Logo
Logo
×
   

লাইফ স্টাইল

যেভাবে খোসা ছাড়ালে আদার কোনো অংশ নষ্ট বা অপচয় হবে না

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬, ০৩:২৭ পিএম

যেভাবে খোসা ছাড়ালে আদার কোনো অংশ নষ্ট বা অপচয় হবে না

রান্নায় সামান্য আদা বাটা বা কুচি যোগ করলেই খাবারের স্বাদ ও গন্ধ অনেকটাই বদলে যায়। কিন্তু আদার খোসা ছাড়ানো বেশ ঝামেলার কাজ। এর অসমান ও আঁকাবাঁকা আকৃতির কারণে ছুরি বা পিলার ব্যবহার করতে গিয়ে খোসার সঙ্গে আদার বেশ কিছু অংশও উঠে যায়। তবে কয়েকটি সহজ কৌশল জানা থাকলে খুব কম অপচয়েই আদার খোসা পরিষ্কার করা সম্ভব।

চামচ ব্যবহার করুন

আদার খোসা ছাড়ানোর সবচেয়ে সহজ উপায় হতে পারে একটি সাধারণ স্টিলের চামচ।
যেভাবে করবেন: এক হাতে আদা ধরে অন্য হাতে চামচের উলটো দিক দিয়ে আদার গায়ে হালকা করে ঘষুন। এতে পাতলা খোসা উঠে যাবে।
কেন সুবিধাজনক: চামচের সাহায্যে শুধু বাইরের আবরণটুকুই সরানো যায়। ফলে আদার ভেতরের অংশ নষ্ট হওয়ার আশঙ্কা কম থাকে। পাশাপাশি ছোট ছোট খাঁজ ও বাঁক থেকেও সহজে খোসা পরিষ্কার করা যায়।

আদা ছোট টুকরো করে নিন

বড় ও আঁকাবাঁকা আদা একসঙ্গে ছাড়াতে গেলে বেশি অংশ কেটে ফেলার সম্ভাবনা থাকে। তাই খাঁজ বরাবর আদাকে ছোট ছোট টুকরো করে নেওয়া ভালো।
ছোট টুকরো হলে প্রতিটি অংশ হাতে ধরে সহজে চামচ দিয়ে খোসা ছাড়ানো যায়। আর রান্নায় যতটুকু প্রয়োজন, শুধু ততটুকুই পরিষ্কার করা সম্ভব। বাকি আদা খোসাসহ সংরক্ষণ করা যাবে।

দ্রুত কাজের জন্য পিলার

একসঙ্গে অনেকটা আদা পরিষ্কার করতে হলে ভেজিটেবল পিলার ব্যবহার করা যেতে পারে। তবে পিলারটি ধারালো হওয়া জরুরি।
আদার গায়ে বেশি চাপ না দিয়ে হালকা হাতে পিলার চালাতে হবে। এতে দ্রুত খোসা ছাড়ানো যায়। তবে সাবধান না হলে খোসার সঙ্গে কিছুটা আদাও উঠে যেতে পারে।

সবসময় খোসা ছাড়ানোর দরকার নেই

অনেক ক্ষেত্রেই আদার খোসা ছাড়ানো অপরিহার্য নয়। চা, গ্রেট করা আদা, মাংস ম্যারিনেট করা কিংবা আদার পেস্ট তৈরির সময় ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে খোসাসহ ব্যবহার করা যায়।

আদা ব্যবহারের আগে অবশ্যই মাটি ও ধুলোবালি ভালোভাবে ধুয়ে নিতে হবে। এতে খোসা ছাড়ানোর ঝামেলা যেমন কমবে, তেমনই সময় ও আদার অপচয়—দুটিই রোধ করা সম্ভব।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম