আজওয়াইন পানির সঙ্গে এক চিমটি বিট লবণ, পাবেন বাড়তি উপকার
Advertisement
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৬ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
অতিরিক্ত খাওয়ার পর পেট ফাঁপা বা ব্লোটিং একটি সাধারণ সমস্যা। কারণ অতিরিক্ত খাবার হজমতন্ত্রের ওপর প্রভাব ফেলে। পেট ফাঁপা কমাতে ব্যবহৃত সবচেয়ে প্রচলিত ঐতিহ্যবাহী উপায়গুলোর একটি হলো আজওয়াইনের পানি। প্রজন্মের পর প্রজন্ম ধরে এই পানির ব্যবহার হয়ে আসছে।
এটি পেট ফাঁপা কমাতে এবং হজমে সহায়তা করে। তবে এই পানির সঙ্গে আরও একটি উপাদান যোগ করলে হজমতন্ত্রে এর প্রভাব আরও বাড়তে পারে। সেটি হলো এক চিমটি বিট লবণ।
ইন্টারন্যাশনাল জার্নাল অব রিসার্চ পাবলিকেশন অ্যান্ড রিভিউয়ে প্রকাশিত একটি গবেষণায় দেখা গেছে, এক চিমটি লবণ মেশানো আজওয়াইনের পানি হজমের জন্য কার্যকর ঘরোয়া উপাদান হতে পারে। এই দুই উপাদানের সম্মিলিত প্রভাব ইন্দ্রিয় ও হজমতন্ত্রের ওপর কাজ করে।
আজওয়াইনের বীজ হজমের অস্বস্তি এবং পেট ফাঁপা কমাতে সাহায্য করে। অন্যদিকে বিট লবণ হজমতন্ত্রে উপস্থিত ক্ষতিকর জীবানু দমনে সহায়তা করে।
সকালে খালি পেটে আজওয়াইন খাওয়া পরিপাকতন্ত্র এবং মেটাবলিজম উন্নত করতে সবচেয়ে বেশি কার্যকর ভূমিকা রাখে। ঘুম থেকে ওঠার পর পাকস্থলী খালি থাকা অবস্থায় এর সক্রিয় উপাদান থাইমল খুব দ্রুত কাজ শুরু করে, যা সারাদিনের হজম প্রক্রিয়াকে সচল ও উন্নত রাখতে সাহায্য করে।
খালি পেটে আজওয়াইন খাওয়ার উপকারিতা
খালি পেটে আজওয়াইন খেলে পেটের গ্যাস, বুক জ্বালাপোড়া এবং এসিডিটির সমস্যা নিমেষেই দূর করে। এর পাচক রস নিঃসরণ করার ক্ষমতা অন্ত্রের কার্যকারিতা বাড়ায়। যারা দীর্ঘদিন ধরে কোষ্ঠকাঠিন্য বা পেট ফাঁপার সমস্যায় ভুগছেন, তারা নিয়মিত সকালে এটি খেলে দারুণ উপকার পান।
ওজন ও মেদ কমানোর যাত্রায় খালি পেটে আজওয়াইনের পানি একটি চমৎকার ডিটক্স ড্রিংক হিসেবে কাজ করে। এটি শরীরের বিপাক হার বা মেটাবলিজম বহুগুণ বাড়িয়ে দেয়, যার ফলে শরীরের অতিরিক্ত চর্বি দ্রুত পুড়তে শুরু করে এবং ওজন নিয়ন্ত্রণ করা অনেক সহজ হয়ে যায়।
এছাড়াও আজওয়াইনের শক্তিশালী অ্যান্টি-ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি-ইনফ্লেমেটরি গুণাবলী শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। বিশেষ করে যাদের সকালে ঘুম থেকে উঠলে সর্দি-কাশি, সাইনাস বা শ্বাসকষ্টের সমস্যা হয়, তারা খালি পেটে কুসুম গরম আজওয়াইনের পানি খেলে শ্বাসনালী পরিষ্কার হয় এবং বুকে জমে থাকা কফ দূর হয়।
আজওয়াইনের সঙ্গে বিট লবণ মেশালে কী পরিবর্তণ হয়
আজওয়াইন এবং বিট লবণ একসঙ্গে মিশিয়ে খেলে আমাদের শরীরে মূলত একটি শক্তিশালী পাচক ও গ্যাসনাশক উদ্দীপক তৈরি হয়, যা পরিপাকতন্ত্রের কার্যক্ষমতা দ্রুত বাড়িয়ে দেয়। আজওয়াইনের মধ্যে থাকা সক্রিয় উপাদান থাইমল পাকস্থলীর ভেতরের পাচক রস এবং প্রয়োজনীয় এনজাইমের নিঃসরণ বহুগুণ বাড়িয়ে দেয়, যা খাবারকে দ্রুত হজম করতে সাহায্য করে।
একই সঙ্গে, বিট লবণের ক্ষারীয় উপাদান ও প্রাকৃতিকভাবে থাকা খনিজগুলো পাকস্থলীর অতিরিক্ত অ্যাসিডকে প্রশমিত করে। এর ফলে ভারী খাবার খাওয়ার পর যে অস্বস্তি, পেট ফাঁপা বা বুক জ্বালাপোড়া তৈরি হয়, তা দ্রুত কমে যায় এবং পেটে জমে থাকা গ্যাস সহজেই শরীর থেকে বের হয়ে যায়।
ভেষজ চিকিৎসার দিক থেকে বিচার করলে, এই মিশ্রণটি অন্ত্রের বা পেটের ভেতরের পেশির খিঁচুনি ও মোচড়ানো ভাব দূর করতে অত্যন্ত কার্যকরী। এটি অন্ত্রের স্বাভাবিক নড়াচড়া সচল রেখে কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করে এবং যাদের খাবারে অরুচি রয়েছে, তাদের ক্ষুধা বাড়াতে সাহায্য করে।
তবে মনে রাখা জরুরি যে, বিট লবণে সোডিয়াম থাকায় উচ্চ রক্তচাপের রোগীদের ক্ষেত্রে এটি সীমিত পরিমাণে খাওয়া উচিত এবং অতিরিক্ত সেবনে পেটে উল্টো জ্বালাপোড়া হতে পারে।
