অগ্ন্যাশয় ক্যানসার: মৃত্যুর ঝুঁকি কমাতে পারে যে ওষুধ
Advertisement
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৬, ০৯:৩৭ পিএম
প্রতীকী ছবি
|
ফলো করুন |
|
|---|---|
ক্যানসার চিকিৎসায় এবার উন্মোচিত হলো নতুন এক দিগন্ত। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রে পরিচালিত একটি ক্লিনিকাল ট্রায়ালে দাবি করা হয়েছে, অগ্ন্যাশয়ের ক্যানসারে আক্রান্ত রোগীদের জন্য তৈরি একটি নতুন বড়ি বা পিল প্রচলিত কেমোথেরাপির চেয়ে অনেক বেশি কার্যকর এবং জীবন রক্ষাকারী হতে পারে।
অগ্ন্যাশয়ের ক্যানসারকে সাধারণত সবচেয়ে আক্রমণাত্মক এবং প্রাণঘাতী ক্যানসারগুলোর একটি হিসেবে বিবেচনা করা হয়। কিন্তু নতুন এ উদ্ভাবন সেই কঠিন পরিস্থিতির মোড় ঘুরিয়ে দিতে পারে বলে আশা করা হচ্ছে।
গবেষণার তথ্য অনুযায়ী, প্রতিদিন একবার সেবনযোগ্য ‘ড্রেক্সনরাসিব’ নামক এ ওষুধ গ্রহণকারী রোগীদের ক্ষেত্রে মৃত্যুর ঝুঁকি প্রচলিত কেমোথেরাপির তুলনায় ৬০ শতাংশ পর্যন্ত কমে গেছে। এই ওষুধটি মূলত ক্যানসারের শেষ ধাপে থাকা রোগীদের ওপর পরীক্ষা করা হয়েছে।
৫০০ জন অংশগ্রহণকারীর ওপর পরিচালিত ‘ফেজ-৩’ ট্রায়াল থেকে এই চমকপ্রদ ফলাফল পাওয়া গেছে।
গবেষকদের মতে, এটি কেমোথেরাপির তুলনায় অনেক কম শারীরিক কষ্টদায়ক। কেমোথেরাপিতে রোগীদের যে চরম দুর্বলতা ও পার্শ্বপ্রতিক্রিয়া ভোগ করতে হয়, এ পিলের ক্ষেত্রে তা অনেকটাই কম।
হার্ভার্ড মেডিকেল স্কুলের অধ্যাপক ব্রায়ান ওলপিন জানিয়েছেন, এমনকি যাদের ক্যানসার কেমোথেরাপি নেওয়ার পরও দ্রুত ছড়িয়ে পড়ছে, তাদের জন্য এ ওষুধটি নতুন আশার আলো হয়ে দাঁড়িয়েছে।
অগ্ন্যাশয়ের ক্যানসারের প্রাথমিক লক্ষণ সহজে ধরা পড়ে না বলে এটি নির্ণয় করতে অনেকটা দেরি হয়ে যায়। ফলে চিকিৎসায় সাফল্যের হারও থাকে অত্যন্ত কম। এমন পরিস্থিতিতে এ নতুন ওষুধটি রোগীদের বেঁচে থাকার হার বাড়ানোর পাশাপাশি তাদের জীবনের গুণমান বজায় রাখতে সাহায্য করবে।
ক্যানসার বিশেষজ্ঞরা মনে করছেন, ‘ড্রেক্সনরাসিব’ যদি চূড়ান্ত অনুমোদন পায়, তবে এটি হবে ক্যানসার চিকিৎসার ইতিহাসে একটি মাইলফলক। এটি কেবল বেঁচে থাকার সম্ভাবনাকেই বাড়াবে না বরং রোগীদের কেমোথেরাপির যন্ত্রণাদায়ক প্রক্রিয়া থেকে মুক্তি দিয়ে একটি সহজতর নিরাময় পদ্ধতির পথ দেখাবে।
সূত্র: সামা টিভি

