ ভাগ করে নিতেন। বিভিন্ন দর্শনীয় স্থান সম্পর্কে জানতে চাইতেন। মিজানকে মাইক্রোফোন হাতে দিয়ে বক্তব্য দেওয়ার সুযোগ করে দিতেন।

এভাবেই তিনি শিক্ষার্থীদের আত্মবিশ্বাসী করে তুলতেন এবং তাদের ভেতরের সম্ভাবনাকে জাগিয়ে দিতেন।

শিক্ষক হিসেবে প্রিন্সিপাল আ খ ম আবু বক্কর সিদ্দিককে কীভাবে মূল্যায়ন করবেন?

শাইখ মিজানুর রহমান আজহারীর স্মৃতিচারণে আ খ ম আবু বক্কর সিদ্দিকের যে প্রতিচ্ছবি ফুটে উঠেছে, তা একজন প্রাতিষ্ঠানিক প্রধানের পরিচয়কে ছাড়িয়ে একজন আদর্শ শিক্ষাগুরুর বহুমাত্রিক সত্তাকে তুলে ধরে।

তার মধ্যে যেমন রয়েছে দূরদর্শী নেতৃত্ব, তেমনি রয়েছে শিক্ষার্থীদের প্রতি গভীর মমতা। যেমন রয়েছে শৃঙ্খলা প্রতিষ্ঠার দৃঢ়তা, তেমনি রয়েছে মানুষের হৃদয় জয় করার অসাধারণ সক্ষমতা।

একজন শিক্ষকের জীবনের সবচেয়ে বড় সার্থকতা হয়তো এখানেই, শিক্ষার্থীরা দূরদেশে, ভিন্ন ভুবনে প্রতিষ্ঠিত হওয়ার পরও তার শিক্ষা, স্নেহ ও নসিহত হৃদয়ে ধারণ করে রাখে। সময়ের ব্যবধানে শ্রেণিকক্ষ বদলায়, প্রজন্ম বদলায়; কিন্তু কিছু শিক্ষকের অবদান শিক্ষার্থীদের স্মৃতিতে অম্লান থাকে।

আ খ ম আবু বক্কর সিদ্দিকের প্রতি তার প্রাক্তন শিক্ষার্থী শাইখ মিজানুর রহমান আজহারীর এই শ্রদ্ধা, ভালোবাসা ও স্মৃতিচারণ তেমনই এক শিক্ষক-শিক্ষার্থী সম্পর্কের অনুপম সাক্ষ্য।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

দেশে মাহফিলের ঘোষণা দিলেন আজহারী

দেশে মাহফিলের ঘোষণা দিলেন আজহারী

স্বামী-স্ত্রীর পারস্পরিক দায়িত্ব নিয়ে যে বার্তা দিলেন আজহারী

স্বামী-স্ত্রীর পারস্পরিক দায়িত্ব নিয়ে যে বার্তা দিলেন আজহারী

মাদরাসায় শিশু সুরক্ষায় কঠোর নীতিমালা ও জবাবদিহি জরুরি: আজহারী

মাদরাসায় শিশু সুরক্ষায় কঠোর নীতিমালা ও জবাবদিহি জরুরি: আজহারী

শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষকদের আচরণের সুস্পষ্ট সীমারেখা নির্ধারণ করা জরুরি

মিজানুর রহমান আজহারী শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষকদের আচরণের সুস্পষ্ট সীমারেখা নির্ধারণ করা জরুরি

ছোটবেলার যে আকাঙ্ক্ষা পূরণ হলো আজহারীর

ছোটবেলার যে আকাঙ্ক্ষা পূরণ হলো আজহারীর

মক্কা-মদিনায় হামলার ঘটনায় ফেসবুক পোস্টে যা লিখলেন আজহারী

মক্কা-মদিনায় হামলার ঘটনায় ফেসবুক পোস্টে যা লিখলেন আজহারী

আরও পড়ুন

উস্তাদকে নিয়ে আজহারীর আবেগঘন স্মৃতিচারণ, জানালেন সাত বছরের স্মৃতি

উস্তাদকে নিয়ে আজহারীর আবেগঘন স্মৃতিচারণ, জানালেন সাত বছরের স্মৃতি

ইসলামী ব্যাংক কি পুরোপুরি সুদমুক্ত, এতে লেনদেন কি জায়েজ?

ইসলামী ব্যাংক কি পুরোপুরি সুদমুক্ত, এতে লেনদেন কি জায়েজ?

চাচার ছেলে নেই, ভাতিজারা কি সম্পত্তির উত্তরাধিকারী হবেন?

চাচার ছেলে নেই, ভাতিজারা কি সম্পত্তির উত্তরাধিকারী হবেন?

‘স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত’— আসলে কী বলছে ইসলাম?

‘স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত’— আসলে কী বলছে ইসলাম?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম